ছবি: প্রতিদিনর বাংলাদেশ
পুরান ঢাকার ধোলাইখাল বললেই চোখে ভাসে ইঞ্জিনের পোড়া মবিল, লেদ মেশিনের বিকট শব্দ আর সড়কের পাশে লোহার স্তূপ। এমন কর্মব্যস্ত পরিবেশের ধুলোমাখা পথেও এখন দেখা যাচ্ছে পরিবর্তনের ছবি।
একসময় যে সড়ক বিভাজকে জমত ময়লা-আবর্জনা, সেখানে এখন শোভা পাচ্ছে সবুজ চারাগাছ। গাছ লাগানোর পাশাপাশি সেগুলো রক্ষায় এগিয়ে এসেছেন স্থানীয় তিন তরুণ— ইসমাইল হোসেন সজল, সাদ্দাম উল করিম ও মাসুদ নাদিম। নিজেদের খরচে বাঁশের বেড়া দিয়ে তারা চারাগাছগুলো রক্ষার চেষ্টা করছেন।
সজল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগে সড়ক বিভাজকে স্থানীয় লোকজন ময়লা ফেলতেন। জায়গাটি পরিষ্কার করে তারা গাছ লাগান। এরপরও ময়লা ফেলা অব্যাহত থাকায় নিজেদের টাকায় বেড়া দিয়েছেন। প্রায় ৭০০ ফুট এলাকাজুড়ে গাছগুলো রক্ষার চেষ্টা করছেন তারা। ধোলাইখালের অন্য অংশেও সিটি করপোরেশনের উদ্যোগে গাছ লাগানো হয়েছে।
শুধু ধোলাইখাল নয়, কংক্রিটের রাজধানীকে ফুল ও সবুজে সাজাতে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান সড়কের বিভাজক, চত্বর, মেট্রোরেল ও ফ্লাইওভারের নিচে, পার্ক, খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানে লাগানো হচ্ছে ফুল ও শোভাবর্ধনকারী গাছ। কোথাও গড়ে তোলা হচ্ছে সবুজ বেষ্টনী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন স্থানে ২ লাখ ২৮ হাজারের বেশি গাছ ও চারা রোপণ করা হয়েছে। প্রায় ৪০ কিলোমিটার সড়ক বিভাজকের মধ্যে ৩১ কিলোমিটারে লাগানো হয়েছে ২ লাখ ১৫ হাজার গাছ। এ ছাড়া বিভিন্ন চত্বরে ৪ হাজার এবং সড়কদ্বীপে ২ হাজার ৩০০ গাছ রোপণ করা হয়েছে।
সাতটি সংসদীয় আসনে ৫০০টি করে মোট ৩ হাজার ৫০০ গাছ লাগানো হয়েছে। ২৩টি খেলার মাঠের মধ্যে ১২টিতে ৯০০ এবং ২৫টি পার্ক ও উদ্যানের মধ্যে ১৪টিতে ৮০০ গাছ রোপণ করা হয়েছে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আজিমপুর গার্লস স্কুল ও শামসুল হক খান স্কুলে লাগানো হয়েছে ১ হাজার ৮২০টি গাছ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০০টি গাছ রোপণ করা হয়েছে। সেখানে আরও ৪০০টি গাছ লাগানোর উদ্যোগ রয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
দোয়েল চত্বর থেকে টিএসসি, বাংলামোটর থেকে শাহবাগ এবং শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়ক বিভাজকে গাছ লাগানো হয়েছে। এ ছাড়া হাইকোর্টের পুরনো গেটসংলগ্ন সড়কদ্বীপ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলামোটর, সায়েন্স ল্যাব মোড় থেকে শাহবাগ, বাহাদুর শাহ পার্ক ও জজ কোর্টসংলগ্ন এলাকাতেও চলছে সবুজায়ন। মিন্টো রোড, হেয়ার রোড, শিক্ষা অধিকার চত্বর, শহীদ মতিউর রহমান পার্ক, ওসমানী উদ্যান ও মোঘলটুলীর সড়ক বিভাজকেও লাগানো হয়েছে গাছ।
ডিএসসিসির আরবরিকালচার কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার আলী খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিবেশ ও আলো-ছায়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এলাকাভেদে গাছ নির্বাচন করা হচ্ছে। বন অধিদপ্তরের কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরামর্শে প্রজাতি বাছাই করা হয়। শুষ্ক মৌসুমে নিয়মিত পানি দেওয়া এবং গাছ নষ্ট হলে নতুন চারা লাগানোর ব্যবস্থাও রয়েছে।
সড়ক বিভাজকের দুই পাশে সবুজ বেষ্টনী গড়তে মিনি টগর ও মিনি রঙ্গন লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। পর্যাপ্ত রোদ পাওয়া যায়, এমন স্থানে লাগানো হচ্ছে রাধাচূড়া, শিউলি, বকুল, কাঠবাদাম, দেবদারু ও কাঞ্চন। মেট্রোরেলের নিচের ছায়াযুক্ত স্থানে আলো ও জায়গার ধরন অনুযায়ী বেছে নেওয়া হচ্ছে শোভাবর্ধনকারী গাছ। হানিফ ফ্লাইওভারের নিচেও পাম, স্নেক প্ল্যান্ট ও মানি প্ল্যান্ট দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
