× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে আগ্রহী নন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৯:১৬ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: বাসস

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: বাসস

আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে পারে ব্রাজিল। এমন খবর আসার পর থেকেই দেশের ফুটবল ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তবে এই ম্যাচ আয়োজন আলোচনায় শুরুতেই জল ঢেলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

বক্সিং ফেডারেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মঙ্গলবার সংবাদকর্মীদের আমিনুল জানিয়েছেন, ব্রাজিলের সফরে অর্থ বিনিয়োগের মানসিকতা সরকারের নেই।

গত রবিবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঢাকা সফর করে গেছেন। ঢাকা জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন তারা। ঢাকার বেশ কটি পাঁচ তারকা হোটেলও দেখেছে প্রতিনিধি দল। 

কলকাতায় ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের পরপরই বাংলাদেশের সঙ্গে ঢাকায় ৬ অক্টোবর একটি প্রীতিম্যাচ খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। যদিও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বাংলাদেশ ফুটবল ফেডারেশন পায়নি, তবে প্রতিনিধি দলের এ সফর নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল ভক্তদের মাঝে। ঘরের মাঠে ভিনিসিয়ুস জুনিয়রদের নিজ দল বাংলাদেশের সঙ্গে দেখতে চান অনেকেই।

তবে এই ম্যাচ আয়োজনে প্রয়োজন বিশাল অঙ্কের অর্থ। বাফুফেকে এই ম্যাচ আয়োজন করতে সরকারের সহায়তাও লাগবে। তবে সরকার এ রকম ম্যাচ আয়োজনে খুব বেশি সহায়তা করতে পারবে না বলেই ইঙ্গিত দিয়েছেন আমিনুল হক।

তিনি বলেন, “এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমাদের সরকারের পক্ষে এ ধরনের অর্থ ব্যয় করা হয়তো সম্ভব হবে না। যেহেতু আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ্য করে সরকারের পক্ষে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের নেই”।


তবে আমিনুল হক জানান, অর্থ দিয়ে না হলেও সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত, “বাফুফের সঙ্গে যেহেতু ব্রাজিল প্রতিনিধিদলের কথা হয়েছে, তারা যদি বিভিন্ন স্পন্সর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব”।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, “ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনও খোলামেলা আলোচনা হয়নি”।

ব্রাজিল বাংলাদেশে এলে বাংলাদেশের ফুটবলে কী লাভ? এমন প্রশ্নও হয়েছে। আমিনুল হক বলেন, “আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল দল যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ দলের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।

“তবে বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এর মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই। ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা, সেটাও হয়তোবা পূরণ হবে। দর্শকরা হয়তো একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল দল খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন চলে আসবে- এ বিষয়ের সঙ্গে আমি একমত নই”, বলেছেন প্রতিমন্ত্রী।

সরকারের পক্ষে এই ম্যাচ আয়োজনে আর্থিক সহায়তা না পেলে বাফুফের জন্য কঠিন হয়ে যাবে ব্রাজিলকে আতিথ্য দেওয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা