× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালো নেই ঢাকা

রাহাত হুসাইন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ০৮:১১ এএম

ঢাকার বনশ্রী ও আফতাবনগর আবাসিক এলাকার একাংশ। ছবি: সংগৃহীত

ঢাকার বনশ্রী ও আফতাবনগর আবাসিক এলাকার একাংশ। ছবি: সংগৃহীত

একসময় ঢাকা ছিল শান্তির শহর। মনোমুগ্ধকর পরিবেশ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক বিদেশি এখানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। সেই সুন্দর ঢাকা আজ কংক্রিটের নগরে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে শহরের পরিধি, সেই সঙ্গে বাড়ছে নাগরিক সমস্যা। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। পরিবেশ, নাগরিক সুযোগ-সুবিধা, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা— সবকিছু মিলিয়ে ক্রমেই বসবাসের উপযোগিতা হারাচ্ছে আমাদের প্রিয় ঢাকা।

যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, শব্দদূষণ, মশার উপদ্রব ও অপরিকল্পিত নগরায়ণে নগরজীবন দুর্বিষহ হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সড়ক ও ফুটপাত দখল। যানবাহনের কালো ধোঁয়ায় ভারী হচ্ছে বাতাস, দূষিত হচ্ছে খাল ও নদী। ওয়াসার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ, রান্নার গ্যাসের সংকট এবং যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ— কোনো সমস্যাই যেন পিছু ছাড়ছে না নগরবাসীর।

কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবনের আশায় প্রতিদিন অসংখ্য মানুষের গন্তব্য ঢাকা। অথচ এই শহরেই বাড়ছে বসবাসের বিড়ম্বনা। ঢাকার ভৌগোলিক পরিধি যত বাড়ছে, মানুষের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ততই সংকুচিত হচ্ছে। গ্রাম ও মফস্বল থেকে কর্মসংস্থান কিংবা উন্নত চিকিৎসার আশায় ঢাকায় আসা বহু মানুষ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালকেন্দ্রিক দালাল চক্র, প্রতারকদের ফাঁদ এবং অবহেলার কারণে অনেককেই নিঃস্ব হতে হচ্ছে। উন্নত জীবনের প্রত্যাশায় রাজধানীতে এসে তাদের অনেকের জীবনই হয়ে উঠছে অনিশ্চিত ও দুর্বিষহ।

এ যেন কংক্রিটের জঙ্গল

পুরো রাজধানী যেন বহুতল ভবনের এক ধূসর জঙ্গলে পরিণত হয়েছে। ভূমি ব্যবহারের ভয়াবহ পরিবর্তন নগর সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) ‘ঢাকা শহরের ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের পরিবর্তন বিশ্লেষণ : ২০১৫-২০২৫’ শীর্ষক গবেষণা অনুযায়ী, এক দশকে ঢাকায় নির্মাণ অবকাঠামোর আওতাধীন এলাকা বেড়েছে ৫০ দশমিক ৮৭ শতাংশ। ২০১৫ সালে শহরের প্রায় ৫০ শতাংশ এলাকা নির্মাণ অবকাঠামোর আওতায় থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৫ শতাংশে।

কংক্রিটের বিস্তারের বিপরীতে সংকুচিত হয়েছে পরিবেশগত সম্পদ। এক দশকে ঢাকা হারিয়েছে ৪৬ দশমিক ৭৬ শতাংশ জলাশয়। ২০১৫ সালে শহরের ১৭ শতাংশের বেশি এলাকা জলাশয় থাকলেও ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৯ শতাংশে। হারিয়ে গেছে ২ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জলাশয়। একই সময়ে গাছপালায় আচ্ছাদিত এলাকা কমেছে ৩১ দশমিক ০৬ শতাংশ এবং খালি বা পতিত জমি ৬৭ দশমিক ২৮ শতাংশ।

ধারণক্ষমতার তিনগুণ জনসংখ্যার শহর : এক কোটি মানুষের উপযোগী শহরে এখন বসবাস করছে তিন কোটির বেশি মানুষ। জাতিসংঘের হিসাবে, ২০২৫ সালে ঢাকার জনসংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৬৬ লাখ। জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগর সম্প্রসারণের চাপ বাড়ছে আবাসন, সড়ক, বাণিজ্যিক এলাকা ও নাগরিক সেবায়। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম।

রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) গবেষণা অনুযায়ী, আট দশকে ঢাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার খাল হারিয়ে গেছে। ১৮৮০ থেকে ১৯৪০ সালের ভূমি জরিপের নথির সঙ্গে ২০২২ সালের স্যাটেলাইট চিত্র তুলনা করে দেখা গেছে, প্রায় ৩০৭ হেক্টর এলাকার খাল বিলুপ্ত হয়েছে। পুরোপুরি হারিয়ে গেছে ৯৫টি খাল।

খাল ও জলাধার হারানোর প্রভাব পড়েছে নগরের পানি নিষ্কাশন ব্যবস্থায়। ২০২৬ সালের বর্ষার আগে দুই সিটি করপোরেশন রাজধানীর ১৪১টি এলাকাকে জলাবদ্ধতাপ্রবণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৩টি এলাকা রয়েছে। ঢাকা ওয়াসাও পৃথকভাবে ৪৮টি এলাকাকে লাল তালিকাভুক্ত করেছে। সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

