প্রকল্পের খাঁড়ায় পড়ে রাইডশূন্য রাজধানীর শাহবাগে শহীদ জিয়া শিশুপার্কের পুরো এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
একসময় শিশুদের কলকাকলি আর রাইডের যান্ত্রিক শব্দে মুখর থাকত রাজধানীর শাহবাগের শহীদ জিয়া শিশুপার্ক। স্মৃতির মণিকোঠায় জমে থাকা পার্কটি আজ কেবলই এক দীর্ঘশ্বাসের নাম। আধুনিকায়নের নামে পার্কটির রূপবদলের উদ্যোগ এখন দীর্ঘসূত্রতায় আটকে আছে। পুনর্নির্মাণের আওতায় ভবন নির্মাণ, পুকুর খনন ও বিভিন্ন অবকাঠামোর কাজ চললেও পার্কের মূল আকর্ষণ রাইড কেনাই এখনও চূড়ান্ত হয়নি। দুই দফা উন্মুক্ত দরপত্র (ওটিএম) আহ্বানের পর এবার তা বাতিল করে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাইড কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্য বলছে, ২০১৯ সালের জানুয়ারিতে রাজধানীর এই শিশুপার্ক বন্ধ ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মুক্তিযুদ্ধের ‘স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের কাজের জন্য পার্কের চারপাশে টিনের বেড়া দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর ২০২৩ সালের জুলাইয়ে শিশুপার্কটির আধুনিকায়ন প্রকল্প নেওয়া হয়, যার মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে। প্রকল্পে পূর্তকাজ ও সরঞ্জাম কেনার জন্য রয়েছে ১৪টি প্যাকেজ।
পার্কটির আধুনিকায়নে ব্যয় ধরা হয়েছে ৬০৩ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ৪৮৩ কোটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) দিচ্ছে ১২০ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পের বড় আকর্ষণ ১৫টি রাইড। পরিকল্পনায় রয়েছে মাইন কোস্টার, ডিস্কো মেগা ৪০, সুপার এয়ার রেস, ১২ডি থিয়েটার ও ওয়াটার ম্যানিয়াসহ ১৫টি রাইড। কিন্তু দুই দফা দরপত্র আহ্বান করেও এসব রাইড কেনা সম্ভব হয়নি। দুই দফার দরপত্রেই বিতর্ক তৈরি হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় থাকা জিপ ও পিকআপ, সাউন্ড সিস্টেম, ১০ বাই ১৫ ফুটের এলইডি স্ক্রিন এবং কালার প্রিন্টার কেনার অগ্রগতি এখনও শূন্য।
প্রথমবার ২০২৪ সালের মে মাসে ওটিএম পদ্ধতিতে রাইড কেনার দরপত্র আহ্বান করা হয়। তখন প্রকল্প পরিচালক (পিডি) ছিলেন ডিএসসিসির তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান। তার বিরুদ্ধে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে দরপত্রে শর্ত যুক্ত করার অভিযোগ ওঠে। এই অভিযোগের পর শেষ পর্যন্ত দরপত্রটি বাতিল হয়। দ্বিতীয় দফায় ২০২৬ সালের ২০ মে আবারও উন্মুক্ত দরপত্র আহ্বান করে ই-জিপি পোর্টালে প্রকাশ করা হয়। দরপত্র গ্রহণ ও খোলার তারিখ ছিল ১৬ জুলাই। কিন্তু এর তিন দিন আগে ১৩ জুলাই ডিএসসিসি এই কার্যক্রম স্থগিত করে। সংস্থাটির প্রকল্প সহায়ক ও নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণবশত’ দরপত্র স্থগিতের কথা জানানো হয়। তবে স্থগিতের বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর মধ্যে গত ৩০ জুন প্রকল্প পরিচালক আনিসুর রহমানকে সদ্য গঠিত বগুড়া সিটি করপোরেশনে বদলি করা হয়। পরে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে নতুন পিডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি এই প্রকল্পের পূর্তকাজের নির্বাহী প্রকৌশলী হিসেবে আগে দায়িত্ব পালন করেছেন। নতুন পিডি হিসেবে দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় বদলে যায় রাইড কেনার প্রক্রিয়া।
