লালমাটিয়ার ত্রিকোণ পার্ক
রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের উল্টোপাশে লালমাটিয়া ত্রিকোণ পার্কের মাঠ এখন কোমরপানিতে ডুবে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল রোলার স্কেটিংয়ের মাঠ। অথচ রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের উল্টোপাশে লালমাটিয়া ত্রিকোণ পার্কের সেই মাঠ এখন কোমরপানিতে ডুবে আছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে শেওলা ও ময়লা ভাসছে। ফলে শিশুদের খেলাধুলার জায়গাটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
পার্কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ডে। শিশুদের জন্য ২০২২ সালে তৎকালীন মেয়র আতিকুল ইসলামের সময় সেখানে রোলার স্কেটিংয়ের মাঠ তৈরি করা হয়। উদ্বোধনের নামফলকে লেখা, ‘চির উন্নত থাকুক শৈশবের আনন্দ।’ তবে বর্তমানে মাঠটির চিত্র সেই উদ্দেশ্যের সঙ্গে মেলে না।
সরেজমিন দেখা গেছে, মাঠজুড়ে বদ্ধপানি। জমেছে শেওলা। ভাসছে ময়লা। দীর্ঘদিন পানি জমে থাকায় মশার প্রজননের ক্ষেত্র তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সাঁতার না জানা কোনো শিশু পা পিছলে পানিতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।
মোহাম্মদপুর টাউন হল ক্যাম্পের বাসিন্দা আবু সাঈদ বলেন, তিনি প্রায় ১২ বছর ধরে এলাকায় থাকেন। তার ভাষ্য, ত্রিকোণ পার্কের পূর্বদিকে শিশুদের জন্য রোলার স্কেটিংয়ের মাঠ তৈরি করা হলেও প্রায় তিন বছর ধরে সেখানে প্রায় কোমরপানি জমে আছে। ফলে শিশুরা স্কেটিং করতে পারছে না।
আবু সাঈদ বলেন, একবার পানি সরানো হয়েছিল। পরে আবারও একই অবস্থার সৃষ্টি হয়েছে। জমে থাকা পানিতে মশা জন্মায়। জায়গাটিতে পানি না থাকলে মশার উৎপাত কিছুটা হলেও কমত।
লালমাটিয়ার বাসিন্দা আবু হেনা মোস্তফা সাদেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শিশুদের বিকাশ ও আনন্দ-বিনোদনের জন্য লাখ লাখ টাকা খরচ করে ময়লার স্টেশনের পাশে রোলার স্কেটিংয়ের মাঠ বানানো হয়েছে। এখন সেখানে পানি জমে আছে। দেখার কেউ নেই।
নির্দেশিকায় এক কথা, মাঠে আরেক চিত্র
ডিএনসিসির ‘পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানসমূহের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নির্দেশিকা, ২০২১’-এ পার্ক ও খেলার মাঠের পানি নিষ্কাশন নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কারিগরি জনবল দিয়ে নিয়মিত পানি নিষ্কাশন লাইন নিরীক্ষণ, ত্রুটি চিহ্নিতকরণ ও তা মেরামতের কথা বলা হয়েছে। বদ্ধপানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা এবং ডেঙ্গু বা ম্যালেরিয়া বহনকারী মশার প্রজনন রোধের কথাও উল্লেখ রয়েছে। তবে লালমাটিয়া ত্রিকোণ পার্কের রোলার স্কেটিং মাঠে দীর্ঘদিন পানি জমে থাকলেও পানি নিষ্কাশন ও রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, মাঠটি তৈরির সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা কেমন ছিল এবং নির্মাণের সময় কোনো কারিগরি ত্রুটি থাকলে তা পরে শনাক্ত করা হয়েছিল কি না। গত তিন বছরে ডিএনসিসির কারিগরি বা প্রকৌশল বিভাগের কেউ মাঠটির পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেছেন কি না, সেটিও প্রশ্ন। পরিদর্শন হয়ে থাকলে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি কেন, সেই প্রশ্নও রয়েছে।
শুধু জলাবদ্ধতা নয়, পার্কের ব্যবহার নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। পার্কটির উত্তর-পশ্চিম পাশের ফুটপাতসংলগ্ন সড়কে নার্সারির ব্যবসা গড়ে উঠেছে। সেখানে কয়েকটি ভ্যানও রাখা রয়েছে। পূর্বপাশে রয়েছে ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার অফিস। এর মধ্যে পার্কের ভেতরে প্রায় এক মাস আগে একটি ফাস্টফুডের দোকানও চালু হয়েছে। দোকানটির সঙ্গে যুক্ত তানজিম খান নিজেকে ৩১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, এক বন্ধুর সঙ্গে মিলে দোকানটি চালু করেছেন। তবে বন্ধুর পরিচয় প্রকাশ করেননি।
তানজিমের দাবি, আগে সেখানে ভ্যান রাখা হতো এবং জায়গাটি অপরিষ্কার ছিল। মাদকসেবীদেরও আনাগোনা ছিল বলে অভিযোগ করেন তিনি। তারা জায়গাটির একটি অংশ পরিষ্কার করেছেন এবং ভ্যানের সংখ্যা কমিয়েছেন।
তানজিম জানান, সেখানে ছাত্রদলের একটি ক্লাবও করা হয়েছিল, যদিও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। দোকানের জন্য ওই ক্লাব থেকেই বিদ্যুৎ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। তার ভাষায়, ‘ভয় নেই, উঠিয়ে দিলে চলে যাব।’
ডিএনসিসির নির্দেশিকায় সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পার্কের কোনো অংশ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বা ভাড়া দেওয়া নিষিদ্ধ। ফলে পার্কের ভেতরে ফাস্টফুডের দোকান চালুর বিষয়টিও প্রশ্নের মুখে পড়েছে।
নিরাপত্তার বিষয়েও নির্দেশিকায় নির্দিষ্ট শিফটে বাঁশিসহ ইউনিফর্ম পরিহিত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং সিসি ক্যামেরাসহ মনিটরিং ব্যবস্থা সার্বক্ষণিক সচল রাখার কথা বলা হয়েছে। তবে পার্কটির রোলার স্কেটিং মাঠ দীর্ঘদিন ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে থাকা এবং নিরাপত্তাব্যবস্থা নিয়েও স্থানীয়দের অভিযোগ রয়েছে। তাদের কেউ কেউ সেখানে অননুমোদিত ব্যবহার ও মাদকসেবীদের আনাগোনার কথা জানিয়েছেন। ফলে ওই পার্কের রোলার স্কেটিং মাঠের বর্তমান পরিস্থিতিতে জলাবদ্ধতার পাশাপাশি পানি নিষ্কাশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও এর বাণিজ্যিক ব্যবহারের বিষয়গুলোও সামনে এসেছে। সব মিলে পার্কের যে করুন দশা তা সমাধানের উত্তর খোঁজা প্রয়োজন।
মাঠের এ-সংক্রান্ত স্থায়ী সমাধানে ডিএনসিসির পরিকল্পনা কী, সেটিও গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য তৈরি একটি মাঠ শুধু নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না; সেটি দীর্ঘদিন নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখার ব্যবস্থাও নিশ্চিত করা দরকার।
এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।