মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’। ছবি: ভিডিও থেকে
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ বাতিল বা নাম পরিবর্তন করা হয়েছে- সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিসিবি জানায়, বর্তমান বোর্ড প্রশাসন ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’সহ এসবিএনসিএস বা দেশের অন্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।
বিসিবি বলেছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব আয়োজনেই স্ট্যান্ডগুলোর আনুষ্ঠানিক নাম দৃশ্যমানভাবে প্রদর্শন করা হয়। চলতি বছরের শুরুতে বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর মিরপুরে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ওই সিরিজগুলোর প্রতিটিতেই ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’সহ অন্যান্য স্ট্যান্ডের নাম স্টেডিয়ামে দৃশ্যমান ছিল এবং টেলিভিশন সম্প্রচারেও তা দেখা গেছে। ম্যাচের টিকিট ও প্রচারসামগ্রীতেও স্ট্যান্ডটির নাম উল্লেখ ছিল বলে জানিয়েছে বিসিবি।
স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বিভিন্ন সময় স্ট্যান্ডের নামসংবলিত সাইনেজ ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা সাময়িকভাবে সরিয়ে রাখা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিসিবির দাবি, এ ধরনের রক্ষণাবেক্ষণের কাজ সাধারণত ম্যাচ না থাকার দিনগুলোতেই করা হয়।
বিসিবি আরও জানিয়েছে, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা জল্পনার সুযোগ নেই বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে বিসিবি। তাদের ভাষ্য, বোর্ড ও বর্তমান প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভুল ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বোর্ডের নীতিমালা অনুযায়ী কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার বিসিবি সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।