সমন্বয়হীনতায় বাড়ছে দূষণ ও ভোগান্তি

বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতায় রাজধানীর সড়কে চলছে একের পর এক খোঁড়াখুঁড়ি। ঢাকা ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও সিটি করপোরেশনের মধ্যে সমন্বয় না থাকায় একই সড়ক বারবার খোঁড়া হচ্ছে। এক সংস্থার কাজ শেষ হতে না হতেই অন্য সংস্থা শুরু করছে খননকাজ। এতে বাড়ছে ধুলাবালি ও যানজট, দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী।

পরিকল্পনাহীন নগরায়ণের সঙ্গে যুক্ত হয়েছে বায়ু, শব্দ, পানি, আলো ও দৃশ্যদূষণ। বিআরটিএ বছরে একবার যানবাহনের ফিটনেস পরীক্ষা করলেও সারা বছর সড়কে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর তদারকির অভাব রয়েছে। গত ৪ নভেম্বর আন্তর্জাতিক বায়ুমান সূচকে দূষিত শহরের তালিকার শীর্ষ সারিতে ছিল ঢাকা। আইকিউএয়ারের সূচকে ১৭০ স্কোর নিয়ে শহরটির অবস্থান ছিল চতুর্থ।

ঢাকার বায়ুদূষণ প্রসঙ্গে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) সভাপতি পরিবেশবিদ অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ২০ দশমিক ৭ থেকে ২১ শতাংশ এবং নাইট্রোজেন প্রায় ৭৮ শতাংশ। কিন্তু কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসের পরিমাণ বাড়ায় বায়ুর মান নষ্ট হচ্ছে। সমস্যাটি অক্সিজেনের পরিমাণগত ঘাটতি নয়, বরং বায়ুর গুণগত মানের চরম অবক্ষয়।

পরিকল্পনার ধারাবাহিকতা নেই

ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, পরিকল্পনার ঘাটতি, রাষ্ট্রীয় অঙ্গীকারের অভাব ও নাগরিক দায়িত্বহীনতার কারণে ঢাকা আজকের অবস্থায় পৌঁছেছে। শহরের ধারণক্ষমতার তুলনায় তিন থেকে চারগুণ বেশি মানুষের চাপ তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে বদলে যায় নগর পরিকল্পনার কাঠামো। আগের পরিকল্পনা বাস্তবায়নে ধারাবাহিকতা থাকে না। বাণিজ্যিক স্বার্থে জলাধার ও সবুজ এলাকা সংরক্ষণের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। ডিটেইল্ড এরিয়া প্ল্যানের (ড্যাপ) নীতিমালায় বারবার আপসের ফলে আবাসিক ও বাণিজ্যিক ভবন বাড়লেও খেলার মাঠ ও পার্কের মতো নাগরিক সুবিধা বাড়ছে না।

অলিগলিতে মাদক

নাগরিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। নগরের অলিগলিতে প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা। ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির আতঙ্কে দিন কাটছে পথচারী ও নগরবাসীর। এসব অপরাধ দমনে মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে নিয়মিত বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সড়কও দখলে

ফুটপাতের বড় অংশ হকার ও অটোরিকশার দখলে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে বাড়ছে যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

চিকিৎসা নিয়ে বাণিজ্য

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও ঢাকায় তা ঘিরে গড়ে উঠেছে বড় ধরনের বাণিজ্য। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে, বেসরকারি হাসপাতালেও মিলছে না প্রত্যাশিত মানের চিকিৎসাসেবা। চিকিৎসার নামে প্রতারণার শিকার হচ্ছে অনেকে। ফলে উন্নত চিকিৎসার আশায় ভারত, থাইল্যান্ড, চীন ও সিঙ্গাপুরে যেতে বাধ্য হচ্ছে বহু মানুষ।

লাখ লাখ বেকার

ঢাকা শহর এখন বেকারত্বের ভারে ন্যুব্জ। নগরীর পথে পথে ছড়িয়ে-ছিটিয়ে আছে উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত বেকার মানুষের ভিড়। কেউ খুঁজছেন একটি চাকরি, কেউ স্বাবলম্বী হওয়ার আশায় ব্যবসার পথ খুঁজছেন, আবার কেউ নিছক জীবিকার তাগিদে যেকোনো একটি কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন।

সারা দেশ থেকে প্রতিদিন বেকার মানুষের স্রোত এসে ভিড় করছে রাজধানী ঢাকায়। কর্মসংস্থানের আশায় আসা এসব অসহায় মানুষের চাপ সামলাতে গিয়ে ঢাকা যেন নিজেই আজ অসহায়। একদিকে কর্মপ্রত্যাশী মানুষের দীর্ঘশ্বাস, অন্যদিকে সীমিত কর্মসংস্থানের বাস্তবতা— সব মিলিয়ে রাজধানী ঢাকা যেন বেকারত্বের এক বিশাল ভার বহন করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা