প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪০ পিএম
প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
এজবাস্টন টেস্টে বড় বিপদে পড়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ৪৫৩ রান। ফলে পাকিস্তানের চেয়ে ৩২০ রানে এগিয়ে স্বাগতিকরা। বিশাল এই ঘাটতি পাকিস্তানকে ঠেলে দিয়েছে ইনিংস হারের শঙ্কায়।
এই সফরে পাকিস্তানের ব্যাটিং দুর্দশার চিত্রও স্পষ্ট হয়ে উঠেছে এজবাস্টনে। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তারা ৪৫৩ রানের ধারে-কাছেও যেতে পারেনি। শুধু তাই নয়, এই সফরে একবারও ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি পাকিস্তান। ফলে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান তাদের জন্য কেবল বড় নয়, প্রায় পাহাড়সম।
১৩৩ রানে গুটিয়ে যাওয়ার পরও পাকিস্তানের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। বল হাতে তাদের শুরুটাও ছিল ভার। কিন্তু ইংল্যান্ডের শেষ দিকের ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং পাকিস্তানের স্বপ্ন কেড়ে নেয়। ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪৫৩ রানে। ইংল্যান্ডের কোনো ব্যাটার সেঞ্চুরি না পেলেও পাঁচ ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। ওপেনার ইমিলো গে’র ৬০ রানের পর হ্যারি ব্রুক ৭৫, ড্যান লরেন্স ৬৫, জেমি স্মিথ ৬৯ ও ওলি রবিনসন ৫০ রান করেন। পাকিস্তানের ব্যাটাররা যেখানে রান করতে হিমশিম খেয়েছেন সেখানে ইংলিশ বোলার জোফরা আর্চার ৩২ রানে অপরাজিত। অতিরিক্ত রানেরও ছিল ছড়াছড়ি। প্রথম ইনিংস ৪৫টি অতিরিক্ত রান দিয়েছে পাকিস্তানের বোলাররা।
পাকিস্তানের বোলার রাজাউল্লাহ ৪ উইকেট শিকার করেন। এখন ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের অসাধারণ কিছু করে দেখাতে হবে। অন্যথায় এজবাস্টনে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাই অপেক্ষা করছে পাকিস্তানের জন্য।