প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১২:৫২ পিএম
বিসিবি লোগো। লোগো: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পূর্বাচলে আধুনিক ‘এক্সিলেন্স সেন্টার’ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া এই প্রকল্পকে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বোর্ডের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রকল্পটির অগ্রগতি এবং সরকারি সহযোগিতা নিশ্চিত করতে শিগগিরই সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবি সূত্রে জানা গেছে, বৈঠকে পূর্বাচলে প্রস্তাবিত এক্সিলেন্স সেন্টারের পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও তুলে ধরা হবে। প্রকল্প বাস্তবায়নে সরকারি সহযোগিতা ও অর্থায়নের বিষয়েও আলোচনা হতে পারে।
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অত্যাধুনিক এক্সিলেন্স সেন্টার পরিদর্শন করেন তামিম। সেখানে ক্রিকেটারদের প্রশিক্ষণ, পুনর্বাসন ও উচ্চমানের প্রস্তুতির সুযোগ দেখে বাংলাদেশেও একই ধরনের আধুনিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেন তিনি। জানা গেছে, পূর্বাচল প্রকল্পের পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজেও তামিম সরাসরি যুক্ত থাকবেন।
প্রস্তাবিত এক্সিলেন্স সেন্টারে থাকবে আন্তর্জাতিক মানের আউটার স্টেডিয়াম, অত্যাধুনিক ইনডোর প্রশিক্ষণ সুবিধা, হাই-পারফরম্যান্স জিমনেসিয়াম, উন্নত মেডিকেল ও রিহ্যাবিলিটেশন সেন্টার। পাশাপাশি বিসিবির প্রশাসনিক কার্যালয়ও সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ও উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি উন্নয়নেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী চলতি বছরই প্রকল্পের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণ শেষ করে কেন্দ্রটি চালু করতে চায় বোর্ড। এ কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি সংস্কারে প্রস্তাবিত প্রায় ৬০ কোটি টাকার প্রকল্প আপাতত স্থগিত রেখে পূর্বাচলের এক্সিলেন্স সেন্টারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।