উত্তরেও বাড়ছে সবুজের পরিসর
ঢাকা উত্তর সিটি করপোরেশনও (ডিএনসিসি) নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে। বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের পাশে ও উড়াল সড়কের নিচে পরিষ্কার-পরিচ্ছন্নতার পর গাছ লাগানো হয়েছে। এ ছাড়া কালশী, সাগুফতা, বনানী, চেয়ারম্যানবাড়ী, মিরপুর-১২, ডিওএইচএস-সংলগ্ন এলাকা, মহাখালী, এসকেএস টাওয়ারের সামনের অংশ, আমতলী ও মগবাজার ফ্লাইওভারের নিচেও চলছে সবুজায়ন।
মিরপুরের ১০ থেকে ১৪ নম্বর এলাকার বিভিন্ন সড়কে পথচারীদের চলাচলের জায়গা অক্ষুণ্ন রেখে ফুটপাতের পাশে গাছ লাগানো হয়েছে। মাজার রোড, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও শ্যামলীসহ আরও বিভিন্ন স্থানে চলছে বৃক্ষরোপণ।
প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডিএনসিসি। এর মধ্যে চলতি বছর ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। তবে এগুলো পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা; বাস্তবায়িত বৃক্ষরোপণের সংখ্যা নয়। বনানী কাকলী মোড় থেকে কবরস্থান মোড় পর্যন্ত এলাকায় নগর বন গড়ে তোলার কাজও করছে সংস্থাটি। বনটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানা গেছে।
গত ১৯ মে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ৪ নম্বর সেতুসংলগ্ন ১১ নম্বর লেকের পূর্ব পাড়ে মিয়াওয়াকি পদ্ধতিতে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করে ডিএনসিসি। এ পদ্ধতিতে সীমিত জায়গায় স্থানীয় পরিবেশের উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ ঘনভাবে লাগিয়ে বন গড়ে তোলা হয়। তবে এর সাফল্য নির্ভর করে প্রজাতি নির্বাচন, মাটির প্রস্তুতি, পানি সরবরাহ ও নিয়মিত পরিচর্যার ওপর।
ডিএসসিসির পরিকল্পনায়ও ওসমানী উদ্যানে মিয়াওয়াকি পদ্ধতিতে বন গড়ে তোলার উদ্যোগ রয়েছে। সীমিত জায়গায় ঘন সবুজের পরিসর তৈরি করাই এর লক্ষ্য। তবে নতুন গাছ লাগানোর পাশাপাশি সেগুলো বাঁচিয়ে রাখাও নগর সবুজায়নের বড় চ্যালেঞ্জ। ডিএসসিসি জানিয়েছে, বিশেষায়িত পানির গাড়িতে সড়ক বিভাজক ও সড়কদ্বীপের গাছে পানি দেওয়া হচ্ছে। এ ছাড়া ওসমানী উদ্যানে নিজস্ব নার্সারি গড়ে তোলা হয়েছে, যেখান থেকে ভবিষ্যতে বিভিন্ন স্থানে চারা সরবরাহ করা যাবে।
শুধু ফুল নয়, দরকার মাঝারি ও বড় গাছও
ঢাকায় বৃক্ষরোপণ শুধু সৌন্দর্যবর্ধনে সীমাবদ্ধ থাকা উচিত নয় বলে মনে করেন পরিবেশবিজ্ঞানী ও স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তার মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধন— দুটিই বৃক্ষরোপণের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। গাছ কার্বন শোষণ, ছায়া সৃষ্টি ও পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখে। তাই সড়ক বিভাজকে ছোট ফুলের গাছের পাশাপাশি জায়গার উপযোগিতা অনুযায়ী মাঝারি ও বড় গাছও লাগানো প্রয়োজন।
বৃক্ষরোপণের সুফল পেতে গাছের পরিচর্যা ও টিকে থাকা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন সেন্টার ফর সিটিজেনস রাইটসের (সিসিআর) আহ্বায়ক অ্যাডভোকেট নোমান সালমান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুষ্ক মৌসুমে পানি দেওয়া, মরে যাওয়া চারা প্রতিস্থাপন ও গাছের উপযোগী পরিবেশ বজায় রাখতে হবে। পাশাপাশি গাছ রক্ষায় নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।