× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লটারির বদলিতে ভজঘট

রাহাত হুসাইন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১১:৩৩ এএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৮:২২ পিএম

তদবির, প্রভাব বিস্তার ও বদলি-বাণিজ্য ঠেকানোর উদ্যোগ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি-পদায়নে চালু করা হয় লটারি পদ্ধতি।  কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

তদবির, প্রভাব বিস্তার ও বদলি-বাণিজ্য ঠেকানোর উদ্যোগ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি-পদায়নে চালু করা হয় লটারি পদ্ধতি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

তদবির, প্রভাব বিস্তার ও বদলি-বাণিজ্য ঠেকানোর উদ্যোগ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি-পদায়নে চালু করা হয় লটারি পদ্ধতি। কর্তৃপক্ষের দাবি, এতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে একের পর এক প্রশাসনিক অসঙ্গতিতে ‘স্বচ্ছতা’ আনার এই উদ্যোগটিই এখন প্রশ্নের মুখে। ভুল তথ্যভিত্তিক তালিকা, অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম, অনুমোদনহীন পদে পদায়ন, অল্প সময়ের ব্যবধানে পুনর্বদলি এবং মানবিক বিষয় উপেক্ষার কারণে অনেক প্রকৌশলীই ভুগছেন ‘লটারি আতঙ্কে’। 

সর্বশেষ গত রবিবার লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের আরও ৪০৯ জন প্রকৌশলীকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম)। এর আগে ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) এবং ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে (সিভিল) লটারির মাধ্যমে বদলি করা হয়।

দফায় দফায় এসব আদেশ জারির পরই সামনে আসতে থাকে বিতর্কিত তথ্য। পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী ও মো. জাহিদুল কবিরকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও তাদের নাম এসেছে বদলির তালিকায়। তাছাড়া অধিদপ্তরের জনবল কাঠামোয় চূড়ান্ত অনুমোদন পায়নিÑ এমন ‘নবসৃষ্ট’ পদে ছয়জন উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। শুধু তা-ই নয়, কয়েক সপ্তাহের ব্যবধানে একই প্রকৌশলীকে পুনর্বদলির ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে বদলিতে লটারি প্রক্রিয়া ‘ভজঘট’ পরিস্থিতি তৈরি করেছে।

কেপিআইতে যোগ্যতা নিয়ে প্রশ্ন

কেপিআইভুক্ত সংবেদনশীল স্থাপনাগুলোতে দীর্ঘদিনের অভিজ্ঞ প্রকৌশলীদের সরিয়ে তুলনামূলক নতুনদের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এসব গুরুত্বপূর্ণ কর্মস্থলে সাধারণ বদলির মতো লটারির প্রয়োগে অভিজ্ঞতা, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বিশেষ নিরাপত্তা-গুরুত্বসম্পন্ন স্থাপনায় কার পদায়ন হবে, সেক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের দাবি উঠেছে। 

চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের মাঝামাঝি সময়ে ঢালাও বদলির প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গণপূর্তের একজন নির্বাহী প্রকৌশলী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত প্রকৌশলীদের একসঙ্গে বদলি করলে নতুন কর্মকর্তাদের দায়িত্ব বুঝে নিতে সময় লাগবে। এতে প্রকল্প বাস্তবায়নে গতি শ্লথ হওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের কাজে সাময়িক স্থবিরতা তৈরি হতে পারে।

এসডি পর্যন্ত লটারি, ওপরে মেধা 

গণপূর্তের উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) পর্যায় পর্যন্ত বদলি লটারিতে করা হলেও উচ্চপর্যায়ের পদায়নে আলাদা মূল্যায়ন পদ্ধতি নেওয়া হচ্ছে। নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের চারটি ক্যাটাগরিতে ভাগ করে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে এসিআর, অডিট আপত্তি, অতীত কর্মকাণ্ড এবং গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বিবেচনায় নেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে যদি মেধা, দক্ষতা, অতীত কর্মদক্ষতা ও বিভিন্ন রেকর্ড মূল্যায়নের প্রয়োজন থাকে তাহলে এসডি পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণে এসব বিষয় কেন বিবেচনায় নেওয়া হবে না? একই অধিদপ্তরে বদলি-পদায়নের ক্ষেত্রে পদভেদে দুই ধরনের মানদণ্ডের যৌক্তিকতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

লটারিতে বদলি নিয়ে প্রশাসনিক অসঙ্গতির পাশাপাশি মানবিক বিষয় উপেক্ষার অভিযোগ তুলেছে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস)। সংগঠনটির দাবি, ক্যানসারে আক্রান্ত কর্মকর্তা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবক এবং প্রবীণ বাবা-মায়ের দেখাশোনার দায়িত্বে থাকা প্রকৌশলীদের ক্ষেত্রেও কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি। তাদের দাবি, ৩৪ জন নারী প্রকৌশলীকে তাদের স্বামী বা পরিবারের কর্মস্থল থেকে দূরে বদলি করা হয়েছে। অনেক প্রকৌশলীর পদায়ন নিজ জেলায় নির্ধারিত হয়েছে। আবার কিছু ক্ষেত্রে নিজ জেলায় লটারিতে নাম ওঠার পরও পদায়ন কার্যকর না করে পদগুলো ফাঁকা রাখা হয়েছে। এতে নতুন করে প্রশাসনিক বিভ্রান্তি তৈরি হয়েছে।

কর্তৃপক্ষের যুক্তি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-২-এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বদলি-পদায়নে শৃঙ্খলা বজায় রাখতেই লটারির ব্যবস্থা করা হয়েছে। এতে তদবির বা অনিয়মের সুযোগ থাকবে না। কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে যেকোনো প্রকৌশলীকে বদলি করতে পারবে।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মুহাম্মদ সারওয়ার জাহান বলেন, বদলি বা পোস্টিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত তদবিরের কারণে মন্ত্রণালয় বিরক্ত হয়ে লটারির সিদ্ধান্ত নেয়। একটি পদের বিপরীতে অসংখ্য তদবির আসায় কার অনুরোধ রাখা হবে আর কারটি হবে নাÑ এ জটিলতা এড়াতেই লটারি করা হয়েছে। এতে কোনো বিধি ভঙ্গ হয়নি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা