× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিটিশ কোচের ফেসবুক পোস্টে বাফুফেতে তোলপাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:০১ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের কোচ জেরার্ড জোন্স। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের কোচ জেরার্ড জোন্স। ছবি: ফেসবুক থেকে

‘মনমরা। বিষণ্ন। আমার পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হচ্ছি, আর আজকেও পরিস্থিতিটা মেনে নেওয়া আরও কঠিন ছিল।

বেতনের অপেক্ষায় আছি। স্ত্রী-সন্তানদের খাওয়ানোর জন্য টাকা পাঠাতে পারছি না। অবিরাম জটিলতা। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত ও ভীত।’

যশোরে শামসুল হুদা অ্যাকাডেমিতে আবাসিক ক্যাম্পে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সের একটি ফেসবুক পোস্ট ঘিরে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। বেতন না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন এই ব্রিটিশ কোচ।

এমনকি স্ত্রী ও সন্তানদের খাওয়ার খরচ পাঠানোর সামর্থ্যও তার নেই বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন জেরার্ড।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সোমবার জেরার্ড উপরোক্ত মন্তব্য করেন। তবে কোচের বেতন না পাওয়ার দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সূত্রে জানা গেছে, জেরার্ডের বেতন ইতোমধ্যে তার ব্যাংক হিসাবে জমা হয়েছে। তবে কর-সংক্রান্ত কিছু নিয়ম-কানুনের কারণে সেই অর্থ স্ত্রীকে পাঠাতে তার কিছুটা সময় লাগছে।

জেরার্ডের পোস্টে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা থাকলেও বাংলাদেশে অবস্থানকালে তার নিরাপত্তা নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনার কথা জানা যায়নি। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে বর্তমানে যশোরে অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্প চলছে। ক্যাম্প ছেড়ে সোমবারই ঢাকায় এসেছেন জেরার্ড।


বেতন পাঠাতে না পারলে সেই অভিযোগ ফেসবুকে কেন লিখলেন একজন পেশাদার কোচ? এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বাফুফেতে। দেশের ফুটবলের অভিভাবক সংস্থা বিষয়টি নিয়ে বিব্রতও। কারণ কেবল দেশে টাকা পাঠানোর বিষয়ই নয়, কোচ নিজের নিরাপত্তার বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্ট্যাটাসে।

সকালের ওই স্ট্যাটাসের ঘণ্টা তিনেক পর তিনি আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে আরও বিস্তারিত বলেছেন। সেখানে তিনি বোঝানোর চেষ্টা করছেন কী কারণে তিনি নিজে এখানে নানাভাবে বিব্রত হচ্ছেন।

আগে দেওয়া পোস্টের সামান্য আপডেট, উল্লেখ করে জোন্স লিখেছেন, “এখন ব্যাংকিং সংক্রান্ত সমস্যা সামলাতে হচ্ছে, যদিও আমি অর্থ পেয়েছি তবে অন্যান্য কিছু চ্যালেঞ্জ রয়েছে- নতুন কিছু জটিলতা তৈরি হয়েছে, যা আমাকে আগে জানানো হয়নি। আমার কিছু ব্যক্তিগত আর্থিক তথ্য যেভাবে আদান-প্রদান ও শেয়ার করা হয়েছে, তা নিয়ে আমার গুরুতর উদ্বেগ রয়েছে”।

পরিস্থিতি তার জন্য কঠিন উল্লেখ করে তিনি লেখেন, “আমার স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে দূরে থাকা এমনিতেই কঠিন। গতকাল ঢাকায় এবং আজ আমি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা আমাকে অত্যন্ত অস্বস্তিকর ও অনিশ্চিত বোধ করিয়েছে। যার মধ্যে রয়েছে মানুষ এসে গাড়িতে ধাক্কা দেওয়া, গাড়ি ঘিরে ধরা এবং টাকা চাওয়া। এ ছাড়াও ব্যক্তিগতভাবে অসংখ্যবার মানুষ আমার কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছে”।

পোস্টে তিনি আরও লেখেন, “চলমান অনিশ্চয়তা, অনাকাঙ্ক্ষিত অঘটন এবং এখানকার জীবনযাত্রার পরিস্থিতির কারণে সবকিছু মিলিয়ে এটি অত্যন্ত চাপের হয়ে উঠেছে। কোনো সহানুভূতি ছাড়া আমি এখানে নিজেকে খুব একা অনুভব করছি। আমি ভীত ও আতঙ্কিত, মানসিকভাবে বিপর্যস্ত, অসহায় এবং একাকিত্ব বোধ করছি। আমি আশা করছি খুব দ্রুতই সবকিছুর সমাধান হবে। কারণ আমি শুধু কোনো দুশ্চিন্তা ছাড়া আমার কাজটি করে যেতে চাই”।

সামনে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্ব। এমন একটি বড় আসরের আগে জাতীয় অনূর্ধ-২০ দলের প্রধান কোচের মানসিক হতাশা ও নিরাপত্তা শঙ্কা কত দ্রুত নিরসন করা যায়, সেটিই এখন বাফুফের প্রধান কাজ। জেরার্ড আশাবাদ ব্যক্ত করেছেন যেন দ্রুত এই প্রশাসনিক ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা কেটে যায় এবং তিনি দুশ্চিন্তাহীনভাবে নিজের কাজে মনোযোগ দিতে পারেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা