১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচে ব্যবহার করা বল। ছবি: বিবিসি
ফুটবল মাঠে দিয়াগো ম্যারাডোনা অনেক গল্পই লিখেছেন। তবে ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিনি যে গল্প লিখেছিলেন, তার মতো গল্প ফুটবল ইতিহাসে আর দ্বিতীয়টি নেই।
চার মিনিটের ব্যবধানে একটি বিতর্কিত গোল আর একটি অতিমানবীয় একক প্রচেষ্টা, দুটি গোলই এসেছিল একই বলে। চার দশক পর সেই ঐতিহাসিক বলটিই এবার নিলামে বিক্রি হলো ৩.৩৫ মিলিয়ন ডলারে।
গত শনিবার সন্ধ্যায় নিলাম শুরু হয়েছিল আড়াই মিলিয়ন ডলার থেকে। নিলামের আগে অবশ্য প্রাক-বিক্রয় মূল্যায়নে ধারণা করা হয়েছিল, বলটির দাম ১০ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে। সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবু কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে হাতবদল হওয়া এই বল আবারও প্রমাণ করল- ম্যারাডোনা শুধু একজন ফুটবলার নন, তিনি স্মারক-বাজারেও এক অনন্য নাম।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিতর্কিত গোলটি ইতিহাসে জায়গা করে নিয়েছে ‘হ্যান্ড অব গড’ নামে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের জন্য লড়াইয়ে হাত ব্যবহার করে গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। রেফারির চোখ এড়িয়ে যাওয়া সেই গোল নিয়ে বিতর্ক আজও থামেনি।
কিন্তু ঘটনার মাত্র চার মিনিট পর একই বলেই ম্যারাডোনা জন্ম দেন আরেক বিস্ময়ের। নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন তিনি। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোলগুলোর তালিকায় স্থায়ী জায়গা করে নিয়েছে সেই প্রচেষ্টা। বিতর্ক আর সৌন্দর্য- একই ম্যাচে, একই বলে, চার মিনিটের ব্যবধানে ফুটবলের দুই বিপরীত মেরুর ইতিহাস।
নিলামকারীদের আশা ছিল, বলটি ২০২২ সালে বিক্রি হওয়া ম্যারাডোনার সেই ম্যাচের জার্সির রেকর্ড ছুঁয়ে ফেলবে কিংবা ছাড়িয়ে যাবে। সোথবির নিলামে জার্সিটি বিক্রি হয়েছিল প্রায় ৯.০৩ মিলিয়ন ডলারে। কিন্তু ‘হ্যান্ড অব গড’-এর বল সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি।
প্রত্যাশিত ১০ মিলিয়ন ডলার না মিললেও বলটির ৩.৩৫ মিলিয়ন ডলারে বিক্রি পুরনো ফুটবল-স্মারকের বাজারে নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে। কারণ কিছু স্মারকের দাম শুধু চামড়া, সুতা কিংবা উপাদানে নির্ধারিত হয় না। তার সঙ্গে জড়িয়ে থাকে একটি সময়, একটি দেশ, একটি কিংবদন্তি এবং কোটি মানুষের স্মৃতি।
ম্যারাডোনা নেই। আজতেকার সেই ম্যাচও বহু আগেই ইতিহাস। কিন্তু তার বাঁ পা, তার হাত, তার বিতর্ক আর তার জাদু- সবকিছুর নীরব সাক্ষী হয়ে সেই বলটি আজও বেঁচে আছে। আর নিলামঘরে ৩.৩৫ মিলিয়ন ডলারের হাতুড়ির শব্দ যেন আবারও মনে করিয়ে দিলÑ কিংবদন্তিরা মাঠ ছাড়েন কিন্তু ইতিহাস থেকে কখনও বিদায় নেন না।