× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাধুলার উন্নয়নে ‘না’ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৮ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সোমবার আয়োজিত কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ভিডিও থেকে

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সোমবার আয়োজিত কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: ভিডিও থেকে

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

তিনি বলেছেন, শুধু আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া নয়, ভবিষ্যতে পদকের জন্য লড়াই করতে সক্ষম ক্রীড়াবিদ তৈরি করাই সরকারের লক্ষ্য।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সোমবার আয়োজিত কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আমিনুল বলেন, “খেলাধুলার উন্নয়নের জন্য আমার কাছে কোনো না শব্দ নেই”।


ক্রীড়াঙ্গনের যেকোনো সমস্যা সমাধানে তার সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে”।

ক্রীড়াবিদদের পেশাদারিত্বের জায়গা শক্তিশালী করতে সরকারের নেওয়া ক্রীড়া ভাতার কর্মসূচির কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, বর্তমানে ৩০০ খেলোয়াড় ক্রীড়া ভাতা পাচ্ছেন। চলতি মাসের শেষ দিকে আরও প্রায় ২০০ জনকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি যোগ্য রেফারি ও কোচদেরও ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।

আমিনুল বলেন, “ক্রীড়া ভাতার জন্য সরকার বছরে ৬০ কোটি টাকার বাজেট রেখেছে এবং লক্ষ্য অনুযায়ী ৫০০ জন ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনার কাজ চলছে”।

খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ তরুণদের পাশাপাশি অভিভাবকদেরও উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন আমিনুল হক। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনলাইন নিবন্ধন হয়েছিল। দ্বিতীয় আসরে ইতোমধ্যে নিবন্ধন ১৫ লাখ ছাড়িয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম আসরের জাতীয় পর্যায়ে ভালো করা প্রায় ৩০৬ ক্রীড়াবিদকে নিয়ে বিকেএসপিতে দুই মাসের প্রশিক্ষণ শুরু হবে। সেখান থেকে প্রতিভাবানদের বাছাই করে সরকারি খরচে প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্কুল পর্যায়েও খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “২০২৭ সালের শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক যুক্ত করা হচ্ছে”।

এশিয়ান গেমস প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশের লক্ষ্য এখন শুধু অংশগ্রহণ নয়; আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে এশিয়ান গেমস, অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে পদকের জন্য লড়াই করার মতো ক্রীড়াবিদ তৈরি করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা