× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর ঢাকা পরিভ্রমণ আজ

রঙতুলিতে ভিন্নরূপে দক্ষিণ সিটি

রাহাত হুসাইন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৮:৫৭ এএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১৬:২৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা পরিভ্রমণ ও ওসমানী উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে রাজধানীতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজে আরও গতি এনেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সড়ক ও ফুটপাতের টাইলস মেরামত, সড়কদ্বীপের ব্লকে রঙ, নতুন গাছ লাগানো এবং আশপাশের এলাকা পরিষ্কারের কাজ চলছে সমান তালে। ওসমানী উদ্যানের ভেতরেও চলছে পরিচ্ছন্নতা অভিযান।

নগর ভবনের উদ্বোধনী ফলকের স্থানটি আগের চেহারায় ফিরিয়ে আনতে চলছে রেন্ডারিং ও ফিনিশিংয়ের কাজ। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে। আজ শনিবার খোলা থাকছে ডিএসসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সূত্র মতে, আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার পরিভ্রমণের সুনির্দিষ্ট গন্তব্যগুলোর চূড়ান্ত তালিকা এখনও পাওয়া যায়নি। ডিএসসিসির প্রতিটি অঞ্চলের বেশ কয়েকটি এলাকা প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেগুলোর পাশাপাশি পুরো ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এ ছাড়া সোমবার সকাল ১০টায় ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভাপতিত্ব করবেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

সংস্কার কার্যক্রম চলছে ওসমানী উদ্যানে

সরেজমিনে দেখা গেছে, ওসমানী উদ্যানের চারপাশ ও নগর ভবনের আশপাশের সড়ক-ফুটপাতে চলছে মেরামত ও রঙের কাজ। কোথাও ফুটপাতের টাইলস ঠিক করা হচ্ছে, কোথাও সড়কদ্বীপের ব্লকে দেওয়া হচ্ছে নতুন রঙ। সড়কের আশপাশ পরিষ্কার করার পাশাপাশি গাছ লাগানোর কাজও চলছে। উদ্যানের ভেতরে ঘাস-আগাছা ও ময়লা-আবর্জনার পাশাপাশি পায়ে চলার পথের শ্যাওলা দূর করা হচ্ছে। নতুন করে ঘাস লাগানো হচ্ছে বিভিন্ন স্থানে।

এ ছাড়া ওসমানী উদ্যান, নগর ভবন, গুলিস্তান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অংশসহ আশপাশের এলাকায় অস্থায়ী ও অবৈধ দোকান, স্থাপনা, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

ওসমানী উদ্যানের আধুনিকায়ন প্রকল্পটি শুরু হয় আওয়ামী লীগ সরকারের সময়ে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর উদ্যানটিতে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয় ডিএসসিসি। এবার স্মৃতিস্তম্ভ উদ্বোধনের পাশাপাশি উদ্যানের আধুনিকায়ন কার্যক্রমও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আধুনিকায়ন প্রকল্পের সঙ্গে যুক্ত সহকারী প্রকল্প পরিচালক (এপিডি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘উদ্যানে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম, বসার বেঞ্চ এবং দুটি লাল ভবনে জিমনেসিয়াম, কফি শপ, মিউজিয়াম ও ইনডোর গেমসের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া পার্কিংয়ের সুবিধা, দুটি লেক, লেকের ঘাটে ঘাটলা, বাঁধানো পাড়, টয়লেট ও জেনারেটরের কাজ সম্পন্ন হয়েছে। গাছের প্রজাতির নামফলক ও পুরো উদ্যানজুড়ে সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে।’

অবৈধ দোকান ও হকার উচ্ছেদ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষেই নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা বাড়ানো আমাদের নিয়মিত কাজ। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাড়তি সতর্কতা নিশ্চয়ই থাকবে। এসবের অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। অবৈধ স্থাপনা ও হকারমুক্ত রাখতে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা