× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে অশ্রুসিক্ত বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ০৮:৩৭ এএম

৮৫ হাজারের বেশি দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল বুয়েনস আয়ার্সের ইস্তাদিও মনুমেন্টাল। ছবি: রয়টার্স

৮৫ হাজারের বেশি দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল বুয়েনস আয়ার্সের ইস্তাদিও মনুমেন্টাল। ছবি: রয়টার্স

আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নেমেই আবেগঘন বিদায় নিলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে নিজের ২০৮তম ও শেষ ম্যাচে গোল করে বিদায়ের চিত্রনাট্য যেন পূর্ণ করলেন আর্জেন্টাইন মহাতারকা।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে মেসি করেছেন একটি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি মেসির জন্য ছিল আবেগে ভরা এক রাত। ম্যাচ শুরুর আগেই চোখে পানি দেখা যায় ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির। স্টেডিয়ামে ঢোকার পথে সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়ে কাঁদতে দেখা যায় তাকে। পরে আর্জেন্টিনার জাতীয় সংগীতের সময় মেসি ও কোচ লিওনেল স্কালোনির চোখেও ছিল অশ্রু।

ম্যাচটিকে আগেই ‘দ্য লাস্ট ট্যাঙ্গো’ নাম দেওয়া হয়েছিল। ৮৫ হাজারের বেশি দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল বুয়েনস আয়ার্সের ইস্তাদিও মনুমেন্টাল। ম্যাচের ১০ মিনিটে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মান জানায় আর্জেন্টিনার কিংবদন্তি ১০ নম্বর জার্সিধারীকে। বেনিনের খেলোয়াড়রাও একে একে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলান।

তবে আবেগের রাতটিকে আরও বিশেষ করে তুলতে গোলও করলেন মেসি। ৭১ মিনিটে পেনাল্টি থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম গর্জে ওঠে-‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে মনুমেন্টাল।

গোলের আগে অবশ্য বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। তবে ৪৮ মিনিটে তার নেওয়া কর্নার থেকেই নিকোলাস ওতামেন্দি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন।

এরপর ৭১ মিনিটে বেনিনের বক্সে অগাস্তিন জিয়াই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে বল জালে জড়িয়ে দেন মেসি। বেনিনের গোলরক্ষক ভুল দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা নিয়ে গেলেন ১২৬-এ। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও এখন তারই দখলে।

এরপর আসে আরও একটি মেসি-জাদু। বাম দিক থেকে তার বাড়ানো বল পেয়ে নিকো পাজ বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন। ফলে বিদায়ী ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন মেসি।

মেসির বিদায়ের রাতটি অবশ্য শুধু তার জন্যই ছিল না। আর্জেন্টিনার ৩৮ বছর বয়সী ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিরও ছিল জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। গোল করার কিছুক্ষণ পরই তাকে মাঠ থেকে তুলে নেন স্কালোনি। গ্যালারি থেকে পান দাঁড়িয়ে অভিবাদন, সতীর্থরাও হাত মিলিয়ে বিদায় জানান তাকে।


শেষ বাঁশির সঙ্গে শেষ হয় শুধু আর্জেন্টিনা-বেনিন ম্যাচ নয়, আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ও। ম্যাচ শেষে ভারী কোনো আনুষ্ঠানিকতার বদলে উদ্‌যাপনের আবহ তৈরি করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আকাশে দেখা যায় ড্রোন শো, যেখানে ভেসে ওঠে ‘গ্রেসিয়াস লিও’  - অর্থাৎ ‘ধন্যবাদ লিও’।

পরে গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তি পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘ব্রিনদিস’। হাসিমুখে সেই আয়োজন উপভোগ করেন মেসি। এরপর সবাই অপেক্ষায় থাকে তার বিদায়ী বক্তব্য শোনার জন্য।

মাইক্রোফোন হাতে নিয়ে আবেগঘন বক্তব্যে মেসি বলেন, দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সি পরা তার জন্য ছিল বিরাট গর্বের বিষয়। সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা তার বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের স্বপ্ন পূরণ করেছেন।

বিদায়ী বক্তব্যের শেষদিকে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, “আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না। আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না। আমি আপনাদের সবাইকে ভালোবাসি, আর আপনাদের সবাইকে আমি খুব মিস করব। আমি একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমি নিজের স্বপ্নপূরণ করতে পেরে সত্যি গর্বিত”।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসির পরিসংখ্যানও হয়ে থাকল অনন্য- ২০৮ ম্যাচে ১২৬ গোল। জাতীয় দলের হয়ে তার সবচেয়ে গৌরবময় অধ্যায় আসে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আরেকটি কোপা আমেরিকা জিতে পূর্ণ করেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

বিশ্বকাপে মেসির গোল ২১টি। তিনি খেলেছেন রেকর্ড ছয়টি বিশ্বকাপ। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ ও গোল- দুই ক্ষেত্রেই কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো তার চেয়ে এগিয়ে।

আন্তর্জাতিক ফুটবলের মঞ্চ থেকে বিদায় নিলেও মেসির ফুটবলযাত্রা থামছে না। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

এক গোল, দুই অ্যাসিস্ট, দলের জয় আর অশ্রুসিক্ত বিদায়- একজন কিংবদন্তির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাত এর চেয়ে সুন্দর আর কীভাবেই বা হতে পারত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা