× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় সংকটে কাস্তে মার্কার রাজনীতি

রাহাত হুসাইন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১০:১০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতির লক্ষ্য নিয়ে সাত দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-উত্তর সময়ে বিভিন্ন স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এখনও বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে স্থায়ী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে পারেনি নির্বাচন কমিশনে কাস্তে প্রতীক নিয়ে নিবন্ধিত দলটি।

একসময় জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের তাত্ত্বিক প্রেক্ষাপটে কাজ করলেও পরে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিকে কৌশল হিসেবে গ্রহণ করে সিপিবি। কিন্তু সেই পরিবর্তনও দলটির রাজনৈতিক প্রভাব বাড়াতে পারেনি। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদসহ প্রথম দিকের কয়েকটিতে প্রতিনিধিত্ব থাকলেও ১৯৯১ সালের পর আর সাধারণ নির্বাচনে কোনো আসন পায়নি দলটি। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দলটির নেতাকর্মীরা ভূমিকা রাখলেও রাজনীতির মূল স্রোতে কোনো স্বীকৃতি মেলেনি তাদের। 

প্রসঙ্গত, অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) উত্তরাধিকার বহন করে ১৯৪৮ সালের ৬ মার্চ প্রতিষ্ঠিত হয় ‘পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি’। স্বাধীনতার পর ১৯৭৩ সালের দ্বিতীয় কংগ্রেসে ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ নামে নতুনভাবে যাত্রা শুরু করে দলটি। তবে দলের কংগ্রেসে রাষ্ট্রের চরিত্র মূল্যায়ন ও রাজনৈতিক কৌশলের প্রশ্নে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত পরবর্তী সময়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ১৯৭৫ সালে প্রবর্তিত বাকশালকে সিপিবি ‘সমাজতান্ত্রিক রূপান্তরের সূচনা’ হিসেবে সমর্থন জানায় এবং বাকশালের মধ্যে একীভূত হয়। একই বছরের ১৫ আগস্ট-পরবর্তী সামরিক শাসনামলে দমন-পীড়নে দলটি দুর্বলও হয়ে পড়ে। ১৯৭৬ সালের পর জিয়াউর রহমান সরকারের খাল কাটাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রতি তাদের সমর্থনসূচক অবস্থানও নতুন বিতর্কের জন্ম দেয়। ফলে সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক রাজনীতিতেও সিপিবি শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াতে পারেনি।

১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এলেও আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বিমুখী রাজনৈতিক মেরুকরণ ক্রমেই শক্তিশালী হতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত বাস্তবতায় রাজনৈতিক কৌশল পুনর্নির্ধারণ করতে গিয়ে সিপিবি ধীরে ধীরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক বলয়ের কাছাকাছি অবস্থান নেয়। সোভিয়েত ইউনিয়নের ভাঙনও দলটির ওপর ব্যাপক প্রতিক্রিয়া ফেলে। ফলে দলে আদর্শিক ও সাংগঠনিক মতপার্থক্য তীব্র হয়ে ওঠে। এরই পরিণতিতে ১৯৯৩ সালের ১৫ জুন দলটিতে বড় ধরনের বিভক্তি দেখা দেয়। মতাদর্শগত এই বিচ্ছেদ শুধু কেন্দ্রীয় নেতৃত্বেই সীমাবদ্ধ থাকেনি; এর প্রভাব পড়ে তৃণমূল সংগঠন, গণসংগঠন এবং দলীয় সাংগঠনিক কাঠামোতেও। বিভক্তির অভিঘাত সামলে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে ভয়াবহ বোমা হামলায় পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হন। ওই হামলা দলটির সাংগঠনিক মনোবল ও কার্যক্রমে বড় ধরনের আঘাত হানে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য থাকার পরও সিপিবি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও সামাজিক বাস্তবতার সঙ্গে নিজেদের আদর্শিক রাজনীতির কার্যকর সংযোগ গড়ে তুলতে পারেনি। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সিপিবির রাজনীতি ক্রমেই অতিমাত্রায় তাত্ত্বিক হয়ে পড়েছে; মানুষের দৈনন্দিন জীবনসংগ্রাম, অর্থনৈতিক বাস্তবতা ও সামাজিক প্রত্যাশার সঙ্গে সেই রাজনীতির কার্যকর সংযোগ তৈরি হয়নি। ফলে দলটির উত্থাপিত রাজনৈতিক দাবির সঙ্গে সাধারণ মানুষের বাস্তব চাহিদার ব্যবধান ক্রমেই বেড়েছে। বিপ্লবী রাজনৈতিক কৌশল থেকে সংসদীয় গণতন্ত্রের পথে এলেও তৃণমূল ভিত্তিক গণসংগঠনকে শক্তিশালী করা কিংবা মানুষের কাছে পৌঁছানোর কার্যকর রাজনৈতিক কৌশল গড়ে তুলতে পারেনি সিপিবি।’

মার্ক্সবাদকে দেশীয় বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে না পারাকেও তিনি দলটির অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখেন। তার ভাষায়, চীনে মাও সেতুং স্থানীয় বাস্তবতার আলোকে মার্ক্সবাদকে নতুনভাবে রূপ দিলেও সিপিবি সে ধরনের কোনো মৌলিক অভিযোজনের পথে হাঁটেনি; বরং সোভিয়েত ধারার মার্ক্সবাদ অনুসরণের প্রবণতাই বেশি ছিল।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সিপিবির নেতাকর্মী এবং দলটির সহযোগী ছাত্রসংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিলেও আন্দোলন-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় সেই অংশগ্রহণকে সাংগঠনিকভাবে ধারণ করতে পারেনি এ দল। এ বিষয়ে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে সিপিবি তৎকালীন সরকারের প্রতি এক ধরনের ‘সফট সমর্থন’ দিয়ে এসেছে। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করলেও সামগ্রিক রাজনৈতিক অবস্থান অনেক ক্ষেত্রেই স্বতন্ত্র সরকারবিরোধী শক্তি হিসেবে স্পষ্ট ছিল না। দলটির রাজনৈতিক অবস্থানে ভারতপন্থী প্রবণতার প্রতিফলনও দেখা গেছে। ফলে সাধারণ মানুষের কাছে সিপিবির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় ও গ্রহণযোগ্যতা ক্রমেই ক্ষয় হয়েছে।

তবে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপট নিয়ে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেন, ‘গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য উগ্র দক্ষিণপন্থী শক্তির দিকে চলে যায়। সাংগঠনিক শক্তিতে পিছিয়ে থাকায় বামপন্থীরা সেই পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পারেনি। অন্যদিকে দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী শক্তিগুলো সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি তৈরি করায় তারা দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে।’ তার পরও সংস্কার প্রক্রিয়ায় অংশ নিয়ে সিপিবি জনগণের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছে; যা ইতিবাচক বলে মনে করেন তিনি।

তবে সিপিবি সাংগঠনিকভাবে তৃণমূলে দুর্বল হয়ে পড়েছেÑ এমন সমালোচনা অস্বীকার করেছেন দলটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেন, ‘দলটি সরাসরি নয়, বরং কৃষক, শ্রমিকসহ বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে তৃণমূলে কাজ করে।’ তার দাবি, ‘বর্তমানে দেশের প্রায় ৩০০টি উপজেলায় সিপিবির কমিটি রয়েছে। সম্প্রতি দুই মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে ১০ হাজার সদস্যের মধ্যে প্রায় ৭ হাজার সদস্যের কাছে পৌঁছাতে পেরেছেন তারা।’ তবে বিভিন্ন গণমাধ্যমে সিপিবির কার্যক্রম পর্যাপ্ত প্রকাশ না পাওয়ায় সাধারণ মানুষের কাছেও তেমন দৃশ্যমান হয় না বলে মন্তব্য করেন তিনি। 

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সিপিবির সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরতে গিয়ে চন্দন বলেন, ‘১৮ জুলাই ছাত্র ইউনিয়নের নেতা রিজভী গুলিতে নিহত হন এবং সিরাজগঞ্জে দলের নেতা প্রদীপ কুমার ভৌমিকও নিহত হন।’ এ ছাড়া ২ আগস্ট ‘দ্রোহযাত্রা’ আয়োজনে সিপিবির ভূমিকা আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলেছিল বলে দাবি করেন তিনি। 

সিপিবি সমাজতান্ত্রিক বিপ্লব ও সাম্যবাদের কথা বললেও সংসদীয় রাজনীতিতে সক্রিয়; এটি সাংঘর্ষিক কি নাÑ এমন প্রশ্নের জবাবে সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এটি কোনো সাংঘর্ষিক বিষয় নয়। সিপিবির চূড়ান্ত লক্ষ্য এখনও সমাজতন্ত্র প্রতিষ্ঠা। সংসদীয় নির্বাচনে অংশ নেওয়া আমাদের কৌশলগত রাজনৈতিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের কাছে বিকল্প রাজনৈতিক কর্মসূচি তুলে ধরা হয় এবং সংসদের ভেতরে-বাইরে সমান্তরালভাবে গণসংগ্রাম চালানো হয়।’ 

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনও বলেন, ‘সিপিবির চূড়ান্ত লক্ষ্য সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠা। নির্বাচনকে আমরা কৌশলগত রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখি। কিন্তু মূল লক্ষ্য পরিবর্তিত হয়নি। বিপ্লব বা গণঅভ্যুত্থান ছাড়া সমাজ পরিবর্তনের অন্য কোনো পথ নেই।’

সিপিবিকে আওয়ামী লীগের ‘কালচারাল উইং’ হিসেবে আখ্যায়িত করার সমালোচনা প্রত্যাখ্যান করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘এই অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে সিপিবির অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করতেই এ ধরনের প্রচার চালানো হয়।’ দলটির সভাপতি চন্দনও এই আখ্যাকে ‘দীর্ঘদিনের রাজনৈতিক অপপ্রচার’ বলে উড়িয়ে দেন। তার দাবি, লুটেরা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই সিপিবি ও জনগণকে পরিকল্পিতভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলে আসছে।

১৯৯০-এর দশকের পর থেকে সংসদে সিপিবির প্রতিনিধিত্ব না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চন্দন বলেন, ‘১৯৯১ সাল পর্যন্ত দলটির ছয়জন সংসদ সদস্য ছিলেন। এরপর আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি স্বতন্ত্র বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার কৌশল গ্রহণ করা হয়। যার ফলে সাংগঠনিক ক্ষেত্রেও নানা পরিবর্তন ঘটে।’ তার মতে, ‘বিকল্প শক্তি প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রক্রিয়া। সিপিবি এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।’

নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণের ধারাবাহিকতায় ২০০৮ সালে নির্বাচন কমিশনে ‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’ নামে নিবন্ধন পায় দলটি। তাদের নির্বাচনী প্রতীক কাস্তে এবং নিবন্ধন নম্বর ৫। তবে নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার পরও জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য জনসমর্থন কিংবা সংসদীয় প্রতিনিধিত্ব অর্জন করতে পারেনি তারা। সংসদীয় রাজনীতিকে কৌশল হিসেবে গ্রহণ করলেও নির্বাচনী সাফল্যের অভাব দলটির সাংগঠনিক দুর্বলতা ও সীমিত জনভিত্তির বিষয়টিকেই স্পষ্ট করেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিপিবির বর্তমান সংকট শুধু দলীয় রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দীর্ঘদিনের দ্বিমুখী রাজনৈতিক মেরুকরণ, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আন্তর্জাতিক বাম রাজনীতির দুর্বলতা, শ্রমিক আন্দোলনের সংকোচন, গ্রামীণ সমাজে শ্রেণিভিত্তিক রাজনীতির সীমিত বিস্তার এবং পরিবর্তিত অর্থনৈতিক কাঠামোÑ সব মিলিয়ে বাংলাদেশের বাম রাজনীতির সামগ্রিক পরিসরই ক্রমাগত সংকুচিত হয়েছে। ফলে আদর্শিক অবস্থান অটুট রাখলেও সিপিবি রাজনৈতিকভাবে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা