× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরিবের আবাসনে গোঁজামিল

রাহাত হুসাইন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১২:১৫ পিএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১৬:০৯ পিএম

রাজউক ভবন। ছবি: সংগৃহীত

রাজউক ভবন। ছবি: সংগৃহীত

অন্যের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন গৃহকর্মী, গাড়িচালক, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা। অথচ তাদের অনেকেরই নেই নিরাপদ আবাসন। দিন শেষে ঠাঁই হয় স্যাঁতসেঁতে বস্তি কিংবা ঘিঞ্জি ভাড়া বাড়িতে। এসব শ্রমজীবী মানুষের আবাসন সংকট কমাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরায় ৫৯২টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে প্রকল্পটি পুরো রাজধানীর নিম্ন আয়ের মানুষের জন্য নয়; উত্তরার নির্দিষ্ট কয়েকটি ব্লক ও উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পের বাসিন্দাদের বাসাবাড়িতে কর্মরত সহায়ক সেবাকর্মীদের আবাসনের জন্য এটি প্রস্তাব করা হয়েছে।

উত্তরার ১৭ নম্বর সেক্টরে ‘সোশ্যাল হাউজিং নির্মাণ’ নামের প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৮২৭ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকা। রাজউকের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সম্ভাব্যতা সমীক্ষা, উপকারভোগীদের আয়, ফ্ল্যাটের আয়তন, জমির সর্বোত্তম ব্যবহার ও দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবেও (ডিপিপি) আবাসনের ধরন ও আর্থিক কাঠামো নিয়ে অসঙ্গতি রয়েছে। এসব বিষয়ে সংশোধন এনে নতুন করে সমীক্ষা ও প্রকল্প প্রস্তাব পুনর্গঠনের নির্দেশ দিয়েছে কমিশন।

পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) কার্যবিবরণী অনুযায়ী, প্রকল্পটির প্রস্তাবিত বাস্তবায়নকাল জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১। এটি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় ছিল। প্রকল্পের আওতায় ছয়তলা বিশিষ্ট ছয়টি আবাসিক ভবনে ৪০০ বর্গফুটের ২৮৪টি এবং ৬০০ বর্গফুটের ৩০৮টি—মোট ৫৯২টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১২ তলা বাণিজ্যিক ভবন, বেজমেন্ট, ছয়তলা মসজিদ, সড়ক, ফুটপাত, পার্ক, তিনটি খেলার মাঠ ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখার প্রস্তাব করা হয়।

ভবনের উচ্চতা নিয়ে প্রশ্ন

চলতি বছরের ৭ জুন অনুষ্ঠিত পিইসি সভায় প্রকল্পটির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সভায় সম্ভাব্যতা সমীক্ষার তথ্য, জমির সর্বোত্তম ব্যবহার, উপকারভোগীদের প্রকৃত আয় এবং দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়ের হিসাব নতুন করে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।

সভায় রাজউকের পক্ষ থেকে দাবি করা হয়, কর্মস্থলের কাছে আবাসন নিশ্চিত করা গেলে সহায়ক সেবাকর্মীদের কাজের উৎপাদনশীলতা ০.৫ শতাংশ বাড়বে। তবে এ সুফল কী পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা। কমিশনের মতে, উত্তরার মতো গুরুত্বপূর্ণ ও মূল্যবান এলাকায় জমির বাজারমূল্য বিবেচনায় না নিয়ে শুধু নির্মাণ ব্যয়ের ভিত্তিতে প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন যথেষ্ট নয়। জমির মূল্য ও বিকল্প ব্যবহারের সুযোগ ব্যয় হিসাব করে প্রকল্পের প্রত্যাশিত সুফলের সঙ্গে মোট ব্যয়ের তুলনা করতে হবে।

ভবনের উচ্চতা নিয়েও মতভিন্নতা রয়েছে। রাজউকের বক্তব্য, সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে ভবন ছয়তলার বেশি হলে নির্মাণ, লিফট, অগ্নিনিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যয় বাড়বে। অন্যদিকে ভৌত অবকাঠামো বিভাগের মতে, উত্তরার মতো মূল্যবান এলাকায় শুধু ব্যয় কম রাখার জন্য ছয়তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত যৌক্তিক নয়। জমির গুরুত্ব ও মূল্য বিবেচনায় নিয়ে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

আর্থিক কাঠামোতেও অসঙ্গতি

ডিপিপিতে আবাসনের ধরন নিয়েও অসঙ্গতি চিহ্নিত করেছে পরিকল্পনা কমিশন। প্রস্তাবের একাংশে প্রকল্পটিকে ভাড়াভিত্তিক আবাসন হিসেবে উল্লেখ করা হয়েছে, অন্য অংশে রয়েছে স্থায়ী আবাসনের কথা।

