× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাটাছেঁড়া দরপত্রে ৩১ প্লট বরাদ্দ

রাহাত হুসাইন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৯:৩৬ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ০৯:৪০ এএম

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের লোগো।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের লোগো।

দরপত্রের পাতায় কোথাও ঘষামাজা, কোথাও মোট মূল্যের ঘর ফাঁকা। কোথাও আবার কথায় লেখা টাকার সঙ্গে অঙ্কে মিল নেই। এক ব্যক্তির একাধিক আবেদন। একটিতে বাদ দিলেও বরাদ্দ দেওয়া হয়েছে অন্য আবেদনপত্রে। এমন আক্কেলগুড়ুম হওয়ার মতো ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) ৩১টি বাণিজ্যিক প্লট বরাদ্দে।

সংস্থার ২৯৮তম বোর্ড সভায় ধরা পড়ে বরাদ্দের প্রক্রিয়ার এই মারাত্মক অসঙ্গতি। তখন এ নিয়ে তদন্তের জন্য গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্লটগুলোর কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১১ নভেম্বর দেশের জাতীয় গণমাধ্যমে এবং ২০ নভেম্বর এনএইচএর নিজস্ব ওয়েবসাইটে মিরপুরের চারটি সেকশনে (১, ২, ৬ ও ৭) ৩১টি বাণিজ্যিক প্লট বরাদ্দের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। বরাদ্দ পেতে জমা পড়ে মোট ৭১টি দরপত্র। বরাদ্দপ্রক্রিয়া শুরু করে এনএইচএর মিরপুরের ঢাকা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৮৪তম বোর্ড সভার কার্যবিবরণী ও প্রসপেক্টাস অনুযায়ী, দরপত্র জমাদানের সুবিধা এবং নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকার পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পৃথক দরপত্র বাক্স রাখা হয়েছিল। দপ্তরগুলো হলোÑবিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এনএইচএর কেন্দ্রীয় কার্যালয় এবং মিরপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।

গত বছরের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ২৮৪তম বোর্ড সভায় দরপত্রগুলো নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। নথিতে দেখা যায়, কয়েকটি দরপত্রে মূল পে-অর্ডারের বদলে ফটোকপি, কাটাকাটি, মোট মূল্যের ঘর ফাঁকা রাখা এবং কথায় ও অঙ্কে অমিল ছিল। চারটি দরপত্রের ক্ষেত্রে মূল জামানতের পে-অর্ডারের বদলে ফটোকপি জমা দেওয়ার মতো অসঙ্গতি ঘটেছে। আবার অধিকাংশ প্লটের বিপরীতে একটি করে দরপত্রই নেওয়া হয়েছে। ফলে প্রতিযোগিতামূলকভাবে দরপত্র মূল্যায়ন হয়েছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে। তবে একই ব্যক্তির একাধিক দরপত্রের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন মূল্যায়ন। একটি দরপত্রে মূল পে-অর্ডারের বদলে ফটোকপি থাকায় সেটি ‘ফলস’ হিসেবে দেখিয়ে বাদ দেওয়া হলেও একই ব্যক্তির অন্য দরপত্র নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় মূল কাগজপত্র ছিল এবং তুলনামূলক বেশি দর দেওয়ায় ওই দরপত্রের বিপরীতে প্লট বরাদ্দ করা হয়েছে। এই ভিন্ন মূল্যায়নের ভিত্তি নথিতে স্পষ্ট নয়।

আবাসিক, বাণিজ্যিক প্লট ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে এনএইচএ বরাদ্দ কমিটি গঠন করে বলে জানিয়েছেন সংস্থাটির একজন কর্মকর্তা। এসব কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধিও রাখা হয়। তবে মিরপুরের ৩১টি বাণিজ্যিক প্লট বরাদ্দের কমিটিতে মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি রাখা হয়নি। কমিটি গঠনের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, তৎকালীন সদস্য (ভূমি) এস এম সোহরাব হোসেন নিজেই স্বাক্ষর করে কমিটির সভাপতি হন এবং তার পছন্দের কর্মকর্তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

৩১টি বাণিজ্যিক প্লটের দরপত্র উন্মুক্তকরণ কমিটিতে ছিলেন এনএইচএর ছয় কর্মকর্তা। কমিটির আহ্বায়ক ছিলেন সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) এস এম সোহরাব হোসেন। সদস্য ছিলেন ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা শাখার পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান, ঢাকা উপবিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী রবিউর রাশেদুল আলম এবং ঢাকা উপবিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন। কমিটির সদস্য সচিব ছিলেন ঢাকা ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা।

এ বিষয়ে এস এম সোহরাব হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। প্লটগুলো দেওয়া হয়েছে সর্বোচ্চ দরদাতাকে। বিজ্ঞপ্তিতে একজন একাধিক প্লটের জন্য আবেদন করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা ছিল না। এটি উন্মুক্ত বাণিজ্যিক দরপত্র ছিল। কোনো দরপত্রে ত্রুটি থাকলে তা বাতিল করা হয়েছে। এক জায়গায় দরপত্র বাতিল হলেও অন্য জায়গায় একই ব্যক্তি সর্বোচ্চ দরদাতা হলে তাকে বাদ দেওয়ার সুযোগ নেই।’

