গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নিয়ন্ত্রণহীনভাবে ঢাকার সড়কে বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। অলিগলি পেরিয়ে প্রধান সড়কেও এখন এসব বাহনের রাজত্ব। এতে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে সরকার অটোরিকশার নিবন্ধন বাধ্যতামূলক করে নতুন বিধিমালা জারি করেছে। এতে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ পাঁচটি বাহন নিবন্ধনের সীমা বেঁধে দেওয়া হলেও একই পরিবারের একাধিক সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে এই সীমা এড়ানোর বড় সুযোগ রয়ে গেছে। সিটি করপোরেশনভিত্তিক মোট কতটি অটোরিকশা নিবন্ধন পাবে, তা নির্দিষ্ট না করায় এবং পুরনো বাহন না সরিয়ে নতুন ই-রিকশা নামানোর সুযোগ থাকায় এই নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ঘোরতর প্রশ্ন উঠেছে।
১ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। এই বিধিমালায় নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি ই-রিকশার সংখ্যা, রুট ও জোন নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে সিটি করপোরেশনকে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের তারিখ থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফটাইম) ধরা হয়েছে ১২ বছর, এরপর নম্বরপ্লেটসহ নিবন্ধন বাতিল হবে। তবে রাস্তায় সচল রাখতে প্রতিবছর নির্দিষ্ট ফি দিয়ে নবায়ন করতে হবে। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার যাত্রী ধারণক্ষমতার ক্ষেত্রে এটি যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা। এর সঙ্গে ফিটনেস সনদের জন্য বছরে ১ হাজার টাকা ফি দিতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা অনুযায়ী, পুরনো ই-রিকশার প্রযুক্তিগত মান পরিবর্তন করে ফিটনেস সনদ নেওয়া এবং নির্ধারিত গ্যারেজে চার্জিং বাধ্যতামূলক করা হয়েছে।
বিধিমালায় ফাঁকফোকর ও মালিকদের কৌশল
এতদিন ঢাকার অটোরিকশার প্রকৃত সংখ্যা ও মালিকানা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা ছিল না। নতুন বিধিমালায় একজন ব্যক্তির নামে পাঁচটির বেশি নিবন্ধনের সুযোগ নেই। তবে পরিবারের অন্য সদস্যদের এনআইডিতে নিবন্ধনের ক্ষেত্রে কোনো আইনি বাধা রাখা হয়নি। ফলে প্রকৃত মালিকানা আড়াল করে পরিবারের সদস্যদের পরিচয়পত্র ব্যবহার করে একচেটিয়া ব্যবসা করার সুযোগ থেকে যাচ্ছে। শনির আখড়ার গ্যারেজ মালিক মো. শহিদ বলেন, তার অধীনে ৩০টি অটোরিকশা রয়েছে। তিনি নিজের নামে পাঁচটি নিবন্ধন নিয়ে বাকিগুলোর জন্য পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি ব্যবহার করবেন। তার মতে, এমনটা না করতে পারলে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন।
জোনভিত্তিক চলাচল ও যাত্রীদের শঙ্কা
নতুন বিধিমালায় জোনভিত্তিক চলাচলের সিদ্ধান্ত নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়েছে। কামরাঙ্গীরচরের চালক আবু সালাম জানান, তিনি শুনেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি জোনে ভাগ করা হতে পারে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছবে। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘যাত্রাবাড়ী থেকে কোনো অসুস্থ রোগীকে ধানমন্ডি নিতে হলে তিনি ভেঙে ভেঙে যেতে পারবেন না।’ এজন্য পুরো দক্ষিণ সিটিকে এক জোনের আওতায় রাখার দাবি তার।
অন্যদিকে অটোরিকশার বিস্তারে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী প্যাডেলচালিত রিকশা। ঢাকা নিউ সিটি রিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাসান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অটোরিকশা থাকলে সাধারণ যাত্রীরা আর প্যাডেল রিকশায় উঠতে চান না। ফলে এক দিন অটোর চাপে হয়তো হারিয়ে যাবে প্যাডেল রিকশা। তবে বুয়েট অনুমোদিত নতুন ই-রিকশার দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মালিকদের পক্ষে তা কেনা সম্ভব নয়।
বিশেষজ্ঞদের শঙ্কা ও সিটি করপোরেশনের উদ্যোগ
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একই পরিবারের একাধিক এনআইডি ব্যবহারের সুযোগ থাকলে নিয়ন্ত্রণ কার্যক্রম শিথিল হয়ে পড়বে। কঠোর তদারকি ছাড়া নতুন বিধিমালার সুফল পাওয়া কঠিন।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. শামছুল হক এ প্রতিবেদককে বলেন, পুরনো রিকশা সরিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন বাহন নামানোই প্রধান চ্যালেঞ্জ। লাখ লাখ রিকশা ইতোমধ্যে রাস্তায় রয়েছে। পরীক্ষা ছাড়া সেগুলোর সনদ দেওয়া হলে পরিস্থিতি ভয়াবহ হবে। মালিকরা বড় বিনিয়োগের কারণে পুরনো বাহন সরাতে চাইবেন না, আবার নতুন ই-রিকশা নামলে যানজট আরও বাড়বে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নিবন্ধনের ফরম বিতরণ শুরু করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনও এ কার্যক্রম শুরুই করেনি। ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ স্বীকার করেন, এক পরিবারের একাধিক সদস্যের এনআইডি দিয়ে নিবন্ধনে আইনি বাধা নেই। তবে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই করা হবে, যা ডিএমপির ডেটাবেজের সঙ্গে যুক্ত থাকবে। এতে একই ব্যক্তি একাধিক সিটি করপোরেশন থেকে আবেদন করলে তা শনাক্ত করা যাবে।
আইনি কাঠামো তৈরি হলেও শুধু নিবন্ধন দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না। সিটি করপোরেশনভিত্তিক সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ, পুরনো বাহন অপসারণ এবং মাঠপর্যায়ে কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে, একই মালিকের একাধিক অটোরিকশা পরিবারের বিভিন্ন সদস্যের নামে নিবন্ধিত হয়ে সড়কেই দাপিয়ে বেড়াবে। ফলে নিয়ন্ত্রণের মূল লক্ষ্য অধরাই থেকে যাওয়ার শঙ্কা প্রবল।