আর্থিক কাঠামো অনুযায়ী, ফ্ল্যাট থেকে আদায় করা ভাড়ার ৪০ শতাংশ বেসরকারি তৃতীয় পক্ষকে ব্যবস্থাপনা ফি হিসেবে দেওয়ার প্রস্তাব রয়েছে। অবশিষ্ট ৬০ শতাংশ রাজউকের সংরক্ষিত তহবিলে রেখে ভবন মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের কথা বলা হয়েছে। তবে ব্যবস্থাপনা ফি ৪০ শতাংশ নির্ধারণের ভিত্তি কী, তৃতীয় পক্ষ কোন কোন সেবা দেবে এবং এ-সংক্রান্ত ব্যয়ের হিসাব কীভাবে করা হয়েছে, তা স্পষ্ট নয়। ভাড়া আদায় কম হলে কিংবা ভবিষ্যতে মেরামত ব্যয় বেড়ে গেলে ঘাটতি কীভাবে পূরণ করা হবে, সে বিষয়েও ডিপিপিতে সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

সম্ভাব্য উপকারভোগী পরিবারের মাসিক আয় ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা ধরে হিসাব করার কথা বলা হয়েছে প্রকল্প প্রস্তাবে। কিন্তু এ আয়সীমা নির্ধারণের ভিত্তি এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পরিধি নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। কোন প্রক্রিয়ায় এ আয়সীমা নির্ধারণ করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

পিইসি সভার বিস্তারিত কার্যবিবরণী গত ১৪ সেপ্টেম্বর রাজউক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়। এতে ২০২২ সালের জুনে জারি করা সরকারি নির্দেশিকা অনুসরণ করে বাংলায় সম্ভাব্যতা সমীক্ষা পুনরায় করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৃত আয় ও আবাসন চাহিদা যাচাই, ফ্ল্যাটের আয়তন পর্যালোচনা এবং জমির বাজারমূল্য, ভর্তুকি ও ব্যয় ভাগাভাগির হিসাব স্পষ্ট করতে বলা হয়েছে।

যা বলছে রাজউক

এ বিষয়ে রাজউকের উত্তরা বিভাগের বাস্তবায়ন-৬-এর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শেখ মো. গোলাম রাব্বী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রকল্পটি এখনও সম্পূর্ণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিকল্পনা কমিশনে কোনো প্রকল্প প্রস্তাব পাঠালে বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসা স্বাভাবিক। সেগুলোর জবাব প্রস্তুত করে পাঠাতে হয়”।

তিনি বলেন, “আপাতত ভাড়াভিত্তিক আবাসনের প্রাথমিক প্রস্তাব রয়েছে। স্থায়ী আবাসন দেওয়ার মতো কোনো সরকারি নীতিমালা নেই। পরিকল্পনা কমিশন চূড়ান্ত অনুমোদন দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হবে। উত্তরায় বিভিন্ন বাসাবাড়িতে সহায়ক সেবা দেওয়া এবং বর্তমানে বস্তিতে বসবাস করা কর্মীদের আবাসন পরিবেশ উন্নত করাই এ উদ্যোগের লক্ষ্য। কমিশনের আরও পর্যবেক্ষণ এলে সেগুলো বিবেচনায় নিয়ে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হবে”।

পিইসি সভার পর্যালোচনা প্রসঙ্গে শেখ মো. গোলাম রাব্বী বলেন, “বিষয়টি সরাসরি কোনো সংশোধনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে সম্ভাব্যতা সমীক্ষা, আয়ভিত্তিক জরিপ এবং নকশা পরিবর্তনের বিষয়ও রয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের কাজ শেষ হলে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে”।

ভবনের উচ্চতা প্রসঙ্গে তিনি জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) উচ্চতা সংক্রান্ত বিধিনিষেধ অনুযায়ী যতটুকু উচ্চতা নির্মাণ করা সম্ভব, সে অনুযায়ী ভবনের উচ্চতা সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।

প্রকৃত উপকারভোগী নির্ধারণই বড় চ্যালেঞ্জ

ঢাকা শহর সচল রাখতে সহায়ক সেবাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ও নগর পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “নিম্ন আয়ের মানুষের শ্রমেই ঢাকা শহর সচল থাকে। এলাকা যত দামিই হোক না কেন, অফিস বা বাসাবাড়িতে সহায়ক সেবা দেওয়া কর্মীদের কর্মস্থল থেকে বহু দূরে বসবাস করা কষ্টকর ও অমানবিক। এ কারণে আধুনিক নগর পরিকল্পনায় উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আবাসিক এলাকার কাছাকাছি সহায়ক সেবাকর্মীদের আবাসনের ব্যবস্থাও রাখা হয়”।

তবে তিনি সতর্ক করে বলেন, “মূল সমস্যা শুধু ফ্ল্যাটের আকারে নয়। অতীতে নীতি পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে প্রকৃত সুবিধাভোগীরা আবাসন সুবিধা পাননি। তাই সঠিক লক্ষ্যগোষ্ঠী বা ‘টার্গেট গ্রুপ’ নির্ধারণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা