× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের নেতৃত্বে ইরফান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৪:১১ পিএম

১৫ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ছবি: সংগৃহীত

১৫ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি সাব্বির রহমান। তবে জাতীয় দলে ফেরার দৌড়ে তার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। একইভাবে জাতীয় দলের দরজা আবারও খুলে দেওয়ার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন শামীম হোসেনও। দুজনকেই অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে রাখা হয়েছে। মঙ্গলবার ঘোষিত ১৫ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর।

৩৩ বছর বয়সী ইরফান বর্তমানে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। সাম্প্রতিক নীতির ধারাবাহিকতায় সম্ভাবনাময় তরুণদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল। দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দারও। ২০১৮ সালের পর জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলা আরও তিন ক্রিকেটারÑ আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল ও মৃত্যুঞ্জয় চৌধুরীও আছেন এই দলে। জিম্বাবুয়ে সফরের সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন সাকলাইন। রিপন মণ্ডল খেলেছেন ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে। আর ২০২৩ সালে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা মৃত্যুঞ্জয় নিয়মিতই আছেন এইচপি ও ইমার্জিং দলের কার্যক্রমে।

ইমার্জিং দলের হয়ে বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা আগ্রাসী ওপেনার হাবিবুর রহমান সোহানও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার। তবে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে ঝড়ো শুরু করেও ইনিংস বড় করতে না পারা জাওয়াদ আবরার অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাননি। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজে দারুণ বোলিং করে নজর কাড়া রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল এবার আরও কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছেন। বিসিবির অধীনে থাকা কোনো দলে এই প্রথম সুযোগ পাওয়া রুবেলের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন এইচপির নিয়মিত মুখ রাকিবুল হাসান। বাড়তি স্পিন বিকল্প হিসেবে আছেন স্পিনিং অলরাউন্ডার এস এম মেহেরব ও সামিউন বশির রাতুল। পেস আক্রমণে অভিজ্ঞ পাঁচ বোলারের সঙ্গে রাখা হয়েছে তরুণ রোহনাত দৌলা বর্ষণকে। দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলের হয়ে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে আলোচনায় এসেছেন এই তরুণ পেসার।

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি অঞ্চলকে ক্রিকেটে ‘টপ এন্ড’ নামে ডাকা হয়। এই অঞ্চলের রাজধানী ডারউইনে অনুষ্ঠিত হয় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার বসছে প্রতিযোগিতাটির পঞ্চম আসর। বাংলাদেশ এইচপি দল টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এবারের আসরে খেলবে মোট নয়টি দল। টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ এইচপি দল। আগামী ২২ আগস্ট নেপাল জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের টপ এন্ড অভিযান।

বাংলাদেশ এইচপি স্কোয়াড

ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহনাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা