প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ৫৯ মিনিট আগে
শুরুতে এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে দক্ষিণ কোরিয়া। ছবি: রয়টার্স
ফিফা বিশ্বকাপে প্রথম এশিয়ান দল হিসেবে জয় দিয়ে অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’এর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়ানরা।
শুরুতে এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সন হিউং মিনের দল।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দক্ষিণ কোরিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। বিশেষ করে দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন কয়েকটি ভালো সুযোগ হাতছাড়া করেন। চতুর্থ মিনিটে অফসাইডে ধরা পড়ার পর ১২ ও ৩৮ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। যোগ করা সময়েও লি কাং-ইনের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর শট নেওয়ার মুহূর্তে ভারসাম্য হারিয়ে ফেলেন সন।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৫৯তম মিনিটে দীর্ঘ থ্রো-ইন থেকে চেক অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন। ভ্লাদিমির কুফালের লং থ্রো থেকে পাওয়া বল কাছের পোস্ট দিয়ে জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না।
গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে হোয়াং ইন-বম চমৎকার ব্যক্তিগত নৈপুণ্যে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সমতায় ফেরান দলকে। বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষক ও ডিফেন্ডারদের বিভ্রান্ত করে নিখুঁত চিপ শটে বল জালে পাঠান তিনি।
শেষ দিকে লিড নেওয়ার চেষ্টা চালায় চেক প্রজাতন্ত্র। ৭৭ মিনিটে টমাস সৌচেক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
এরপর ম্যাচের ৮০তম মিনিটে কোরিয়ার জয়সূচক গোলটি আসে। দ্রুতগতির আক্রমণে হোয়াং ইন-বম ডান প্রান্ত থেকে নিখুঁত কাট-ব্যাক পাস দেন। সেখানে দৌড়ে এসে ওহ হিউন-গ্যু স্লাইড করে বল জালে জড়ান। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।
পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগে নেতৃত্ব দিলেও সন হিউং-মিনের দিনটি ছিল হতাশার। একাধিক সুযোগ নষ্ট করায় গোলের দেখা পাননি তিনি। তবে হোয়াং ইন-বমের এক গোল ও এক অ্যাসিস্ট এবং ওহ হিউন-গ্যুর ফিনিশিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার দলটি।
এই জয়ে গ্রুপ ‘এ’-এ গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল দক্ষিণ কোরিয়া। আগামী ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে তারা। অন্যদিকে ১৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে চেক প্রজাতন্ত্র।