প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৭:২৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৭:৫৭ পিএম
দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আফগানিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শাপুর জাদরান। ছবি: এবিপি নিউজ
আফগানিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার শাপুর জাদরান মারা গেছেন। ৩৯তম জন্মদিনের মাত্র এক দিন আগে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে শাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ঘামাই জাদরান।
দীর্ঘ কয়েক মাস ধরে তিনি বিরল ও জটিল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে েএইচএলএইচ) ভুগছিলেন আফগান পেসার। জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছিল।
আফগানিস্তানের ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন শাপুর জাদরান। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই বাঁহাতি পেসার লম্বা রানআপ ও উড়ন্ত চুলের জন্য মাঠে ছিলেন সহজেই চেনা এক মুখ। ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে তিনি আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দুই সংস্করণ মিলিয়ে তার শিকার ৮০টি আন্তর্জাতিক উইকেট।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ছিল তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে ১০ উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। এছাড়া ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে ৯ ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন।
শাপুরের অসুস্থতার সময় রশিদ খান, সাবেক অধিনায়ক আসগর আফগানসহ অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটার নিয়মিত তার খোঁজখবর নিতেন। সম্প্রতি ভারত সফরে এসে আফগানিস্তান দলের অধিনায়ক হাশমতুল্লাহ শহিদী, প্রধান কোচ রিচার্ড পাইবাস, কায়েস আহমেদ ও জিয়া শরিফ দিল্লির হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।
শাপুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক বিবৃতিতে বোর্ড জানায়, আফগানিস্তান ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার পেছনে শাপুর জাদরানের অবদান ছিল অসাধারণ। তার নিষ্ঠা, সাহস এবং খেলাটির প্রতি ভালোবাসা দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়, মাঠে তার অর্জনের পাশাপাশি শাপুর ছিলেন নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক বড় অনুপ্রেরণা। তার লড়াকু মানসিকতা ও অদম্য ইচ্ছাশক্তি আফগান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।