মিউনিখ ফুটবল অ্যারেনা ও স্পটিফাই ক্যাম্প ন্যু। ছবি: এআই দিয়ে সম্পাদিত
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ও ২৯ সালের ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়েছে। ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে মিউনিখ ফুটবল অ্যারেনায় আর পরের বছরের মহারণ বসবে বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অবশ্য অনুষ্ঠিত হবে মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে।
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ মিউনিখ ফুটবল অ্যারেনা, স্পনসরশিপের কারণে যা অ্যালিয়াঞ্জ অ্যারেনা নামেও পরিচিত, এর আগে ২০২৫ ও ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক ছিল। তবে ২০২৯ সালের ফাইনালের মাধ্যমে ঠিক ৩০ বছর পর আবারও ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের মঞ্চ হবে ক্যাম্প ন্যু।
সর্বশেষ ১৯৯৯ সালে এই মাঠে ফাইনাল হয়েছিল। সেবার নাটকীয়ভাবে শেষ মুহূর্তের দুই গোলে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষমতার অ্যালিয়াঞ্জ অ্যারেনা ইতোমধ্যে বড় ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। অন্যদিকে, ২০২৩ সালে শুরু হওয়া ব্যাপক সংস্কারকাজের মধ্য দিয়ে যাচ্ছে ক্যাম্প ন্যু। দুই বছরেরও বেশি সময় নিজেদের মাঠের বাইরে খেলার পর গত নভেম্বরে ক্যাম্প ন্যুতে ফিরেছে বার্সেলোনা। তবে এখনও পুরোপুরি শেষ হয়নি সংস্কারকাজ।
বর্তমানে ক্যাম্প ন্যুর দর্শক ধারণক্ষমতা ৬২ হাজারে সীমাবদ্ধ। স্টেডিয়ামের তৃতীয় স্তরের কাজ এখনও বাকি, পাশাপাশি ছাদ নির্মাণও শেষ হয়নি। বার্সেলোনার ধারণা, সংস্কার শেষে স্টেডিয়ামটিতে একসঙ্গে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শক জায়গা করে নিতে পারবে। ২০২৭ সালের শেষ দিকে অথবা সর্বোচ্চ ২০২৮ সালের মধ্যে কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা।
এদিকে ২০২৮ ও ২৯ সালের উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যুও ঘোষণা করা হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে পার্ক অলিম্পিক লিওঁতে, আর ২০২৯ সালের ফাইনাল বসবে কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়াম অব ওয়েলসে। উয়েফা ইউরোপা লিগের ২০২৮ ও ২৯ সালের ফাইনাল হবে যথাক্রমে বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনা ও বেলগ্রেডের ন্যাশনাল স্টেডিয়াম সার্বিয়ায়। একই সময়ে উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে তুরিনের জুভেন্টাস স্টেডিয়াম ও বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।