ইউএস ওপেন
ফাইনালে দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
নিউইয়র্কে এসেছিলেন পায়ের চোটে এমন অবস্থায়, ব্যথা ছাড়া হাঁটাও কঠিন ছিল। সেই রিবাকিনাই এখন ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং টেনিসের নতুন বিশ্ব নাম্বার ওয়ান।
শনিবারের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন কাজাখস্তানের এলেনা রিবাকিনা।
এ নিয়ে চলতি বছর সাবালেঙ্কার বিপক্ষে দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফাইনালে জয় পেলেন রিবাকিনা। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও একই প্রতিপক্ষকে হারিয়েছিলেন তিনি। ইউএস ওপেনের ট্রফি হাতে নিয়ে রিবাকিনা বলেন, ‘মনে হচ্ছে আমার জন্য কিছু জাদুকরী ব্যাপার ঘটছে।’
অথচ টুর্নামেন্ট শুরুর আগেই বড় দুশ্চিন্তায় ছিলেন ২৭ বছর বয়সী এই তারকা। গত মাসে সিনসিনাটি ওপেনে ইগা শভিয়ন্তেকের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পায়ের চোট আরও বেড়ে যায়। নিউইয়র্কে পৌঁছে এমআরআই করানোর পরও পরিস্থিতি আশাব্যঞ্জক ছিল না।
রিবাকিনা বলেন, “আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। প্রতিদিন কীভাবে কাটবে, সেটাও জানতাম না। নিউইয়র্কে এসে এমআরআই করাই। ফলাফল খুব একটা ভালো ছিল না। পরের কয়েক দিন ব্যথা ছাড়া হাঁটতেও পারিনি”।
তবে অস্ট্রেলিয়ার একজন চিকিৎসকের সহায়তায় দলের সঙ্গে মিলে সুস্থতার পরিকল্পনা করেন তিনি। প্রায় এক সপ্তাহ কোর্টে অনুশীলন না করেও প্রতিদিন জিমে রিকভারি সেশন করেছেন। মানসিকভাবে চাঙ্গা থাকতে দলের সঙ্গে বাইরে খাওয়া ও সিনেমা দেখার মতো কাজও করেছেন।
এরপর ইউএস ওপেনে দুর্দান্ত ছন্দে এগিয়ে যান রিবাকিনা। প্রথম চার ম্যাচে একটি সেটও হারেননি। বিদায় করেছেন চারবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকেও। এরপর কোয়ার্টার ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েন, সেমিফাইনালে তৃতীয় বাছাই কোকো গফ এবং ফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন।
রিবাকিনা বলেন, “চোটের কারণে আমি খুব দুর্ভাগা ছিলাম। তবে নিজের পারফরম্যান্সে আমি খুব গর্বিত। এখনও বিশ্বাস করতে পারছি না”।
সেমিফাইনালে উঠেই বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেছিলেন রিবাকিনা। ফলে ফাইনালে সাবালেঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল আরও বিশেষ। কারণ এই ম্যাচের পর সাবালেঙ্কার জায়গাই দখল করবেন তিনি। ফাইনালের প্রথম সেটে রিবাকিনার অন্যতম বড় অস্ত্র সার্ভ প্রত্যাশামতো কাজ করেনি। প্রথম সার্ভ ঢুকেছে মাত্র ২৭ শতাংশ। তবু সার্ভ থেকে ৩০ পয়েন্টের মধ্যে ২২টি জিতে সেটটি ৬-৪ ব্যবধানে নিজের করে নেন তিনি। দ্বিতীয় সেটের শেষদিকে সাবালেঙ্কা রিবাকিনার সার্ভ ভেঙে ম্যাচে সমতা ফেরান। তবে নির্ধারক সেটে আর কোনো সুযোগ দেননি রিবাকিনা। সাবালেঙ্কা যখন হতাশায় ভেঙে পড়ছিলেন, তখনও রিবাকিনা ছিলেন অবিশ্বাস্য রকম শান্ত।
বিবিসি রেডিও ৫ লাইভে সাবেক ব্রিটিশ এক নম্বর অ্যানাবেল ক্রফট বলেন, “রিবাকিনা খুব শান্তভাবে হাঁটেন, মাথাও খুব একটা তোলেন না। তার কোনো আবেগই বোঝা যায় না। কোর্টে তাকে মেশিনের মতো মনে হয়”।
শিরোপা জয়ের মুহূর্তে অবশ্য কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলেন রিবাকিনা। ম্যাচ জয়ের জন্য সার্ভ করার সময় পরপর দুটি ডাবল ফল্ট করেন তিনি। কিন্তু ৪০-৩০ পয়েন্টে এসে নিজের ১২তম এস মেরে ম্যাচ শেষ করেন এই কাজাখ তারকা। শিরোপা নিশ্চিত হওয়ার পর তিনটি গ্র্যান্ডস্লাম জয়ের মধ্যে এবারই সবচেয়ে বড় উদযাপন করেছেন রিবাকিনা। হাসিমুখে দুই হাত ওপরে তুলে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন তিনি।