প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩০ পিএম
এশিয়ান গেমসে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
১১ দিনের ব্যবধানে আবারও ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসেও শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
বাংলাদেশ সময় রবিবার বেলা ১১টায় চীনের আইচি প্রিফেকচারে মুখোমুখি হবে দুই দল। এর আগে গত ১০ সেপ্টেম্বর এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছিল টাইগ্রেসরা।
প্রথমে ব্যাট করে ভারত ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছিল ১০৯ রানে। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে সেই হারের পর ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার সুযোগ নিগার সুলতানা জ্যোতিদের সামনে।
এশিয়ান গেমসে বাংলাদেশ ও ভারতÑ দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। তবে বৃষ্টির কারণে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। পরে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।
অন্যদিকে জাপানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ভারত। জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে মাত্র ১৯.৫ ওভারে ৫৭ রানে অলআউট হয় স্বাগতিক দল। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। ভারতের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শেফালি ভার্মা। মাত্র ১৫ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন তিনি।
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ৮৬ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ১৬০ রান সংগ্রহ করে তারা। জবাবে ২০ ওভারে ৭৪ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস।
এ ছাড়া থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা অস্বস্তি রয়েছে বাংলাদেশের শিবিরে। শেষ চারের বাকি তিন দলই কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছে। বৃষ্টির কারণে বাংলাদেশ সেই সুযোগ পায়নি। ফলে আইচি প্রিফেকচারের ভেন্যুর উইকেট ও স্থানীয় কন্ডিশনের সঙ্গে সরাসরি মানিয়ে নেওয়ার সুযোগ হয়নি জ্যোতিদের।
সেমিফাইনালে এই বিষয়টি বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে এশিয়া কাপের হারের পর এবার ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। তবে পরাজিত দলও পদকের লড়াই থেকে ছিটকে যাবে না। তাদের খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।