আগামী বছরের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
অবশেষে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী বছরের মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের তিনটি ম্যাচই হবে কাঠমান্ডুতে ২৬, ২৮ ও ৩০ মার্চ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার জানিয়েছে, নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহত ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হিসেবে সিরিজটিকে দেখছে বিসিবি। নেপাল সফরের বিষয়ে আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির বৈঠকের পর।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ভাণ্ডারি। সেখানে বাংলাদেশ দলের নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নেপালে প্রাণহানির ঘটনায় শোক ও সহমর্মিতা জানিয়েছে বিসিবি। নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সিরিজটি উৎসর্গ করার বিষয়টিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, তিন ম্যাচের এই সিরিজের মাধ্যমে শোকের সময়ে ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশ ও নেপাল একসঙ্গে আসার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সংহতির বার্তাও দেওয়া সম্ভব হবে। শুধু আন্তর্জাতিক সিরিজ আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতার পরিকল্পনা।
নেপালের ক্রিকেটের উন্নয়নে দেশটির ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। ভবিষ্যতে দুই দেশের পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।