× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ স্বাস্থ্যসেবা বাড়াতে সরকারের নতুন প্রকল্প

রাহাত হুসাইন

প্রকাশ : ১৬ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রামে কেউ জটিল রোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য ছুটতে হয় জেলা শহর কিংবা রাজধানী ঢাকায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা মেলে না অনেক রোগের। কোথাও চিকিৎসক ও শয্যাসংকট, কোথাও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ে চিকিৎসা ও যাতায়াত ব্যয়। জরুরি চিকিৎসা পেতেও হয় বিলম্ব। চিকিৎসার আভাবে ঘটে প্রাণহানিও। 

এ পরিস্থিতি বদলাতে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ কাজ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে দুটি পৃথক প্রকল্পের মাধ্যমে। উপজেলা পর্যায়ে গণপূর্ত অধিদপ্তর এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) দায়িত্ব পালন করবে। 

পরিকল্পনা অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ডায়ালাইসিস সেন্টার, আইসিইউ, সিসিইউ, ওয়ান-স্টপ এমার্জেন্সি সেন্টার ও অপারেশন থিয়েটার স্থাপন করা হবে। থাকবে অসংক্রামক রোগ, কৈশোর-কিশোরী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও ফিজিক্যাল মেডিসিন কর্নার। ইউনিয়ন পর্যায়ে নির্মাণ করা হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিটিতে ১৪ জন জনবল রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে গড়ে তোলা হবে একটি ‘হাব সেন্টার’। এসব প্রতিষ্ঠানের সঙ্গে উপজেলা, জেলা ও উচ্চতর পর্যায়ের হাসপাতালের সমন্বয়ে গড়ে উঠবে রেফারেল ব্যবস্থা।

নথি অনুযায়ী, ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সসমূহের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রকল্পটি নেওয়ার প্রক্রিয়া চলছে। এর মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। প্রকল্পের আওতায় ৪২৮টি বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুনর্নির্মাণ ও সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় রেট্রোফিটিং ও সংস্কার করা হবে। নতুন ১৫টি উপজেলায় হাসপাতাল নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে ৪৪৩টি স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। অবকাঠামোগত কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর।

স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ভবনের পাশাপাশি চিকিৎসক-নার্সদের আবাসিক ভবন, ডরমিটরি, সেবাভবন, মেডিকেল গ্যাস প্ল্যান্ট, সড়ক ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হবে। ২০টি উপজেলায় ৫৫ একর জমি অধিগ্রহণের প্রস্তাবও রয়েছে। জমির মালিকানা যাচাই, জেলা প্রশাসকদের সনদ ও অনাপত্তিপত্র সংগ্রহ এবং ভবনের লে-আউট পুনর্বিন্যাসের বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে।

প্রকল্পের ব্যয় প্রস্তাবে আবাসিক ভবনের জন্য প্রায় ১৬ হাজার ৯৩০ কোটি, চিকিৎসা সরঞ্জামের জন্য ৯ হাজার ৭৪১ কোটি এবং বিদ্যুৎ ও ইলেকট্রোমেকানিক্যাল কাজের জন্য ৫ হাজার ৭৫৭ কোটি টাকা রাখা হয়েছে। 

অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জনবল বাড়ানোর প্রস্তাবও রয়েছে। বর্তমানে ৪২৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটিতে অনুমোদিত পদ ১৫৪টি। তা বাড়িয়ে ৩৪৫টি করার কথা বলা হয়েছে। নতুন ১৫টি হাসপাতালেও একই সংখ্যক পদ থাকবে। বিদ্যমান হাসপাতালের জন্য ৮১ হাজার ৭৪৮টি এবং নতুন হাসপাতালের জন্য ৫ হাজার ১৭৫টিসহ মোট ৮৬ হাজার ৯২৩টি স্থায়ী পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। 

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নতুন অবকাঠামো তৈরি হলে তৃণমূলের মানুষের চিকিৎসার সুযোগ ও মান বাড়বে। আগে ভবন নির্মাণের পরও জনবলের অভাবে অনেক হাসপাতাল চালু করা সম্ভব হতো না। এবার অবকাঠামো নির্মাণের পাশাপাশি জনবল নিয়োগের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. লেলিন চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল ছাড়া এসব বিনিয়োগের সুফল মিলবে না। চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ এবং কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা জরুরি। 

প্রকল্পের নথিতে অস্থায়ীভাবে ৩৭ হাজার ৬৫৫ থেকে ৪৮ হাজার ৭৩০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা দেখানো হয়েছে। ওষুধ, পরিবহন, খাবার ও সহায়ক সেবায় পরোক্ষভাবে কাজ পেতে পারেন আরও ৪৩ হাজার ৪৬২ জন। স্থায়ী পদ ও পরোক্ষ কর্মসংস্থান মিলিয়ে সম্ভাব্য সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৩৮৫। ব্যয়-সুবিধা অনুপাত ১ দশমিক ১৮ এবং অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার ১৫ দশমিক ৪৫ শতাংশ ধরা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিবন্ধী রোগীদের জন্য র‌্যাম্প, জরুরি বহির্গমন, ফায়ার লিফট, অগ্নিনিরাপত্তা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনাও রাখা হবে। 

অন্যদিকে, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে পৃথক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১১ হাজার ৮২৬ কোটি ৩৯ লাখ টাকা। ‘বাংলাদেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নীতকরণ, নবরূপায়ণ এবং মেরামত ও সংস্কার কাজ’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এ প্রকল্পে স্বাস্থ্য অবকাঠামোবিহীন ইউনিয়নে ৫৯৮টি নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করা হবে। ৪২৮টি জরাজীর্ণ উপ-স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর ও ৫ হাজার ৮৭৫টি জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা হাব হিসেবে পুনর্নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া নতুন ৩৫০টি হাব নির্মাণ করা হবে। ইউনিয়ন পর্যায়ের কেন্দ্রগুলো হবে তিনতলা। প্রতিটিতে ১৪ জন কর্মী থাকবেন। হাবগুলোতে প্রাথমিক চিকিৎসা, পরীক্ষা, ওষুধ ও রেফারেল সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা