× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ দিন লড়াইয়ের লক্ষ্য বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৭:০৫ পিএম

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি, উইকেটের চরিত্র ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ভিডিও থেকে

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি, উইকেটের চরিত্র ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: ভিডিও থেকে

অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে টাইগাররা। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সুযোগকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুধু ফল নয়, পাঁচ দিন ধরে ভালো ক্রিকেট খেলে লড়াই করার লক্ষ্য বাংলাদেশের।

সিরিজের প্রথম টেস্টে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনের মারারা স্টেডিয়ামে।

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রস্তুতি, উইকেটের চরিত্র ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেন শান্ত। ডারউইনের উইকেটে ঘাস থাকায় ব্যাটসম্যান ও বোলার-দুই পক্ষই সহায়তা পেতে পারে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। তবে তার চোখে বোলারদের জন্য সুবিধা কিছুটা বেশি থাকার সম্ভাবনা।

শান্ত বলেন, “উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। উইকেটে ঘাস আছে। মনে হয় বোলিং-ব্যাটিং দুই দিকেই সহায়তা থাকবে, তবে বোলাররা একটু বেশি সুবিধা পেতে পারে”।

উইকেটের চরিত্র বিবেচনায় বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে অবশ্য আগেভাগে কিছু বলতে চাননি শান্ত। সাধারণত দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা থাকলেও ম্যাচের আগে কন্ডিশন আরও একবার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


“আমরা আগে সাধারণ কম্বিনেশনে খেলেছি, দুই স্পিনার, তিন সিমার। তবে কালকের কন্ডিশন আবার দেখার সুযোগ রয়েছে, এরপর সিদ্ধান্ত নেব,“ বলেন শান্ত। 

এ ছাড়া তিনি বলেন, “এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। ২৩ বছর আগে খেলেছিলাম, সৌভাগ্য যে আবার আসতে পেরেছি। আমরা লড়াই করতে চাই। অধিনায়ক হিসেবে আমরা ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। ভালো লাগছে। এখানে টেস্ট খেলা এক্সাইটিং। এটা অবশ্যই আমাদের জন্য অনেক বড় সুযোগ”।

টেস্টটি কত দিনে শেষ হবে, তা নিয়ে অবশ্য আগেভাগে ভাবতে চান না শান্ত। তার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি সেশনে নিজেদের সেরাটা দেওয়া। পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

শান্তর ভাষায়, “আমরা তো ৫ দিন ভালো ক্রিকেট খেলতে চাই, সেশন বাই সেশন খেলতে চাই। প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ। কয়দিন যাবে, এ ধরনের আলোচনা থাকবেই। আমাদের লক্ষ্য থাকবে কত ভালো খেলতে পারি”।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ইউনিটের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও স্বীকার করেছেন শান্ত। তবে সেই চ্যালেঞ্জ নিতে তার দলের ব্যাটসম্যানেরা প্রস্তুত।

“ব্যাটিং ইউনিট হিসেবে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আমরা সেসব নিয়ে কাজ করেছি। ছেলেরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে”, বলেন তিনি।

সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল দল। তবে সেই ম্যাচের ফলকে মূল সিরিজের সঙ্গে মিলিয়ে দেখতে চান না শান্ত।

তার মতে, প্রস্তুতি ম্যাচের উদ্দেশ্যই ছিল নিজেদের প্রস্তুত করা এবং প্রয়োজনীয় জায়গাগুলোতে কাজ করা।

বাংলাদেশ অধিনায়ক বলেন, “ওটা তো প্রস্তুতি ম্যাচ ছিল, এমন হতেই পারে। আমরা আগেভাগে এসেছিলামই নিজেদের প্রস্তুত করার জন্য। আমি মনে করি আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। ভালো ক্রিকেট খেলার ব্যাপারেও আশাবাদী”।


প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার প্রসঙ্গ উঠলে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের সঙ্গে তার আলোচনার কথাও জানান শান্ত।

তার মতে, ২৩ বছর আগের বাংলাদেশের সঙ্গে বর্তমান দলকে তুলনা করার সুযোগ নেই।

“বাশার ভাইয়ের সঙ্গে এটাই কথা হচ্ছিল যে ২৩ বছর আগের দল আর নেই। তারও বিশ্বাস আছে দলের ওপর। প্রস্তুতি ম্যাচের যে কথা বললেন, এমন ম্যাচ আগেও খেলেছি। খারাপ দিন যেতেই পারে”, বলেন তিনি।

প্রস্তুতি ম্যাচে খারাপ একটি দিন গেলেও টেস্টে একই পরিস্থিতি হবে না- এমন বিশ্বাস শান্তর। তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসল লড়াইয়ে বাংলাদেশ কীভাবে নিজেদের সামর্থ্য ও মানসিক দৃঢ়তা দেখায়।

“বিশ্বাস করি এরকম দিন টেস্ট ম্যাচে আসবে না, এই বিশ্বাস আছে। ওটা প্রস্তুতি পর্ব ছিল। কাল থেকে ব্যাটেল শুরু হবে। কীভাবে চ্যালেঞ্জ গ্রহণ করছি, এটাই গুরুত্বপূর্ণ”, বলেন শান্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা