কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুশীলনে আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল (সামনে বামে), ফরোয়ার্ড লিওনেল মেসি (সামনে ডানে) এবং মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস (ডানে)। ছবি: এএফপি
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে বাংলাদেশ সময় বুধবার মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কানসাস সিটিতে গ্রুপ ‘জে’এর প্রথম ম্যাচে এদিন সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এ ম্যাচে খেললে লিওনেল মেসি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন। যদিও চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ রয়েছে তবুও কাতারজয়ী দলের ১৭ জন সদস্য এবারও স্কোয়াডে থাকায় অভিজ্ঞতায় এগিয়ে লা আলবিসেলেস্তেরা।
অন্যদিকে, রিয়াদ মাহরেজের নেতৃত্বে চমক দেখানোর লক্ষ্য নিয়ে বিশ্বকাপে এসেছে আত্মবিশ্বাসী আলজেরিয়া। দুর্দান্ত বাছাইপর্ব পার করা দলটি চোখ নকআউট পর্বে।
পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে আর্জেন্টিনাই ম্যাচের পরিষ্কার ফেবারিট। অপ্টার সুপারকম্পিউটার মেসিদের জয়ের সম্ভাবনা দেখিয়েছে ৬৮.২ শতাংশ।