প্রবা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৭:৫৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৮:০৪ পিএম
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ট্রফি। ছবি: রয়টার্স
ফুটবল বিশ্বকাপ ২০২৬ থেকে ১৫ বিলিয়ন ডলার (১,৮৪,৬৮০ কোটি টাকা) রাজস্ব আয়ের করে রেকর্ড গড়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, যা টুর্নামেন্টের আগে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাদের ২১১টি সদস্য সংস্থাকেই নিজস্ব তহবিল ও বৈশ্বিক ফুটবল উন্নয়নের জন্য আয় বৃদ্ধি ও বিনিয়োগের তাগিদ দিয়েছেন। প্রাথমিকভাবে সংস্থাটি ১১ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিল।
এই বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অংশ এসেছে আতিথেয়তা এবং টিকিট বিক্রি থেকে, বিশেষ করে চড়া মূল্যে বা মূল দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে টিকিট বিক্রি করে। সেকেন্ডারি মার্কেট বা হাত বদলে ফিফা ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে আরও ১৫ শতাংশ কমিশন নেয়।
তবে এই আয়ের সুফল শুধু ফিফা একাই ভোগ করবে না, ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফিফার সম্প্রসারিত এই বিশ্বকাপ তহবিলের সুফলও পাবে। যদিও এ বিষয়ে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। এই আর্থিক পরিস্থিতি ফিফা সভাপতির জন্য একটি বড় স্বস্তির কারণ হবে। কারণ তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিতর্কপূর্ণ একটি মাসের পর এটি তার অবস্থানকে নতুন করে আরও মজবুত করেছে।
এ বিশ্বকাপ আসরের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেওয়া লাল কার্ড স্থগিত করার ক্ষেত্রে ফিফা ডোনাল্ড ট্রাম্পের চাপে নতি স্বীকার করেছে, এমনটাই মনে হওয়ায় ফিফাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ফিফা জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি তাদের শৃঙ্খলা কমিটি স্বাধীনভাবে নিয়েছে, কিন্তু বিশেষ করে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে এই ক্ষোভের আগুন জ্বলতেই থাকে। তবে বিশ্বকাপের বিপুল আয় থেকে অতিরিক্ত তহবিল পাওয়ার সম্ভাবনা কিছু ফুটবল অ্যাসোসিয়েশনকে তাদের অসন্তোষ প্রকাশ্যে আনা থেকে বিরত রাখতে পারে।
এই ধরনের বিপুল সুযোগ অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরেকটি আসর আয়োজনের সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে বলে অনেক ফুটবল বিশ্লেষকরা মনে করেন। শুক্রবার একটি সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প আবারও এমন আয়োজনের জন্য তার দেশের আগ্রহের কথা নিশ্চিত করেছেন।
ট্রাম্প বলেন, “আপনাদের আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। এবার আমরা কানাডা ও মেক্সিকোকে বাদ দেব।” যুক্তরাষ্ট্র ২০২৯ সালে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে আলোচনা করেছে।
শনিবার সন্ধ্যায়ও ফিফার টিকেটিং পোর্টালে নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজগুলো তালিকাভুক্ত ছিল। “ট্রফি লাউঞ্জ”-এর টিকিট জনপ্রতি ৩৪,৫০০ ডলারে বিক্রি হচ্ছিল যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৪২ লাখ টাকা।