সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। একই সঙ্গে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটকে একটি কাঠামোর আওতায় এনে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও প্রায় শেষ করে এনেছে বিসিবি
মিরপুরে ওয়ার্কিং কমিটির সভা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী নভেম্বরেই নতুন টুর্নামেন্টের প্রথম আসর মাঠে গড়ানোর লক্ষ্য রয়েছে। এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, ২৫ বা ২৬ সেপ্টেম্বরের দিকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এত দিন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একটি ম্যাচের জন্য ক্রিকেটাররা সর্বোচ্চ ৭০ হাজার টাকা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচপ্রতি সর্বোচ্চ দেড় লাখ টাকা পাবেন তারা। তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন। এবার ছয় মাসের ব্যবধানে সেটি আরও বাড়ানো হলো। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এই নতুন কাঠামোর আওতায় থাকছে না।
শুধু পুরুষদের প্রথম শ্রেণির ক্রিকেট নয়, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে নারী-পুরুষ উভয় ক্রিকেটারের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আম্পায়ার, কোচ, স্কোরার, ট্রেইনার ও ফিজিওসহ ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্যদের বেতন-ভাতাও পর্যালোচনা করছে বিসিবি। তামিম জানিয়েছেন, দ্রুতই তাদের জন্য একটি মানসম্মত বেতন কাঠামো নির্ধারণ করা হবে।
নতুন টুর্নামেন্টের পরিকল্পনাই অবশ্য বিসিবির সবচেয়ে বড় উদ্যোগ। জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণ, বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের ক্রিকেট এবং বিসিএল ওয়ানডেকে একত্র করে ছয়টি দল নিয়ে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি কাঠামো তৈরি করা হচ্ছে। টুর্নামেন্টটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
নতুন ব্যবস্থায় তিন ফরম্যাটের জন্য একই সময়ে ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ একই সময়ে হবে না। বছরের ভিন্ন সময়ে তিন ফরম্যাটের প্রতিযোগিতা আয়োজন করা হবে। ড্রাফট এক বছরের জন্য হবে, নাকি তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। বিসিবি সভাপতি জানিয়েছেন, টুর্নামেন্টটির প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ। এখন নিয়মকানুন ও সাংগঠনিক কাঠামোর কাজ চলছে।
তামিম বলেন, “আমরা যেভাবে পরিকল্পনা করছি, আশা করি আপনারা খুশি হবেন। নতুন যে টুর্নামেন্ট নিয়ে কথা বলছি, সেটা ক্রিকেটারদের যেমন উপকার করবে, সাংবাদিকদের জন্যও কভার করা আনন্দের হবে”।
নতুন প্রতিযোগিতায় জাতীয় দলের ক্রিকেটারদেরও খেলানোর পরিকল্পনা রয়েছে। তবে জাতীয় দলের ব্যস্ত সূচি, বিশ্রাম ও খেলোয়াড়দের ওয়ার্কলোড বিবেচনা করেই তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তামিমের আশা, কোনো চাপ না থাকলে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারই এই টুর্নামেন্টে খেলবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অতীতের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিতে চাইছে বিসিবি।
বিসিএলের সাম্প্রতিক আসরে চারটি দলই বোর্ডকে নিজেদের খরচে পরিচালনা করতে হয়েছে। বিপিএলেও দল পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে বিসিবিকে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বোর্ড। নতুন টুর্নামেন্টে তাই কোনো দল নিজেরা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ছয়টি দলই করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে স্পনসরশিপ বা মালিকানার ভিত্তিতে দেওয়া হবে।
বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, বোর্ডের কোনো দল থাকবে না। এতে টুর্নামেন্টের আর্থিক দায়ও আগের তুলনায় কমবে বলে আশা করছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি দ্বিতীয় একাদশের ক্রিকেটও চালু করার পরিকল্পনা রয়েছে। এতে জাতীয় লিগ বা অন্য কোনো দলের স্কোয়াডে জায়গা না পাওয়া ক্রিকেটারদের খেলার সুযোগ তৈরি হবে।
বিসিবির হিসাবে, এর মাধ্যমে প্রায় ১৫০ থেকে ২০০ ক্রিকেটার অতিরিক্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পাবেন। তামিমের মতে, শুধু ম্যাচ বা টুর্নামেন্টের সংখ্যা বাড়ালেই হবে না, ঘরোয়া ক্রিকেটে দর্শকদের আগ্রহও ফিরিয়ে আনতে হবে। নতুন কাঠামোর মূল লক্ষ্য সেই আকর্ষণ ফিরিয়ে আনা।
তার ভাষায়, “বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফ্লেভার আনা খুব গুরুত্বপূর্ণ। মানুষের আগ্রহ ফিরিয়ে আনাও জরুরি”।
বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের ক্ষোভ প্রশমনের জন্য ম্যাচ ফি বাড়ানো হয়েছে- এমন ধারণাও নাকচ করেছেন বিসিবি সভাপতি। তার দাবি, এটি সাময়িক কোনো উদ্যোগ নয়; বরং দেশের ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদি ও শক্তিশালী আর্থিক কাঠামো গড়ে তোলার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।