গত ১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ ওটিএম বাদ দিয়ে ডিপিএম পদ্ধতিতে রাইড কেনার সিদ্ধান্ত অনুমোদন করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-২ শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়, ডিএসসিসি বাস্তবায়নাধীন ‘শিশুপার্ক আধুনিকীকরণ’ প্রকল্পের জিডি-১ প্যাকেজের ক্রয়পদ্ধতি ওটিএমের পরিবর্তে ডিপিএমে বাস্তবায়নের প্রস্তাব বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটির (ডিপিইসি) সভার সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকারমন্ত্রী অনুমোদন করেছেন। উপসচিব মো. ইবাদত হোসেন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ক্রয়পরিকল্পনা স্বাক্ষর করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম নিতে বলা হয়েছে।
প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত পার্ক আধুনিকায়নের সার্বিক ভৌত অগ্রগতি মাত্র ৩০ শতাংশ। প্যাকেজভিত্তিক হিসাবে পুকুর, ফোয়ারা ও ওয়াটার চ্যানেলিংয়ের কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। অফিস ভবন ও সহায়ক অবকাঠামোর কাজ হয়েছে ৬০ শতাংশ। সীমানাপ্রাচীর, ওয়াকওয়ে ও পাবলিক ফ্যাসিলিটির কাজ ৩৫ শতাংশ এবং প্লাজা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার কাজ ৩৩ শতাংশ শেষ হয়েছে। ফিনিশিং, সৌন্দর্যবর্ধন ও অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজের অগ্রগতি ১৮ শতাংশ। তবে গার্ডেন লাইটিং ও বহিরাঙ্গন বৈদ্যুতিক কাজ হয়েছে মাত্র ২ শতাংশ।
মাঠপর্যায়ে সীমানাপ্রাচীর, সামনের ব্যাংক ভবন ও প্লাজা নির্মাণে অগ্রগতি দেখা গেছে। পুকুর, সেন্ট্রাল ফোয়ারা ও ওয়াটার চ্যানেলিংয়ের কাজ চলছে। তবে রাইড স্থাপন না হওয়ায় পার্কের মূল বিনোদন অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ২৪ কোটি ২৭ লাখ টাকা। অগ্রগতি প্রতিবেদনে আর্থিক অগ্রগতি ৮ দশমিক ৪২ শতাংশ উল্লেখ করা হলেও মোট অনুমোদিত ব্যয় (৬০৩ কোটি ৮১ লাখ টাকা)-এর বিপরীতে এই ব্যয়ের হার মূলত প্রায় ৪ দশমিক ০২ শতাংশ। দুই হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। অন্যদিকে রাইড কেনার কাজ এখনও শুরুই হয়নি।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রকল্পের বড় অংশ অর্থাৎ সিভিল নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রাইড কেনার প্রক্রিয়া বাকি। দীর্ঘদিন ধরে রাইড কেনার দরপত্র প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় দরপত্র প্রক্রিয়া স্থগিত করে সরাসরি ক্রয় পদ্ধতিতে যাওয়ার অনুমোদন দিয়েছে”।
দ্রুত পার্কটির নির্মাণকাজ শেষ করে নগরবাসীর জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর সিটিজেনস রাইটসের (সিসিআর) আহ্বায়ক অ্যাডভোকেট নোমান সালমান। তিনি এই প্রতিবেদককে বলেন, “শহরের শিশুদের বিনোদনের অন্যতম কেন্দ্র এই পার্ক। ঈদসহ বিভিন্ন উৎসবে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর পছন্দের জায়গা ছিল এটি। দীর্ঘদিন ধরে পার্কটি বন্ধ থাকায় শিশুরা গুরুত্বপূর্ণ একটি বিনোদনকেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে”।
শহীদ জিয়া শিশুপার্ক ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে পার্কের কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে”।
প্রসঙ্গত, শাহবাগের শিশুপার্কটি ১৯৭৯ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে গড়ে ওঠে। ১৫ একর জমিতে গড়া পার্কটি ১৯৮৩ সালে ঢাকার মিউনিসিপ্যাল করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তখন এর নাম ছিল ‘ঢাকা শিশুপার্ক’। পরে মেয়র সাদেক হোসেন খোকার সময় এর নাম দেওয়া হয় ‘শহীদ জিয়া শিশুপার্ক’। ২০২১ সালের ডিসেম্বরে মেয়র শেখ ফজলে নূর তাপস এই নাম পরিবর্তন করে রাখেন ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুপার্ক’। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ফের ‘শহীদ জিয়া শিশুপার্ক’ নাম পুনর্নিশ্চিত করা হয়। উন্নয়নকাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হবে।