× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণপূর্তের উচ্চপদে লটারি নিয়ে সংশয়

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১ এএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৭ পিএম

গণপূর্ত অধিদপ্তরের লোগো: সংগৃহীত

গণপূর্ত অধিদপ্তরের লোগো: সংগৃহীত

বদলি-পদায়নে তদবির ও অনিয়ম ঠেকাতে গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে প্রকৌশলী বদলির উদ্যোগ নেওয়া হলেও ১ হাজার ৪৩০ জনকে বদলির পর থেমে গেছে সেই প্রক্রিয়া। উপসহকারী, সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলী স্তরের বদলি সম্পন্ন হলেও নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে বদলি এখনও হয়নি। দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ এই তিন স্তরের বদলি আটকে থাকায় অধিদপ্তরের ভেতরে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও দেখা দিয়েছে সংশয়।

আরও পড়ুন
লটারির বদলিতে ভজঘট

উল্লেখ্য, গণপূর্ত অধিদপ্তরে বদলি-পদায়নের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি ছিল খোলামেলা বিষয়। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী পদে বদলির ক্ষেত্রে ২/৩ কোটি টাকা লেনদেনের অভিযোগও রয়েছে। এ কারণে গণপূর্তের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ বাজেটের সিংহ অংশই নয়ছয় হয়ে থাকে। কাজের গুণগত মান না থাকায় একপর্যায়ে গণপূর্ত ভেঙে কয়েকটি প্রকৌশল সংস্থা তৈরি হয়। সর্বশেষ গণপূর্ত থেকে আলাদা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গঠন করা হয়। সরকারের অনেক অফিসই নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে।

জাকারিয়া তাহের সুমন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর শুরুতেই গণপূর্তের বদলি নিয়ে বাণিজ্য সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেন। দায়িত্ব নেওয়ার ছয় মাস পর ৩০ জুলাই প্রথম দফায় ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে (সিভিল) বদলি করা হয় লটারির মাধ্যমে। ৩ আগস্ট দ্বিতীয় দফায় বদলি হন ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)। এরপর ১৬ আগস্ট ৪০৯ জন সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। তিন দফায় ১ হাজার ৪৩০ জনের বদলি সম্পন্ন হয়। এর মধ্যে প্রথম দফার কর্মকর্তাই মোট বদলির ৫৪ শতাংশ। কিন্তু তার এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে নানা প্রচারণা শুরু করে গণপূর্তের একটি স্বার্থান্বেষী মহল। ফলে থমকে যায় প্রক্রিয়াটি।

সর্বশেষ তৃতীয় দফায় ৪০৯ জনের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়। অর্থাৎ ৩০ জুলাই থেকে ১৬ আগস্ট মাত্র ১৮ দিনে অনেক কর্মকর্তার বদলি সম্পন্ন হয়। কিন্তু এরপর আর কোনো লটারি অনুষ্ঠিত হয়নি। এই লটারি ঠেকিয়ে দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও গণপূর্তের কর্মকর্তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লটারির মাধ্যমে বদলির সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, এ পদ্ধতিতে বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। কিন্তু গুরুত্বপূর্ণ তিন স্তরের বদলি আটকে থাকায় এখন প্রশ্ন উঠেছে, লটারি কি সব পর্যায়ের প্রকৌশলীর জন্য প্রযোজ্য হবে নাকি সিনিয়র কর্মকর্তাদের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশল কাঠামোয় নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা মাঠপর্যায়ের প্রকল্প বাস্তবায়ন, কাজের তদারকি ও প্রশাসনিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা আরও উচ্চপর্যায়ের প্রশাসনিক ও কারিগরি দায়িত্ব পালন করেন। ফলে এসব পদে বদলি-পদায়নের সঙ্গে প্রকল্প ও উন্নয়নকাজের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সরাসরি যুক্ত।

সংশ্লিষ্টদের মধ্যে কেউ কেউ বলছেন, সিনিয়র কর্মকর্তাদের বদলি নিয়ে প্রশাসনিক জটিলতা রয়েছে। আবার কারও মতে, গুরুত্বপূর্ণ পদ হওয়ায় বিভিন্ন পক্ষের আগ্রহের কারণেও প্রক্রিয়াটি ধীর হতে পারে। সম্প্রতি ই/এম সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদটি শূন্য হলে এ পদে নিয়োগের জন্য ই/এম সার্কেল-৪ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুর আলম এবং সার্কেল-৪ এ শেখর চন্দ্র বিশ্বাসের নামে প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই ফাইল অনুমোদন প্রক্রিয়ায় গিয়ে আটকে আছে। সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা তত্ত্বাবধানের জন্য প্রকৌশলী পদটি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে।

মাঠপর্যায়ের দায়িত্বশীল প্রকৌশলীদের বদলির বিলম্বে প্রশ্ন উঠেছে ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীর বদলি যদি ১৮ দিনে লটারির মাধ্যমে করা সম্ভব হয়, তাহলে নির্বাহী, তত্ত্বাবধায়ক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের বদলি কেন এখনও অনিশ্চিত। লটারির উদ্যোগকে কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে এই তিন স্তরের বদলি-পদায়নের নীতিমালা, সংখ্যা ও সময়সূচি স্পষ্ট করার দাবি উঠেছে সংশ্লিষ্টদের মধ্যে।

বাপিডিপ্রকৌশলী সমিতির বক্তব্য

বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. রায়হান মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বদলিতে অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতি বন্ধে মন্ত্রীর উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি। আমাদের পর্যায় পর্যন্ত লটারি অনুষ্ঠিত হয়ে তা থেমে আছে। আমি মনে করি, লটারি সর্বস্তরে হওয়া উচিত। জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিও লটারি পদ্ধতিতে বদলির উদ্যোগকে প্রশংসা করেছেন। আমরা আশা করব, শিগগির অন্যান্য পদেও লটারি অনুষ্ঠিত হবে।’

একটি সূত্র জানিয়েছে, গণপূর্তের গুরুত্বপূর্ণ সার্কেল ও বিভাগকে কেন্দ্র করে দুর্নীতির একটি বলয় রয়েছে। এই বলয়ের কারণেই নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে লটারি আটকে রাখা হয়েছে। এখন দেখার বিষয়, লটারির মাধ্যমে সর্বস্তরের কর্মকর্তাদের বদলির জন্য মন্ত্রীর নেওয়া উদ্যোগ আদৌ বাস্তবায়ন হয় কি না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা