× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার পথে বাংলাদেশ, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম

৩০ সেপ্টেম্বরের আগে আর কোনো ওয়ানডে নেই বাংলাদেশের। ছবি: বাসস

৩০ সেপ্টেম্বরের আগে আর কোনো ওয়ানডে নেই বাংলাদেশের। ছবি: বাসস

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে টাইগাররা।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ের পর সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকা মহাদেশে। টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৪টি দল। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। বাকি আটটি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

আয়োজক জিম্বাবুয়ে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে নেই। ফলে র‌্যাঙ্কিংয়ের সেরা নয়টি দলের মধ্যে থাকলেই অন্য দলগুলো সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।

এই হিসাবেই সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং ৮৩। অষ্টম স্থানে থাকা আফগানিস্তানের রেটিং ৯০। আর ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭।

সরাসরি বিশ্বকাপে খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত নবম স্থানে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু নির্ধারিত সময়ের আগে তাদের হাতে রয়েছে মাত্র দুটি ওয়ানডে। সেটিও শক্তিশালী ভারতের বিপক্ষে এবং ভারতের মাটিতে।


অন্যদিকে বাংলাদেশের জন্য সমীকরণ বেশ স্বস্তিদায়ক। ৩০ সেপ্টেম্বরের আগে লিটন দাসদের আর কোনো ওয়ানডে নেই। এ সময়ে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি অনিশ্চিত। ফলে বাংলাদেশের রেটিং বাড়ানোর সুযোগ না থাকলেও কমে যাওয়ার আশঙ্কা নেই।

কিন্তু ভারতের বিপক্ষে দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের সঙ্গে থাকা ছয় রেটিং পয়েন্টের ব্যবধান ঘোচানো ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হবে। ফলে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে তাদের সামনে কঠিন সমীকরণই অপেক্ষা করছে।

বিশ্বকাপের বাছাইপর্বে খেলা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের আগেও বাছাইপর্ব খেলতে হয়েছিল তাদের। ২০১৯ সালে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে উঠলেও ২০২৩ সালে আর সেই বাধা পেরোতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থানে থাকলেও ওয়েস্ট ইন্ডিজকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা