লিওলেন মেসি ও লামিন ইয়ামাল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় অধ্যায় রচিত হতে যাচ্ছে। প্রথমবারেরর মতো ৪৮ দেশ নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের মহাযজ্ঞের শেষ ম্যাচ আজ।
একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের বর্তমান সম্রাট স্পেন। এক দল ইতিহাস রক্ষা করতে নামছে, অন্য দল ইতিহাস বদলে দিতে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহু কাঙ্ক্ষিত ম্যাচটি।
বিশ্বকাপের ফাইনাল কখনোই শুধু দুটি দলের লড়াই নয়। এটি দুই দর্শনের সংঘর্ষ, দুই ফুটবল সংস্কৃতির দ্বন্দ্ব, দুই মহাদেশের অহংকারের পরীক্ষা।
এই ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত আক্রমণ কিংবা ব্যক্তিগত নৈপুণ্য নয়। বরং এটি রক্ষণ আর আক্রমণের এক অনন্য দ্বৈরথ।
পুরো টুর্নামেন্টে স্পেন নিজেদের গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দুর্গ হিসেবে। বিপরীতে আর্জেন্টিনা যেন বিশ্বাস করেÑ প্রতিপক্ষ যত গোল দিক, তার চেয়ে একটি বেশি গোল করে জয় তুলে নেওয়া সম্ভব।
স্পেনের রক্ষণ, যেন অভেদ্য প্রাচীর
লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে লামিন ইয়ামালের নাম। মাত্র কিশোর বয়সেই তার ড্রিবলিং, গতি আর সৃজনশীলতা বিশ্বকে মুগ্ধ করেছে। কিন্তু স্পেনকে ফাইনালে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান হয়তো তাদের রক্ষণভাগের।
কোয়ার্টার ফাইনালের আগে টানা ৬৪৯ মিনিট বিশ্বকাপে কোনো গোল হজম করেনি স্পেন। বেলজিয়ামের চার্লস ডি কেটেলারের গোলে সেই রেকর্ড ভাঙলেও ম্যাচটি শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নেয় লা রোজা।
ফ্রান্সের মতো বিধ্বংসী আক্রমণভাগকেও তারা দারুণভাবে আটকে রেখেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলোর আক্রমণভাগ হোঁচট খেয়েছে।
গোলরক্ষক উনাই সিমনের আত্মবিশ্বাস, কিউবাসি-লাপোর্তের সেন্টারব্যাক জুটি, কুকুরেয়ার দৃঢ়তা আর রদ্রির রক্ষণাত্মক উপস্থিতি মিলে স্পেনকে পরিণত করেছে টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলে।
ছয়টি ক্লিন শিট- বিশ্বকাপের এক আসরে যা আগে কোনো পুরুষ দল করতে পারেনি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, এই দলের সবচেয়ে বড় অস্ত্র আক্রমণ নয়, বরং প্রতিপক্ষের আক্রমণ নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা।
অন্যদিকে আর্জেন্টিনার গল্প সম্পূর্ণ ভিন্ন। লিওনেল স্কালোনির দল নকআউট পর্বে একের পর এক গোল হজম করেছে। টানা পাঁচ ম্যাচে ক্লিন শিট নেই। কিন্তু তাতে যেন তাদের খুব একটা সমস্যা হয়নি। কারণ প্রতিটি ম্যাচেই তারা অন্তত দুটি গোল করেছে।
আর্জেন্টিনার আক্রমণভাগ দুর্দান্ত
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির অনুপ্রেরণায় বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ইংল্যান্ড যত পেছনে সরে গেছে, ততই বেড়েছে আর্জেন্টিনার আক্রমণের ঢেউ।
শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজ ও বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজের গোলে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
দুই গোলেরই রূপকার ছিলেন অধিনায়ক মেসি। আট গোলের পাশাপাশি চার গোলে সহায়তা মেসিকে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে দিয়েছে।
