বাংলাদেশ-ভারত ম্যাচ। ছবি: আল জাজিরা
রাজনৈতিক টানাপড়েনে আবারও অনিশ্চয়তায় পড়েছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন না করে নতুন সময় খুঁজছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
সবকিছু ঠিক থাকলে আর কয়েক সপ্তাহ পরই বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। অর্থাৎ আগামী ২৮ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমান গিলদের দল। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের।
কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সেই সফর হচ্ছে না। সিরিজটি আবারও পিছিয়ে যেতে পারে। তবে সফরটি বাতিল করার কথা ভাবছে না দুই দেশের ক্রিকেট বোর্ড। দুই দেশই নতুন একটি সময় খুঁজছে। রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
এর আগে ভারতের এই বাংলাদেশ সফরটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ হিসেবে নির্ধারিত সেই সিরিজ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। পরে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়।
২০২২ সালের পর বাংলাদেশে আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসেনি প্রতিবেশী দেশটি। এরপর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কেও টানাপড়েন তৈরি হয়। তবে গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা ইতিবাচক হওয়ায় ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা এগোচ্ছিল।
গত মাসে স্কটল্যান্ডে আইসিসির সভার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের আলোচনা হয় বলে জানা গেছে। সেই আলোচনায় সফরটি নিয়ে ইতিবাচক মনোভাবই পাওয়া গিয়েছিল।
এরপর দুবাইয়ে আইসিসির একটি সভার সময়ও বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তামিম। ফলে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। বিসিবির একটি সূত্র জানায়, বাংলাদেশ সফর নিয়ে বিসিসিআইয়ের সরাসরি কোনো আপত্তি ছিল না। ভারতের ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিল। একইভাবে বিসিবিও দুই দেশের সরকারের মধ্যে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছিল।
সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার পর দুই দেশের সম্পর্ক আবারও জটিল হয়ে উঠেছে। গত বুধবার নয়াদিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরপরই নির্ধারিত সময়ে ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ আয়োজন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
বিসিবির সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের ক্রিকেটীয় আলোচনা এগিয়ে নেওয়ার মতো পরিস্থিতি নেই। ফলে সফরটি পিছিয়ে দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
সিরিজ শুরু হতে খুব বেশি সময় বাকি না থাকলেও টেলিভিশন সম্প্রচার, বাণিজ্যিক কার্যক্রমসহ আনুষঙ্গিক অনেক প্রস্তুতিই এখনও শুরু হয়নি। সফর নিয়ে অনিশ্চয়তা থাকায় এসব কার্যক্রমও এগোয়নি। সফরটি পিছিয়ে গেলেও সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা নেই। নতুন সময় নিয়ে শিগগিরই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হতে পারে।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে সে সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করা হলে সূচি নিয়ে নতুন করে ভাবতে হবে। বিপিএল না হলে ওই সময় ভারতকে বাংলাদেশ সফরে আনার সুযোগ তৈরি হতে পারে। তবে কোনো কারণে ডিসেম্বর-জানুয়ারিতে সিরিজ আয়োজন সম্ভব না হলে পরবর্তী সুবিধাজনক সময় খুঁজে নেওয়া হবে।