ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওভার-রেটের শাস্তিও পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম করায় তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট থেকে কাটা হয়েছে ১১ পয়েন্ট। পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে দলটিকে।
এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার এ তথ্য জানিয়েছে।
আইসিসি বলছে, ম্যাচে সময়ের সুযোগ-সুবিধা বিবেচনায় নেওয়ার পরও পাকিস্তান ১১ ওভার পিছিয়ে ছিল। এর ফলে বড় ধরনের পয়েন্ট হারাতে হয়েছে তাদের। ইংল্যান্ড সফর শেষে পাকিস্তানের ডব্লিউটিসি পয়েন্ট এখন মাত্র ৫, পয়েন্ট শতাংশ ৪.৬৩। এই পয়েন্ট নিয়ে ডব্লিউটিসির তালিকায় পাকিস্তানের অবস্থান আরও নাজুক হয়েছে। ৩০ পয়েন্ট ও ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক পিছিয়ে তারা। ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে হেডিংলিতে হারের পরই পাকিস্তান অষ্টম থেকে নবম স্থানে নেমে গিয়েছিল।
চলতি ডব্লিউটিসি চক্রে পাকিস্তানের সামনে এখনো দুটি সিরিজ বাকি। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। অন্যদিকে অক্টোবরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।