× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি আবাসিক এলাকা: ‘সমঝোতায়’ সরছেন ভাড়াটিয়া

রাহাত হুসাইন

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ০৮:৩৭ এএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৫:১৮ পিএম

পূর্ব আজিমপুরের সরকারি মৌচাক কলোনির একটি ভবন থেকে রবিবার ভাড়াতিয়া ছেড়ে যাওয়ার চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পূর্ব আজিমপুরের সরকারি মৌচাক কলোনির একটি ভবন থেকে রবিবার ভাড়াতিয়া ছেড়ে যাওয়ার চিত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি আবাসনে অবৈধ সাবলেট বাণিজ্য ও বিশৃঙ্খলা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আজিমপুর, মিরপুর, উত্তরা ও মতিঝিলসহ রাজধানীর সরকারি আবাসিক এলাকাগুলোতে শুরু হয়েছে সরকারি আবাসন পরিদপ্তরের চিরুনি অভিযান। বরাদ্দ বাতিলের আশঙ্কায় ভাড়াটিয়াদের আসবাবপত্র সরিয়ে দিচ্ছেন বরাদ্দপ্রাপ্তরা। কেউ বাসা ছেড়ে যাচ্ছেন, কেউ মালপত্র সরানোর জন্য বাড়তি সময় চাইছেন। আবার কেউ কেউ খাট-চৌকি সরিয়ে আত্মীয় পরিচয়ে থাকার চেষ্টা করছেন।

দীর্ঘদিন ধরে সরকারি আবাসনের অনেক বরাদ্দপ্রাপক তাদের নামে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া দিয়ে আসছেন। বিষয়টি আবারও আলোচনায় এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজিমপুরের সরকারি আবাসন জোন-বি পরিদর্শনের পর। গত ১৭ অক্টোবর তিনি সেখানে গিয়ে পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখেন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি সাবলেট ভাড়ার বিষয়টিও তার নজরে আসে। এরপরই তৎপর হয়ে ওঠে সরকারি আবাসন পরিদপ্তর।

গত ২৯ অক্টোবর সাবলেট বন্ধে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে পরিদপ্তর। এতে বলা হয়, পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাদের বরাদ্দ পাওয়া বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী। গণবিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে দিয়ে বাসায় বরাদ্দপ্রাপকদের অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর কোনো বাসায় সাবলেট পাওয়া গেলে বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে বিধিমালার ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

গণবিজ্ঞপ্তির পর অনেক সরকারি বাসা বরাদ্দপ্রাপ্তরা সাবলেট ভাড়াটিয়াদের দ্রুত বাসা ছাড়ার জন্য চাপ দেন। এতে বিপাকে পড়েন ভাড়াটিয়ারা। হঠাৎ বাসা ছাড়তে হওয়ায় তাদের নতুন বাসা খুঁজতে বেগ পেতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সাবলেট উচ্ছেদের পাশাপাশি আজিমপুর সরকারি আবাসন জোন-বিতে পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসিক এলাকার বিভিন্ন স্থান থেকে জমে থাকা ময়লা-আবর্জনা সরানো হচ্ছে। ডাস্টবিন বসানো হচ্ছে। এলোমেলোভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তার অপসারণ, খোলা জায়গায় গাছ ও ঘাস লাগানো, পুকুরপাড়ের পরিবেশ উন্নত করা এবং বড় গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পার্কিং এলাকার টাইলস পরিবর্তন, প্রবেশপথের ফটক রঙ করা এবং নতুন গতিরোধক স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দিয়ে নোটিস টানানো হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। নানা নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা জোরদার করতে। খেলার মাঠে রাত ৮টার পর খেলাধুলা এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

একইভাবে পূর্ব আজিমপুরের সরকারি মৌচাক কলোনিতেও সাবলেট ভাড়াটিয়াদের বাসা ছাড়তে দেখা যাচ্ছে। সেখানে জরাজীর্ণ ভবন সংস্কারের কাজ চলছে। পাশাপাশি কলোনির ভেতরে অননুমোদিত গাড়ি, ভ্যান ও অন্যান্য যানবাহন পার্কিং বন্ধে গণপূর্ত বিভাগের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অনুমতি ছাড়া রাখা যানবাহন কর্তৃপক্ষ সরিয়ে দিতে পারবে। 

সাবলেট উচ্ছেদের উদ্যোগে বিপাকে পড়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভাড়াটিয়ারা। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে পূর্ব আজিমপুরের সরকারি মৌচাক কলোনিতে গিয়ে দেখা যায়, ৩৩/১ ভবনের এক সাবলেট ভাড়াটিয়া বাসা ছেড়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  শাকিলা (ছদ্মনাম)। তিনি জানান, চার বছর ধরে তিনি সেখানে থেকে পড়াশোনা করছেন। দুই দিন আগে হঠাৎ তাদের ২৪ ঘণ্টার মধ্যে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরদিনই আজিমপুর তারা মসজিদের পাশে একটি ভবনে মাসে ১২ হাজার টাকা ভাড়ায় নতুন বাসা নেন তিনি। নতুন বাসা খুঁজতে সারা দিন ব্যয় করতে হয়েছে তাকে। আগে আট হাজার টাকা ভাড়ায় থাকলেও নতুন বাসার জন্য তাকে চার হাজার টাকা বেশি গুনতে হচ্ছে। আগের বাসার ভাড়ার মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ বিল অন্তর্ভুক্ত ছিল। নতুন বাসায় ভাড়ার পাশাপাশি এসব বিল আলাদাভাবে দিতে হবে।

এদিকে, বাসিন্দারাও সাবলেট অপসারণে উদ্যোগী হয়েছে। আজিমপুর সরকারি আবাসন কলোনির জোন ‘বি’-এর ৩ নম্বর ভবনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, সরকারি নিদের্শনা অনুযায়ী তারা নিজ উদ্যোগে ভবনের প্রতিটি তলায় গিয়ে অবৈধ সাবলেট অপসারণে কাজ করছেন। তাদের ভবনে সাবলেট সমস্যা প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ কার্যক্রমের ফলে আবাসিক পরিবেশ আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানীর সরকারি আবাসিক এলাকাগুলোতে সাবলেটের বিষয়টি খতিয়ে দেখতে চার থেকে পাঁচটি বিশেষ তদন্ত দল গঠন করেছে আবাসন পরিদপ্তর। দলগুলো প্রতিটি ফ্ল্যাটে সরেজমিনে গিয়ে বরাদ্দপ্রাপকের পরিচয়, বসবাসের ধরন এবং সাবলেট দেওয়ার তথ্য যাচাই করছে। এ বিষয়ে আবাসন অধিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান জানান, আজিমপুর ছাড়াও মিরপুর, উত্তরা ও মতিঝিলসহ ঢাকার সব সরকারি আবাসিক এলাকায় অভিযান চলছে। প্রাথমিকভাবে সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ করতে আরও দুই থেকে চার দিন সময় লাগতে পারে।

তিনি বলেন, তদন্ত দলের সদস্যরা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, সাবলেটের বিষয়টি ধরা পড়ার আশঙ্কায় অনেক ভাড়াটিয়া দ্রুত খাটিয়া, চৌকি ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন। কোথাও মূল বরাদ্দপ্রাপক ও সাবলেট ভাড়াটিয়াদের মধ্যে সমঝোতার ভিত্তিতেও মালপত্র সরানোর ঘটনা ঘটতে পারে। এসব বিষয় তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা