প্রথমবারের মতো আফ্রিকার কোনো শহরে বসতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর। ছবি: অলিম্পিকস ডট কম
২০২৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের দৌড়ে লন্ডনকে পেছনে ফেলেছে কেনিয়ার রাজধানী নাইরোবি। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস কাউন্সিলের সভায় আয়োজক শহর হিসেবে নাইরোবির নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আফ্রিকার কোনো শহরে বসতে যাচ্ছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর।
বিশ্ব অ্যাথলেটিকসের সভাপতি সেবাস্তিয়ান কো বলেছেন, নাইরোবির প্রস্তাব ছিল ‘অসাধারণ ও আবেগঘন’।
তিনি বলেন, “২০২৯ ও ২০৩১ সালের আয়োজনের জন্য চারটি শক্তিশালী প্রস্তাব পাওয়া গিয়েছিল। তাই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে নাইরোবি নিজেদের সক্ষমতা ও প্রস্তুতি দিয়ে প্রমাণ করেছে, বিশ্ব অ্যাথলেটিকসকে আফ্রিকায় নেওয়ার এটাই উপযুক্ত সময়”।
কো আরও বলেন, “এশিয়া, আফ্রিকা ও ইউরোপে পরবর্তী তিনটি আসর আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে অ্যাথলেটিকসের প্রসার ঘটানোর লক্ষ্য পূরণ করতে চায় বিশ্ব অ্যাথলেটিকস। তাঁর মতে, আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে”।
২০২৯ সালের আয়োজক হওয়ার দৌড়ে লন্ডনের পাশাপাশি রোমও ছিল। অন্যদিকে, ২০৩১ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্ব পেয়েছে জার্মানির মিউনিখ। এটিও হবে শহরটির প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজক হওয়া।
নাইরোবি অবশ্য এর আগেও বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আয়োজনের চেষ্টা করেছিল। ২০২৫ সালের আসরের জন্য প্রস্তাব দিয়েও শেষ পর্যন্ত জাপানের টোকিওর কাছে হেরে যায় তারা। এবার অবশ্য আর হতাশ হতে হয়নি কেনিয়ার রাজধানীকে।
আয়োজনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নাইরোবি। ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনসের আগে শহরের কাসারানি স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে। এই অবকাঠামোগত উন্নয়নও নাইরোবির প্রস্তাবকে শক্তিশালী করেছে। অ্যাথলেটিকসেও কেনিয়ার শক্ত অবস্থান রয়েছে। ২০২৫ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সাতটি সোনাসহ মোট ১১টি পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় হয়েছিল দেশটি। এবার নিজেদের মাটিতে বিশ্বের সেরা অ্যাথলেটদের স্বাগত জানানোর অপেক্ষায় নাইরোবি।