দরপত্র প্রক্রিয়ায় বড় একটি অসঙ্গতি দেখা গেছে জামানতের পে-অর্ডার মূল্যায়নেও। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, জামানত বাবদ মূল পে-অর্ডারের পরিবর্তে ফটোকপি জমা দেওয়ায় মো. হাবিবুর রহমানের মিরপুর সেকশন-১-এর ৪৫ ও ৪৬ নম্বর প্লটের দরপত্র দুটিই ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করা হয়েছিল। একই কারণে এমদাদুল হক ও মোহাম্মদ সাইদুজ্জামানের দরপত্রও বাতিল করা হয়।

তবে পরবর্তী নথিতে দেখা যায়, নতুন কোনো বৈধ দরপত্র গ্রহণের তথ্য ছাড়াই ৪৫ ও ৪৬ নম্বর প্লট দুটির বরাদ্দ দেওয়া হয়েছে মো. হাবিবুর রহমানের নামেই। একইভাবে বাতিল তালিকায় থাকা ৭৫ ও ৭৬ নম্বর প্লট দুটিও যথাক্রমে মোহাম্মদ সাইদুজ্জামান ও এমদাদুল হককে বরাদ্দ দেওয়া হয়েছে। যে দরপত্রগুলোকে পে-অর্ডারের ত্রুটির কারণে অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়েছিল, পরবর্তী বরাদ্দ সারণিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামই আবার স্থান পেয়েছে। কী প্রক্রিয়ায় এটি সম্ভব হয়েছে, নথিতে তার স্পষ্ট ব্যাখ্যা নেই।

এক ব্যক্তিকে একাধিক প্লট না দিয়ে সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে মত দিয়েছেন সেন্টার ফর সিটিজেন রাইটসের (সিসিআর) আহ্বায়ক অ্যাডভোকেট নোমান সালমান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মিরপুরের মতো জনচাহিদাপূর্ণ এলাকায় বাণিজ্যিক প্লট মুষ্টিমেয় কয়েকজনের কাছে বরাদ্দ না দিয়ে বহুতল ভবন নির্মাণ করা যেত। এতে একই জমিতে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্যবসার সুযোগ দেওয়ার পাশাপাশি সরকারি জমির সর্বোচ্চ ব্যবহার এবং রাজস্ব আয় বাড়ানো যেত।’

নথিপত্রে আরও দেখা যায়, বেশ কিছু দরপত্রে উদ্ধৃত মূল্যে কাটাকাটি ও ঘষামাজা ছিল। বরাদ্দের চূড়ান্ত সারণিতেও একাধিক প্লটের ক্ষেত্রে প্রকৃত মূল্যের চেয়ে কম অঙ্ক বসানো হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রসপেক্টাসের নিয়ম ভেঙে কাটাছেঁড়াযুক্ত দরপত্র গ্রহণ এবং সারণিতে কম মূল্য দেখানোর সুযোগ তৈরি করে দেওয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। 

বরাদ্দ পাওয়া ৩১টি প্লটের কয়েকটিতে অবৈধ স্থাপনা ও দখলদারের তথ্যও পাওয়া গেছে। এসব প্লট থেকে দখলদার উচ্ছেদের প্রস্তাবও পাঠানো হয়েছে। একই ব্যক্তি একাধিক প্লটের জন্য আবেদন করতে পারবেন কি না, বরাদ্দের প্রসপেক্টাসে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না।

সর্বশেষ ৮ সেপ্টেম্বরের ২৯৮তম বোর্ড সভায় বিষয়টি আবার সামনে আসে। সভার ১৩ নম্বর আলোচ্যসূচিতে দরপত্র দাখিল, জামানত ও মূল্যায়ন-সংক্রান্ত অসঙ্গতির কথা উল্লেখ করা হয়। তদন্তের জন্য প্রকৌশল ও সমন্বয় বিষয়ক সদস্যকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘প্লটগুলো বাণিজ্যিক হওয়ায় বিধি অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়েছে। উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের বরাদ্দ প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এক প্লটের সঙ্গে অন্য প্লটের দরের পার্থক্য থাকা স্বাভাবিক, কারণ প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে মূল্য নির্ধারণ হয়েছে। একজন একাধিক প্লটের সর্বোচ্চ দরদাতা হলে তাঁকে বাদ দেওয়ারও সুযোগ নেই।’ 

তিনি বলেন, ‘কর্তৃপক্ষের মালিকানাধীন জমিতে অবৈধ দখলদার উচ্ছেদে নিয়মিত কার্যক্রম চলছে। হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কমিটি কোনো বিধিবহির্ভূত কর্মকাণ্ড শনাক্ত করলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা