রাজধানী ঢাকায় জনসংখ্যা, যানজট ও অপরিকল্পিত নগরায়ণের চাপ কমাতে কেরানীগঞ্জের তিন হাজার একর জমিতে পরিকল্পিত ‘সেকেন্ডারি সিটি’ বা মেগা উপশহর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক)। এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৪৩ লাখ ৮২ হাজার টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তবে জমি অধিগ্রহণসহ পূর্ণাঙ্গ শহর গড়ে তুলতে কত অর্থ লাগবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে সেকেন্ডারি সিটি গড়ার উদ্যোগ নেয় জাগৃক। এরপর সংস্থাটির স্থান নির্বাচন কমিটি ঢাকার আশপাশের কয়েকটি এলাকা পর্যালোচনা করে প্রথম পর্যায়ে কেরানীগঞ্জে সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ করে। গত ৪ সেপ্টেম্বর জাগৃকের ২৯৮তম বোর্ড সভায় সমীক্ষার প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। পরে তা বিবেচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।
জাগৃকের সাইট সিলেকশন কমিটির সরেজমিন পরিদর্শন ও মূল্যায়ন প্রতিবেদনে কেরানীগঞ্জের সাতটি এলাকাকে উপশহরটির জন্য চিহ্নিত করা হয়েছে।
কমিটির সুপারিশ অনুযায়ী, কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলী, তারানগর, বেদিত্তা, বাউলিগন্ডি এবং দক্ষিণ ও উত্তর বাঘেরচর এলাকা নিয়ে ন্যূনতম ৩ হাজার একর জমিতে এই সেকেন্ডারি সিটি গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
নথির তথ্য অনুযায়ী, নতুন এ শহরের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত ‘ঢাকা ওয়েস্টার্ন বাইপাস’কে কেন্দ্র করে। ঢাকা-আরিচা মহাসড়ক (এন৫) ও ঢাকা-মাওয়া মহাসড়কের (এন৮) মধ্যে সংযোগ স্থাপনকারী এই বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প এলাকা থেকে সাভারের আমিনবাজার এবং ঢাকার বসিলাকে যুক্ত করে একটি প্রধান এক্সপ্রেস সড়ক এ প্রকল্পের মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিটি।
প্রস্তাবিত এলাকাগুলো কৃষিজমি, নিম্নাঞ্চল ও বহু পুরনো গ্রামীণ জনবসতিপূর্ণ হওয়ায় উপযোগিতা নির্ধারণে কেবল জমির প্রাপ্যতা ও যোগাযোগ নয়, পরিবেশগত দিকটিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইট সিলেকশন কমিটির প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্যতা সমীক্ষার ভেতরেই বর্ষা মৌসুমের হাইড্রোলজিক্যাল মডেল (জলপ্রবাহের নকশা), ধারণাগত মাস্টার লে-আউট প্ল্যান, পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ), সামাজিক প্রভাব নিরূপণ (এসআইএ) এবং পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র নেওয়ার শর্ত যুক্ত রাখতে হবে। ফলে সমীক্ষার পরই চূড়ান্ত হবে এ প্রকল্প বাস্তবায়নে ঠিক কত পরিবার বা কী পরিমাণ কৃষিজমি ও জলাশয় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রস্তাবিত সেকেন্ডারি সিটির পরিকল্পনায় সব শ্রেণি-পেশার মানুষের আবাসনের বিষয়টি বিবেচনায় রাখার কথা জানিয়েছেন নাগরিক অধিকারভিত্তিক সংগঠন সেন্টার ফর সিটিজেনস রাইটসের (সিসিআর) আহ্বায়ক অ্যাডভোকেট নোমান সালাম। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এটি যেন শুধু অভিজাত শ্রেণির আবাসন প্রকল্পে পরিণত না হয়। নগরের সুবিধাগুলো যেন বিভিন্ন শ্রেণির মানুষের আর্থিক সামর্থ্য ও প্রয়োজনের মধ্যে থাকে”।
এদিকে কেরানীগঞ্জে ইতোমধ্যে কেন্দ্রীয় কারাগার ও একটি পাসপোর্ট অফিস স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্প রয়েছে। গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের তিন একর জমিতে সৌদি সরকারের অর্থায়নে আরবি ভাষা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ রয়েছে। তেঘরিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারসের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি নতুন শহরে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা জরুরি”।
এ উদ্যোগ প্রসঙ্গে জাগৃকের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “কেরানীগঞ্জে প্রস্তাবিত সেকেন্ডারি সিটি ঢাকার পরিকল্পিত বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে”।