ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: বিসিবি
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ঘোষিত এই দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।
স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন আলিস আল ইসলাম। সবশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন তিনি। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও নেই পেসার নাহিদ রানা।
দলে রয়েছেন তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
ত্রিদেশীয় এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে (জেডসিএস) অনুষ্ঠিত হবে ম্যাচটি।
১৯ অক্টোবর একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (এসসিএস) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
এক নজরে সূচি
১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে- আবুধাবি
১৯ অক্টোবর: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে- আবুধাবি
২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ- শারজাহ
২৩ অক্টোবর: ফাইনাল- শারজাহ