বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর হাতাহাতিতে জড়ায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পেরেদেসকে ১০ ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মুখে পড়েছেন আর্জেন্টিনার আরও দুই ফুটবলার নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা।
ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনাল শেষে স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় পেরেদেসকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
একই ঘটনায় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে সাত ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। মিডফিল্ডার থিয়াগো আলমাদা পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৩০ হাজার ডলার জরিমানা।
এ ছাড়া আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালাকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং তাকে ৩০ হাজার ডলার জরিমানা গুনতে হবে।
শুধু আর্জেন্টিনাই নয়, স্পেনের তরুণ মিডফিল্ডার গাভিকেও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বিশ্বকাপ চলাকালে বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) শাস্তি দিয়েছে ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন এবং দর্শকদের বৈষম্যমূলক স্লোগানের কারণে সংস্থাটিকে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি বর্ণবাদবিরোধী কার্যক্রমে ১ লাখ ডলার ব্যয় করার নির্দেশও দিয়েছে ফিফা।
শাস্তির অংশ হিসেবে আর্জেন্টিনাকে পরবর্তী হোম ম্যাচ ৫০ শতাংশ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা। পাশাপাশি আরও একটি স্টেডিয়াম-সংক্রান্ত শাস্তি এবং অতিরিক্ত এক লাখ ডলার জরিমানা আপাতত স্থগিত রাখা হয়েছে, যা পরীক্ষামূলক (প্রবেশন) সময়সীমার ওপর নির্ভর করবে।
তবে ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শাস্তির পূর্ণাঙ্গ কারণ জানার পর তারা প্রথমে ফিফার আপিল কমিটিতে আবেদন করবে। প্রয়োজনে সর্বশেষ পদক্ষেপ হিসেবে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এও আপিল করা হবে।