প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ড্রয়ের পর কেপ ভার্দে দলের উদযাপন। ছবি: এপি
ফুটবল বিশ্বের নতুন এক রূপকথা লিখল কেপ ভার্দে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ হিসেবে শেষ ৩২-এ পৌঁছানোর অনন্য এক রেকর্ড গড়ল তারা।
এবারের বিশ্বকাপেই অভিষেক হওয়া কেপ ভার্দে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ড্র করে অপরাজিত থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে। নিজেদের প্রথম ম্যাচে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকে চমকে দিয়েছিল তারা।
দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলের নাটকীয় ড্র আদায় করে নেয় ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি।
শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে ড্রটি তাদের রূপকথার যাত্রাকে পূর্ণতা দিল।
গ্রুপ ‘বি’ থেকে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে কেপ ভার্দে।
এই গ্রুপ থেকে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে পরের রাউন্ডে গেছে স্পেন।
আগামী ৩ জুলাই মিয়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।
বিশ্বকাপের ইতিহাসে সবগুলো ম্যাচ ড্র করেও পরের রাউন্ডে যাওয়ার নজির খুব বেশি নেই।
এর আগে ১৯৫৮ সালে ওয়েলস, ১৯৯০ সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এবং ১৯৯৮ সালে চিলি এই কৃতিত্ব দেখিয়েছিল। তবে ২০১০ সালে নিউজিল্যান্ড তিনটি ম্যাচ ড্র করেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কেপ ভার্দে সেই রেকর্ডে নিজেদের নাম লিখিয়ে সফলদের তালিকায় জায়গা করে নিল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেপ ভার্দে কোচ বুবিস্তা বলেছিলেন, “সবারই স্বপ্ন দেখার অধিকার আছে এবং অসম্ভব বলে কিছু নেই।”
তার শিষ্যরা মাঠের লড়াইয়ে কোচের সেই কথারই প্রতিফলন ঘটিয়েছেন।
মাত্র ৫ লক্ষ জনসংখ্যার এই দেশটি প্রমাণ করল, ফুটবলের ময়দানে সামর্থ্য আর লড়াকু মানসিকতা থাকলে ভৌগোলিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়।
এখন দেখার বিষয়, শেষ ষোলোর লড়াইয়ে মেসি-মার্টিনেজদের আর্জেন্টিনার বিপক্ষে এই পুঁচকে দেশটি কোনো নতুন চমক দেখাতে পারে কি না।