বিসিবির সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেটারদের প্রতিনিধি নাসির হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিপিএলকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণে এ বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ফলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও ক্রিকেটারদের প্রতিনিধিরা। বিপিএল না হলে ওই সময় বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।
তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি সভাপতির সঙ্গে রবিবার আলোচনায় বসেন ক্রিকেটারদের প্রতিনিধিরা। দুপুরে শুরু হওয়া বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রিকেটারদের প্রতিনিধি নাসির হোসেন। বিপিএল না হলে ক্রিকেটারদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে বৈঠকে বিষয়টি তুলে ধরেছেন তারা।
নাসির বলেন, “বিপিএলের পরিবর্তে এমন কিছু করা যায় কি না, যা ক্রিকেটারদের জন্য উপকারী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে”।
নাসিরের ভাষায়, “আমরা বিপিএল নিয়েই কথা বলেছি, কেন হবে না। বোর্ড এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন হবে না। বিপিএলের জায়গায় আমরা কী করলে প্লেয়ারদের জন্য ভালো হয়, প্লেয়াররা কিন্তু আর্থিক দিক থেকে একটু সমস্যায় পড়ে যাবে বিপিএল না হলে। এই জায়গায় বোর্ড কী করতে পারে, এসব নিয়েই আলোচনা করেছি”।
বিকল্প টুর্নামেন্টের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে নাসির বলেন, “বোর্ড ও ক্রিকেটারদের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সামনে আরও একাধিকবার আলোচনায় বসার পর বিষয়টি পরিষ্কার হবে”।
তবে প্রথম বৈঠকের আলোচনা নিয়ে ক্রিকেটাররা মোটামুটি সন্তুষ্ট বলেও জানান তিনি। দীর্ঘমেয়াদে ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও বিসিবি ভাবছে বলে জানিয়েছেন নাসির।
তিনি বলেন, “এই বোর্ড প্লেয়াররা ৫-১০ বছর পর কোথায় থাকবে, সেখানেই বেশি ফোকাস দিচ্ছে। আমার কাছে মনে হয়, যে প্রস্তাব আমরা পেয়েছি বা শুনেছি, এটা খুব খারাপ হবে না”।
বিপিএলের প্রায় দেড় মাসের সময়টিতে একটি বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পক্ষে ক্রিকেটাররা। তবে সেটি হবে কি না, তা পরবর্তী বৈঠকেই চূড়ান্ত হতে পারে।
নাসির বলেন, “আমরা চাচ্ছিলাম একটা টুর্নামেন্ট যদি হয়, তাহলে অনেক ভালো হতো। তবে এটা এখনও ফাইনাল হয়নি”।
এদিকে জানুয়ারি মাসে ভারত সিরিজ আয়োজনের গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়েছিল নাসিরকে। তিনি জানান, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
ডিপিএলের পারিশ্রমিক ও চুক্তি নিয়েও কথা বলেছেন নাসির। তার মতে, ডিপিএলের চুক্তি মূলত ক্লাব ও ক্রিকেটারের মধ্যকার বিষয়, এতে বিসিবির সরাসরি দায়িত্ব নেই। তবে বিপিএল না হওয়ার কারণে ক্রিকেটারদের যে আর্থিক ক্ষতি হবে, সেটি কীভাবে বোর্ডের পক্ষ থেকে পুষিয়ে দেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
বিপিএল না হওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত বলেও জানিয়েছেন নাসির। এখন ক্রিকেটারদের সুবিধা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া যায়, সেটিই আলোচনার মূল বিষয়। পরবর্তী বৈঠকের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।