বেপরোয়া হয়ে উঠছে ঝিনাইদহের হানিট্র্যাপ চক্র। ছবি: এআই দিয়ে তৈরি
সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে ঝিনাইদহে হানিট্র্যাপে ফেলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে একাধিক চক্রের বিরুদ্ধে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কতিপয় রাজনৈতিক নেতা, অসাধু পুলিশ কর্মকর্তা ও কথিত সাংবাদিকদের যোগসাজশে এসব চক্র দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। ফলে তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
চক্রের নারী সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেম বা ঘনিষ্ঠতার অভিনয় করে নির্দিষ্ট স্থানে দেখা করার প্রস্তাব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানে আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করে শুরু করা হয় ব্ল্যাকমেইল। সম্মানহানির ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করা হয়।
শহরের বেশ কয়েকটি এলাকায় বাসাবাড়ি ও আবাসিক হোটেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ চক্রের অদৃশ্য অস্তানা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছে ফাঁদ পেতে মানুষকে সর্বশান্ত করার খেলা। সক্রিয় এ চক্র একের পর এক মানুষকে কৌশলে ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। সম্প্রতি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিদেশ ফেরত প্রবাসীসহ জেলার প্রভাবশালী ব্যক্তিরা এ চক্রের ভয়ঙ্কর এ ফাঁদে পড়েছেন।
স্থানীয় একাধিক সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই চক্রের ফাঁদে পড়ে কেউ কেউ বিপুল অর্থ হারিয়েছেন। আবার সামাজিক ও পারিবারিক সম্মানহানির আশঙ্কায় অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও অভিযোগ করতে চান না। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থের সংখ্যা দিন দিন বাড়তে থাকছে।
ভুক্তভোগীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মোবাইলের বিভিন্ন অ্যাপরে মাধ্যমে শুরু হয় সম্পর্কের সূত্রপাত। প্রথমে পরিচিতি, পরে কৌশলে প্রেম বা বন্ধুত্বের জালে ফাঁসানো হয়। এক সময় নির্জন স্থানে দেখা করার প্রলোভন দেওয়া হয়। দেখা করতে গেলে নিয়ে যাওয়া হয় কোনো ভাড়া করা বাসাবাড়ি কিংবা শহরের আবাসিক হোটেলের কক্ষে। সেখানে প্রস্তুত থাকে চক্রের অন্য সদস্যরা। এরপর শুরু হয় ভিডিও ধারণ, হুমকি-ধমকি। পরে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা।
অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহ শহরের আরাপপুর, হামদহ, আর্দশপাড়া, কাঞ্চননগর, মর্ডাণ মোড় ও আরাপপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে এ ধরণের কর্মকাণ্ড পরিচালনা করছে। এদের টার্গেট সাধারণত ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী কিংবা বিদেশফেরত প্রবাসীরা। অনেকে ব্ল্যাকমেইলের ভয়ে পরিবার বা সমাজে মানসম্মান হারানোর আশঙ্কায় মুখ খোলেন না।
এ চক্রের শিকার সিঙ্গাপুর ফেরত ইয়াসিন আরাফাত নামের এক প্রবাসী বলেন, “আমি দেশে ফেরার দুই সপ্তাহ আগে এক নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। তখন থেকে তার সঙ্গে মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা বলতে শুরু করি। দেশে ফেরার পর ৪ থেকে ৫ দিন পর ওই নারী আমাকে শহরে আসতে বলে। আমি শহরে আসলে আমাকে মর্ডাণ মোড় এলাকার একটি বাসায় নিয়ে যায়।”
তিনি বলেন, “ওই বাসায় যাওয়ার কিছু সময় পরে সেখানে ৫ থেকে ৬ জন যুবক হাজির হয়। আমাকে তারা নানা রকমের ভয়-ভীতি দেখাতে থাকে। পরে আমার কাছে ১০ লাখ টাকা টাকা দাবি করে তারা। আমি মান-সম্মানের ভয়ে তিন দফায় তাদের ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি। এখনো তারা আমার কাছে প্রতিনিয়ত টাকা দাবি করছে।”
শহরের হামদহ এলাকার এক বিকাশের দোকানি জানান, গত সপ্তাহে তার পরিচিত এক চাকরিজীবী হানিট্র্যাপে পড়ে সবকিছু হারিয়েছেন। ফেসবুকে পরিচিত এক তরুণী তাকে ডেকে নিয়ে কৌশলে একটি বাসায় ডেকে নিয়ে যায়। এর কিছু সময়ের মধ্যে কয়েকজন যুবক ওই হোটেলে ঢুকে পড়ে। তারা ওই চাকরিজীবীর আপত্তিকর ছবি তুলে ৫ লাখ টাকা দাবি করে। তাদের ভয়ে ওই রাতেই ধার-দেনা করে টাকাগুলো দিয়ে এসেছেন তিনি। এরপর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওই চাকরিজীবী।
নাম প্রকাশে অনিচ্ছুক আদর্শপাড়া এলাকার একটি বাড়ির দারোয়ান বলেন, “কয়েকজন উঠতি বয়সী মেয়ে প্রতিদিন ভিন্ন ভিন্ন লোক নিয়ে আমাদের বাড়িতে বিভিন্ন সময়ে আসে। আমরা সন্দেহ করি, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলাও কঠিন। অনেক সময় পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেন না।”
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ড. আনোয়ারুজ্জামান আজাদ বলেন, “মধু চক্র বা হানিট্র্যাপ এখন শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং বর্তমান সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব কারণে শহরে প্রতিনিয়িত চুরি-ডকাতি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। অন্ধকারে ঢাকা এ অপরাধচক্রকে নির্মূল করতে না পারলে শহরের সামাজিক পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই প্রশাসনকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান বলেন, “হ্যানিট্র্যপ শুধুমাত্র অপরাধ নয়, বরং সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এ নিয়ে জেলা পুলিশের সাইবার ইউনিটসহ একাধিক টিম কাজ করছে।”
তিনি আরও বলেন, “বাসাবাড়ির মালিকদেরও দায়িত্ব আছে। সেই সঙ্গে এ চক্রের ফাঁদে যারা পড়ছেন তাদের সচেতন হতে হবে। তাহলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।”