মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে শুরু থেকেই দেখা দিয়েছে নতুন নতুন জটিলতা। তবুও নানা সমস্যা সঙ্গী করেই প্রতিবছর হয়ে আসছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই প্রতিযোগিতাটি।
তবে এবার সেটা হওয়ার সম্ভাবনা তেমন দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই বলেই তার এমন সিদ্ধান্ত।
মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে বৃহস্পতিবার গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়ে এমনটাই জানিয়েছেন তামিম।
এ বছর বিপিএল করার জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় আছে কি না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না”।
বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের সবচেয়ে বড় উৎস বিপিএল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগস্টে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর সময় স্বল্পতার কারণে বিপিএল আয়োজন নিয়ে প্রথমে অনাগ্রহী ছিলেন তিনি। তবে তামিমসহ কয়েকজন ক্রিকেটার ফারুকের সঙ্গে কথা বলার পর শেষ পর্যন্ত বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি।
মজার কথা, সেই তামিমই এখন বোর্ড সভাপতি। এবার বিপিএল না হলে খেলোয়াড়েরা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সেটিও মাথায় আছে তামিমের, “আমি খেলোয়াড় থাকলে নিজেও হতাশ হতাম। তাদের আর্থিক ক্ষতি হবে- এটা আমি অস্বীকার করি না। কিন্তু তারাও বোঝে যে এই টুর্নামেন্টটা এমন হওয়া উচিত, যা নিয়ে বিসিবি গর্ব করতে পারে। গত কয়েক বছরে যা হয়েছে তা নিয়ে কি আমরা গর্বিত? হয়তো না”।
এ ছাড়া বিপিএল আয়োজনের ক্ষেত্রে তার সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে মতের মিল আছে বলে মনে করেন বিসিবিপ্রধান। তিনি বলেন, “খেলোয়াড়রাও একমত যে জিনিসটা সুন্দরভাবে হওয়া উচিত। যুক্তি আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে মূল বিষয় হলো টুর্নামেন্টটা ঠিকঠাক চালানো। বিপিএল একটা গ্রেট প্রোডাক্ট আর এটা নিয়ে প্রচুর আগ্রহ আছে। এটাকে ঠিকঠাক করতে পারলে আগ্রহ আরও বাড়বে”।
অবশ্য বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে জটিলতা, ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধে অনিয়ম, সম্প্রচার সংক্রান্ত সমস্যাসহ নানা কারণে টুর্নামেন্টটি সমালোচিত হয়েছে। গত দুই আসরের বিপিএল আয়োজন করে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও জানান তামিম।
সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সবকিছু গুছিয়ে নেওয়ার আগে বিপিএল আয়োজন করতে চান না বলে জানিয়ে আসছেন তিনি। সেই প্রস্তুতির জন্য যত সময় প্রয়োজন, তত সময় নিতেও প্রস্তুত তিনি।
তামিম বলেন, “আমাদের ইনটেনশন শতভাগ আছে বিপিএল করার। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি ঠিকঠাকমতো করতে চাই, তাতে যদি ৬ মাস বা ১২ মাস কিংবা ২৪ মাসও সময় লাগে, আমি নেব”।
ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। যেসব দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।
বিসিবি সভাপতি বলেন, “আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলে আমাদের বিকল্প খোঁজার সময় থাকে”।
বিপিএল আয়োজনের জন্য চাইলে দ্রুত কয়েকটি দল দাঁড় করানো সম্ভব হলেও সেটি করতে চান না তামিম, “আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এজন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত”।