এই বিশ্বকাপে ইতোমধ্যে ১৯টি গোল করেছে আর্জেন্টিনা, যা এক আসরে তাদের সর্বোচ্চ। ১৯৩০ সালে দলটি করেছিল ১৮ গোল। অর্থাৎ ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা আর্জেন্টিনা দল হিসেবেই ইতোমধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্কালোনির শিষ্যরা।
আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এক অনন্য রেকর্ড। ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপÑ এই তিনটি বড় শিরোপা জয়ের পর এবার ২০২৬ বিশ্বকাপও জিততে পারলে টানা চারটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতা প্রথম দেশ হবে আর্জেন্টিনা।
একই সঙ্গে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ শিরোপাও ধরে রাখবে আলবিসেলেস্তেরা।
অন্যদিকে স্পেনের লক্ষ্যও কম নয়। ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ জিততে পারলে ইউরো ২০২৪ ও বিশ্বকাপ ২০২৬Ñ দুটি বড় শিরোপা টানা জিতে নতুন এক স্বর্ণযুগের সূচনা করবে লা রোজারা।
শুধু তাই নয়, টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা স্পেন পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ডও গড়বে।
এই ফাইনাল মেসির জন্যও বিশেষ। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আরেকটি বিশ্বকাপ জয়ের হাতছানি তার সামনে। গোল্ডেন বুট ও গোল্ডেন বলÑ দুটির লড়াইয়েই এগিয়ে আছেন তিনি।
সম্প্রতি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ না করলেও, ফুটবল বিশ্ব জানেÑ এই ফাইনাল হয়তো বিশ্বকাপের মঞ্চে মেসির শেষ নৃত্য।
তবে স্পেনের বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি সুখকর নয় আর্জেন্টিনার। একবিংশ শতাব্দীতে দুই দলের চার দেখায় তিনটিতেই জিতেছে স্পেন। ২০১৮ সালের প্রীতি ম্যাচে ৬-১ গোলের বড় হার এখনও আর্জেন্টিনার সমর্থকদের মনে তাজা।
স্পেনের শিবিরে বড় কোনো দুশ্চিন্তা নেই। সেমিফাইনালে লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোকে কিছুটা বিশ্রাম দেওয়া হলেও দুজনই ফাইনালের জন্য প্রস্তুত। ফলে সেমিফাইনালের জয়ী একাদশই ধরে রাখতে পারেন ফুয়েন্তে।
অন্যদিকে স্কালোনি হয়তো দুটি পরিবর্তন আনতে পারেন। নাহুয়েল মলিনার বদলে ডান প্রান্তে ফিরতে পারেন গনসালো মন্তিয়েল। মাঝমাঠে জুলিয়ানো সিমিওনের জায়গায় ফেরানো হতে পারে রদ্রিগো দে পলকে।
তবে ইংল্যান্ড ম্যাচের নায়ক লাউতারোর শুরু থেকেই খেলার সম্ভাবনা কম। জুলিয়ান আলভারেজই মেসির সঙ্গী হওয়ার সম্ভাবনা বেশি।
ফাইনালের আগে পরিসংখ্যান স্পেনের পক্ষে কথা বলে। বর্তমান ফর্মও তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। কিন্তু বিশ্বকাপের ফাইনাল কখনোই শুধু সংখ্যার খেলা নয়।
এক পাশে টুর্নামেন্টের সেরা রক্ষণভাগ, অন্য পাশে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ। এক পাশে শৃঙ্খলিত স্পেন, অন্য পাশে লিওনেল মেসির নেতৃত্বে অদম্য আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত মেটলাইফ স্টেডিয়ামের রাত ঠিক করে দেবেÑ বিশ্বকাপের সোনালি ট্রফি কি রক্ষণের অভেদ্য দেয়াল ভেদ করে দক্ষিণ আমেরিকায় থাকবে, নাকি ইউরোপের নতুন সম্রাটের হাতে উঠবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মুকুট।
ফুটবল থেকে আরও পড়ুন...