× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ যেন মাদকের আখড়া, মিলছে হোম ডেলিভারিও

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৯:১৭ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ১২:১৫ পিএম

ভারতীয় সীমান্তঘেঁষা ঝিনাইদহে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। ছবি: এআই

ভারতীয় সীমান্তঘেঁষা ঝিনাইদহে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। ছবি: এআই

ভারতীয় সীমান্তঘেঁষা ঝিনাইদহে মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। সীমান্তপথে প্রতিনিয়ত ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা ও কোকেনসহ বিভিন্ন ধরনের মাদক ঢুকছে জেলায়।

শহর ছাড়িয়ে এসব নেশাদ্রব্য এখন গ্রামগঞ্জের চায়ের দোকান, হাট-বাজার এমনকি স্কুল-কলেজের আশপাশেও পৌঁছে গেছে।

সীমান্তবর্তী মহেশপুর উপজেলার সড়কপথ ব্যবহার করে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

মাদক কারবারিরা খাদ্যসামগ্রীর বস্তা, শাকসবজির চালান এবং মোটরসাইকেলের বিশেষ গোপন চেম্বার ব্যবহার করে অভিনব কৌশলে মাদক পাচার করছে।

জেলা পুলিশের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মাদকসংক্রান্ত মামলার সংখ্যা ১ হাজার ৬০০ ছাড়িয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ২ হাজারের বেশি মানুষ। তবে শাস্তি পেয়েছে হাতে গোনা কয়েকজন।

অনুসন্ধানে জানা গেছে, জেলার ছয় উপজেলায় অন্তত চার শতাধিক মাদকের স্পট রয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ স্পটই বেশি। বিকাল হলেই এসব এলাকায় মাদকসেবীদের মোটরসাইকেলের আনাগোনা বাড়ে। মধ্যরাত পর্যন্ত চলে মাদকের আসর।

সদর, শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল- বিভিন্ন এলাকায় সহজেই মিলছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, হেরোইন, দেশি-বিদেশি মদ ও চোলাই মদ।

মাদক সহজলভ্য হওয়ায় কিশোর থেকে মধ্যবয়সীরাও এতে জড়িয়ে পড়ছে। বেশি টাকা খরচ করলে মিলছে হোম ডেলিভারিও।

জেলা শহরের চাকলাপাড়া, মহিষাকু-আরাপপুর, পবহাটি, ষাটবাড়িয়া, উদয়পুর, ভুটিয়ারগাতী, হামদহ, ব্যাপারীপাড়া, কাঞ্চনপুর, পাগলাকানাই, আদর্শপাড়া, মর্ডাণ মোড়, বাইপাস মোড় ও আলহেরাপাড়াসহ চাপড়ি, ডাকবাংলা, সাধুহাটি ও হাটগোপালপুর এলাকায় মাদকের বেচাকেনা চলছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কতিপয় রাজনৈতিক নেতার প্রত্যক্ষ মদদে মাদকের কারবার চলছে। তাদের দাবি, সংশ্লিষ্টরা চাইলে এসব বন্ধ করা সম্ভব।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “মাদকের থাবা থেকে ঝিনাইদহকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক প্রতিরোধ ও কঠোর আইনি প্রয়োগ জরুরি হয়ে পড়েছে। নইলে তরুণ প্রজন্মের বড় একটা অংশ নেশার অন্ধকারে হারিয়ে যাবে। যার ক্ষতি শুধু এই জেলার নয়, গোটা দেশে এর প্রভাব পড়বে।”

জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল বলেন, “পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আমাদের সহযোগিতা চাইলে সেটা করা হবে। মাদক কারবারিরা যে রাজনৈতিক দলেরই হোক না কেনো তাদের আটক করে আইনের আওতায় আনতে হবে। নইলে সমাজের অবক্ষয়তা আরও বেড়ে যাবে।”

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাশেম আলী বলেন, “মাদকসেবীদের মধ্যে এখন কিশোর ও তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। অভিযান চালিয়ে তাদের আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”

তিনি বলেন, “মাদকসেবীদের ডোপটেস্ট করিয়ে আদালতে সামারি ট্রয়াল করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্তত তিন শতাধিক মাদক কারবারি ও মাদকসেবী কারাগারে রয়েছে।”

নিয়মিত অভিযান চললেও মাদক কারবারিদের মূল সিন্ডিকেট ভাঙতে না পারার কথা স্বীকার করেন বিল্লাল হোসেন।

প্রশাসনের একার পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “মাদক নির্মূলে পরিবার, সমাজ ও স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।”

একই সঙ্গে মাদকের ভয়াবহতা রোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা