× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিল সমর্থকের এমন মৃত্যু মানতে পারছেন না কেউ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৪:৩১ পিএম

জুয়েল রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুয়েল রানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ প্রিয় দল ব্রাজিলের পরাজয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছিলেন জুয়েল রানা (২৫)। কিন্তু সেই পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ব্রাজিল সমর্থক; যা মেনে নিতে পারছেন না তার স্বজন ও পরিচিতরা।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় কয়েকজন জানান, নিহত জুয়েল রানা উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকার বাসিন্দা। তিনি ব্রাজিল ফুটবল দলের একজন নিবেদিত সমর্থক ছিলেন। রবিবার রাতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ের পর গতকাল সকাল ১০টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ সেটিই ছিল সামাজিক মাধ্যমে তার শেষ পোস্ট। 

প্রতিদিনের মতো সোমবার দুপুরে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে বাঁশখালী উপজেলা সদরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দেন। পথে দারোগা বাজার ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা দুর্ঘটনার শিকার দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে ফুটবল অন্তঃপ্রাণ জুয়েলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। বিভিন্ন গণমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশের পর ফেসবুক পোস্টটিও মোটামুটি ভাইরাল হয়ে যায়। ১০ ঘণ্টায় তাতে রিঅ্যাকশন দিয়েছে ৫ হাজারের বেশি মানুষ। আক্ষেপের পাশাপাশি রুহের মাগফিরাত কামনায় মন্তব্য করা হয়েছে আট শতাধিক। মো. রায়হান নামে এক যুবক মন্তব্য করেছেন, “নেইমারের হার আপনি মানতে পারতেছেন না, কিন্তু আপনার হারিয়ে যাওয়া আমরা মানতে পারতেছি না”। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা