ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এ জয় নিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ছবি: দ্য গার্ডিয়ান
বয়স যেন শুধু একটি সংখ্যা। ৪০ বছর বয়সেও লুকা মোদরিচ দেখিয়ে দিলেন, বড় মঞ্চে তাঁর জাদু এখনো ফুরিয়ে যায়নি। অভিজ্ঞ এই মিডফিল্ডারের নিখুঁত কর্নার থেকে নিকোলা ভ্লাশিচের জয়সূচক গোলেই ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে এ জয় নিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেয় ২০২২ বিশ্বকাপের তৃতীয় হওয়া দলটি।
ম্যাচের ৮৩তম মিনিটে মোদরিচের কর্নার থেকে উঁচুতে লাফিয়ে হেডে বল জালে পাঠান ভ্লাশিচ। সেই গোলেই জয় নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। একই সঙ্গে ৪০ বছর ২৯১ দিন বয়সে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার কীর্তি গড়েন মোদরিচ। ১৯৬৬ সাল থেকে সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী এটি নতুন রেকর্ড।
এর আগে ম্যাচের ৩১তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত দূরপাল্লার শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পেতার সুচিচ। এটি ছিল জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধে ঘানা সমতায় ফেরে। ৭৩তম মিনিটে ডেরিক লুকাসেনের গোলে ম্যাচে সমতা ফেরে। গোলটি নিয়ে সংক্ষিপ্ত ভিডিও রিভিউ হলেও শেষ পর্যন্ত গোলের স্বীকৃতি দেন রেফারি।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১০ মিনিট পর মোদরিচের কর্নারে ভ্লাসিচের হেডে জয় নিশ্চিত করে ক্রোয়েশিয়া।
এই জয়ের ফলে গ্রুপ ‘এল’এ ইংল্যান্ডের পর দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। আর ঘানা তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে।