সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: বাসস
ভারতের মাটিতে গত টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তকে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে বিসিবিও ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করেনি।
গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ এই ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওলি উল্যার নেতৃত্বাধীন কমিটিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
মঙ্গলবার প্রকাশিত ২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বিশ্বকাপে বাংলাদেশ না খেলার সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা নিয়ে মতবিরোধ, আইসিসি ও বিসিবির মধ্যে গভর্ন্যান্স-সংক্রান্ত টানাপোড়েন, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং ব্যর্থ আলোচনাকে বিভিন্ন মাত্রায় দায়ী করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, “তদন্তে পাওয়া তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের জন্য দায়ী করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল”।
তদন্ত কমিটির ভাষ্য, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবিকে চিঠি দিয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছিল। যদিও বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বোর্ড ওই সিদ্ধান্তের বিরোধিতা করেনি। তদন্তের অংশ হিসেবে কমিটি ১২ জনের সাক্ষাৎকার নেয়। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বিসিবির সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন।
এ ছাড়া সাবেক বিসিবি কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক, যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম এবং কয়েকজন ক্রীড়া সাংবাদিকের সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি। তবে বিতর্কের কেন্দ্রে থাকা আসিফ নজরুল ও তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কমিটির কাছে নাজমূল আবেদীন জানান, ক্রিকেটারদের বিশ্বকাপে যাওয়ার ইচ্ছা ছিল। তবে সরকার সিদ্ধান্ত নিলে বিসিবির পক্ষে সেটি অমান্য করা কঠিন ছিল।
অন্যদিকে, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ কমিটিকে জানিয়েছিলেন, বাংলাদেশের বিশ্বকাপে খেলা উচিত ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সে সময় বিসিবির ওপরও চাপ ছিল। ক্রীড়া সচিব বিসিবির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সরকারের সিদ্ধান্তের কারণে বোর্ড কার্যকরভাবে ভিন্ন অবস্থান নিতে পারেনি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্তের পর বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক আলোচনা হলেও টুর্নামেন্টের খুব কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয় বলে জানায় আইসিসি। এরপর বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি।
প্রতিবেদনের শেষ অংশে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিকেটকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা, বিসিবির স্বাধীনতা আরও শক্তিশালী করা, সংকটকালীন যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং ক্রিকেটারদের নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়া।
এ ছাড়া বিসিবি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি জাতীয় ক্রীড়া কূটনৈতিক কাঠামো তৈরির সুপারিশ করেছে তদন্ত কমিটি।
কমিটি জানায়, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্রিকেটার ও সমর্থকেরা। ভবিষ্যতে জাতীয় দলের অংশগ্রহণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো একজনের একক সিদ্ধান্তে না নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।