× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে মেসিকে আত্মঘাতী হামলার হুমকি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ২১:৫৯ পিএম

লিওনেল মেসি। ছবি: দ্য ডেইলি স্কাই

লিওনেল মেসি। ছবি: দ্য ডেইলি স্কাই

বিশ্বকাপ মানেই ফুটবলের মহোৎসব। লাখো দর্শকের উন্মাদনা, তারকাদের আলো, গ্যালারির গর্জন আর মাঠের রোমাঞ্চ- সব মিলিয়ে কয়েক সপ্তাহের জন্য পৃথিবীর নজর আটকে ছিল একটি আয়োজনে। কিন্তু সেই আলোর নিচেই এবার লুকিয়ে ছিল ভয়ংকর আতঙ্ক।

ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা নথিতে কেঁপে উঠেছে বিশ্ব ফুটবল অঙ্গন। নথিতে উঠে এসেছে লিওনেল মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার হুমকি, ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলে সন্দেহজনক ব্যক্তির প্রবেশের চেষ্টা, ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে হাজারো হুমকি এবং খেলোয়াড়দের পরিবারের সদস্যদেরও প্রাণনাশের হুমকি পাওয়ার সব ভয়ংকর তথ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর বরাত দিয়ে স্প্যানিশ ওয়েবসাইট ইনফরম্যাসিওন.ইএস এসব তথ্য প্রকাশ করেছে।

মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার হুমকি

নথি অনুযায়ী, আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে একটি ফোন আসে। ফোনকারী স্টেডিয়ামে হামলার হুমকি দেন। তার দাবি ছিল, দুই সহযোগীকে সঙ্গে নিয়ে মাঠে ঢুকে খেলোয়াড় ও পুলিশের ওপর হামলা চালাবেন।

বিশেষভাবে লিওনেল মেসিকে হত্যার হুমকিও দেওয়া হয়। বিষয়টিকে হালকাভাবে নেয়নি নিরাপত্তা বাহিনী। দ্রুত তদন্ত শুরু হয় এবং ম্যাচ ঘিরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়। তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি।

আর্জেন্টিনা ও মিসরের ম্যাচের আগেও মেসিকে লক্ষ্য করে একই ধরনের হুমকি দেওয়া হয়। নথিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক সন্দেহভাজন ব্যক্তি স্টেডিয়ামে ঢুকে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেন।

আরও পড়ুন
না ফেরার দেশে মেসির বাবা

ম্যাচ চলাকালেও আসে আরও একটি বিস্ফোরক-আতঙ্কের খবর। গ্যালারির একটি আবর্জনার পাত্রে বিস্ফোরক রাখা হয়েছে- এমন দাবি করে ফোন করা হয়। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে ব্যাপক তল্লাশি শুরু হয়। বিস্ফোরক শনাক্তকারী দল ও প্রশিক্ষিত কুকুরও মোতায়েন করা হয়।

শেষ পর্যন্ত বড় কোনো হামলার ঘটনা ঘটেনি। কিন্তু কয়েক মুহূর্তের জন্য হলেও বিশ্বকাপের উৎসবের ওপর নেমে এসেছিল আতঙ্কের ছায়া।

রোনালদোর হোটেলেও অনুপ্রবেশের চেষ্টা

নিরাপত্তাঝুঁকির তালিকায় শুধু মেসি ছিলেন না। পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ। নথিতে উল্লেখ করা হয়েছে, এক ফিফা কর্মী পুলিশকে জানান, এক সন্দেহজনক ব্যক্তি রোনালদো কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা করেছিলেন।

আরেক ঘটনায় আরও এক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। পুলিশ তাকে থামিয়ে দেয়।

পরে ওই ব্যক্তি দাবি করেন, তার উদ্দেশ্য ছিল শুধু রোনালদোর সঙ্গে ছবি তোলা। কিন্তু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ঘটনাটি ছিল যথেষ্ট উদ্বেগজনক। কারণ একজন বিশ্বতারকার অবস্থান জানার চেষ্টা এবং তার ব্যক্তিগত নিরাপত্তাবলয় পেরিয়ে হোটেলে ঢোকার প্রচেষ্টা- দুটিই বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দেয়।

আরও পড়ুন
তুরস্কের ক্লাবেই সালাহ

ছয় হাজারের বেশি হুমকি বার্তা রেফারিকে

বিশ্বকাপের উত্তাপ শুধু খেলোয়াড়দের ঘিরেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচ কর্মকর্তারাও ছিলেন হুমকির নিশানায়। আর্জেন্টিনা-মিসর ম্যাচ পরিচালনার পর ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের হোয়াটসঅ্যাপে ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা এসেছিল বলে ফাঁস হওয়া নথিতে দাবি করা হয়েছে।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি উইলি দেলাজোদও মিসরের সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন।

খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ছবি। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্লিং হালান্ডকে পাস না দেওয়ার ঘটনায় নরওয়ের আলেক্সান্ডার সোরলথ এবং তার স্ত্রীকে মৃত্যুর হুমকি দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কলম্বিয়ার জন জ্যামিন্তন কামপাসও পেনাল্টি মিস করার পর একই ধরনের হুমকির মুখে পড়েন। নিরাপত্তার কারণে তিনি জাতীয় দলের সঙ্গে দেশে ফিরতেও পারেননি বলে দাবি করা হয়েছে।

ফুটবলের মাঠে ভুল নতুন কিছু নয়। কোনো ফরোয়ার্ড গোল মিস করবেন, কোনো মিডফিল্ডার ভুল পাস দেবেন, কোনো ডিফেন্ডার পেনাল্টি করবেন- এসবই খেলার স্বাভাবিক অংশ। কিন্তু সেই ভুলের প্রতিক্রিয়া যখন মাঠ ছাড়িয়ে খেলোয়াড়ের জীবন পর্যন্ত পৌঁছে যায়, তখন সেটি আর নিছক ফুটবলীয় আবেগ থাকে না।

এমবাপেকেও ছাড়েনি বিদ্বেষ। ফ্রান্সের কাছে হারের পর প্যারাগুয়ের সমর্থকদের একাংশ কিলিয়ান এমবাপের নাম লেখা কুশপুত্তলিকা পোড়ায়। ফরাসি তারকাকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগানও দেওয়া হয়।

এ ধরনের ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক অধ্যায়ের কথাও মনে করিয়ে দেয়। ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোল করেছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দেশে ফেরার কিছুদিন পরই তাকে গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা