× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৭ পিএম

নিগার সুলতানা জ্যোতি। ছবি: আইসিসি

নিগার সুলতানা জ্যোতি। ছবি: আইসিসি

আসন্ন এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন এই উইকেটকিপার-ব্যাটার।

আইসিসির সাম্প্রতিক কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ নারী দল। এর প্রভাব পড়েছে অধিনায়ক জ্যোতির ওপরও। দলের ফলাফলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাট হাতেও সেরা ছন্দে ছিলেন না তিনি। সব মিলিয়ে নেতৃত্বের চাপ কিছুটা কমিয়ে ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান জ্যোতি।

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কারণ হিসেবে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বিসিবিকে ই-মেইলের মাধ্যমে সিদ্ধান্তটি জানান জ্যোতি। তবে তার পদত্যাগ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড। নারী দল দেশে ফেরার পর জ্যোতির সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় তার মেইল পেয়েছি। তার এই মেইল পেয়ে আমি হতাশ হয়েছি, এশিয়ান গেমসের আগে তার এই সিদ্ধান্ত আমাকে অবাক করেছে। এশিয়ান গেমস এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট, এর মধ্যে এমন সিদ্ধান্ত ঠিক হয়নি। তবে দেশে ফিরলে আবার কথা বলব। তার পর সিদ্ধান্ত নেব।’

২০২২ সাল থেকে টানা বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন জ্যোতি। তার অধিনায়কত্বের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই আসরে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর নারী বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। 

দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা জ্যোতি হলেও দীর্ঘদিনের নেতৃত্বের চাপ ও তার অধিনায়কত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচনা বাড়ছিল। বিশেষ করে শক্তিশালী দলগুলোর বিপক্ষে বারবার একই ধরনের ব্যর্থতা সামনে আসায় নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছিল। সর্বশেষ এশিয়া কাপের পারফরম্যান্স সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা